Bhagwant Maanমুখ্যমন্ত্রী ভগবন্ত মান মদ খেয়ে অধিবেশনে যোগ দিয়েছেন। কংগ্রেসের এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল পঞ্জাব বিধানসভায়। মুখ্যমন্ত্রী মদ্যপান করে এসেছেন কি না তা নিশ্চিত করতে পরীক্ষা করানোর দাবিও তোলা হয় বিরোধীদের তরফে।
শ্রমিক দিবসে পঞ্জাবের বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। তাতে যোগ দিতে এসেছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। তখন বিরোধীরা অভিযোগ করতে থাকেন, মদ খেয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। সেই সুরে সুর মেলান সেই রাজ্যের বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া। কংগ্রেসের ওই নেতা দাবি করেন, যেহেতু বিধায়করা দাবি করছেন তাই মুখ্যমন্ত্রী মদ্যপ অবস্থায় এসেছেন কি না তার পরীক্ষা করা প্রয়োজন। না হলে অন্যায় হবে। বিধানসভার অপমান হবে। তাঁর কথায়, 'রাজ্যের মুখ্যমন্ত্রী যদি মদ খেয়েল আইনসভায় আসেন তাহলে তা উদ্বেগের।'
ভগবন্ত মানের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে শিরোমণি আকালি দল। বিধানসভা থেকে ভিডিও প্রকাশ করে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয় তাদের তরফে। শ্রমিক দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে মুখ্যমন্ত্রী নাকি মদ্যপ অবস্থায় অধিবেশনে উপস্থিত হয়েছিলেন, যা 'অত্যন্ত লজ্জাজনক'- বিবৃতি জারি করে তারা।
এদিকে এই অভিযোগকে সেভাবে আমল দেননি মুখ্যমন্ত্রী মান। তিনি জানান, শ্রমিক দিবসে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। তাতেই মনোনিবেশ করা উচিত। সভার কাজে বিঘ্ন ঘটাবার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, শ্রমিক দিবস উপলক্ষে ১ মে পঞ্জাবের শ্রমজীবী মানুষদের শ্রদ্ধা জানাতে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছে আম আদমি পার্টি সরকার। তবে এই বিশেষ অধিবেশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাজা ওয়ারিং। তাঁর দাবি, সরকারের মেয়াদ প্রায় শেষের পথে। তারা দুর্বল অবস্থায় রয়েছে। সেজন্য এখন অধিবেশন করে দলের বিধায়কদের একত্রিত করার চেষ্টা হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, এই অধিবেশন ডাকার সিদ্ধান্ত তখন সামনে আসে যখন আম আদমি পার্টির ৭ রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন।