অর্ধনারীশ্বরের ছবি পোস্ট করে কী বার্তা দিলেন কংগ্রেস নেতা?Rahul Gandhi Latest News: বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জাতপাতের মানসিকতা, লোভ এবং পুরুষতান্ত্রিক চিন্তাধারার অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা। রবিবার সোশ্যাল মিডিয়ায়(X০ এক পোস্টে এই মন্তব্য করেন। সঙ্গে শিব ও পার্বতীর অর্ধনারীশ্বর রূপের একটি ভাস্কর্যের ছবিও দেন।
BJP-RSS-কে কী বললেন রাহুল?
রবিবার X-এ রাহুল লেখেন, যাঁরা ভারতের আধ্যাত্মিক ও ধর্মীয় ঐতিহ্যকে প্রকৃত অর্থেই বুঝেছেন, তাঁদের কাছে পুরো বিষয়টি স্পষ্ট। তাঁর অভিযোগ, বিজেপি ও RSS কর্মীদের আসলে ভারতের ধর্মীয় এবং আধ্যাত্মিক ঐতিহ্য সম্পর্কে কোনও ধারণা নেই। তাঁরা অপসংস্কৃত, লোভ, জাতপাতের মানসিকতায় বিশ্বাসী। পুরুষতান্ত্রিক চিন্তাধারার মানুষ। কিন্তু ভারতের প্রাচীন ইতিহাস, আধ্যাত্মিকতা তাঁদের চিন্তাধারার তুলনায় কয়েক যোজন এগিয়ে।
এই মন্তব্যের পাশাপাশি মহারাষ্ট্রের এলিফ্যান্টা গুহার একটি অর্ধনারীশ্বর মূর্তির ছবি পোস্ট করেন।
অর্ধনারীশ্বরের ছবি দিয়ে কী বোঝাতে চাইলেন?
হিন্দু ধর্মীয় ঐতিহ্যে অর্ধনারীশ্বর হলেন শিব ও পার্বতীর এক মিলিত রূপ। এই রূপে শরীরের এক দিক পুরুষ এবং অন্য দিক নারী। এর মাধ্যমে শিব ও শক্তির মিলন বোঝানো হয়। নারী ও পুরুষের সমান গুরুত্ব এবং একে অপরের পরিপূরক হওয়ার ধারণাও এই রূপের সঙ্গে যুক্ত।
রাহুলের পোস্টে এই ছবির ব্যবহার বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এর আগে গত মঙ্গলবারও শিব-পার্বতীর একটি মন্দিরের ভাস্কর্যের ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই ছবিতে পার্বতীকে শিবের কোলে বসে থাকতে দেখা যায়।
সোনিয়া-রাজীবকে নিয়ে মন্তব্যের পরেই বিতর্ক
গত সপ্তাহে মা সোনিয়া গান্ধীর বই ‘Belonging: A Journey of Love’-এর প্রকাশ অনুষ্ঠানে বাবা-মায়ের সম্পর্ক নিয়ে শৈশবের একটি স্মৃতি শেয়ার করেছিলেন তিনি।
রাহুল জানিয়েছিলেন, ছোটবেলায় খেতে বসার সময় তাঁর মা সোনিয়া গান্ধী বাবা রাজীব গান্ধীর কোলে বসতেন। ভালবাসার সম্পর্কে এটি খুব স্বাভাবিক বলেই তিনি ছোট থেকে জানতেন। ভাবতেন সব স্বামী-স্ত্রীর মধ্যেই এমন মধুর সম্পর্ক থাকে। রাহুল জানান, ছোটবেলায় তিনি ভাবতেন, সবার বাবা-মা-ই বুঝি এমন। কিন্তু বন্ধুদের বাড়িতে গিয়ে অন্য ছবি দেখে অবাক হয়েছিলেন।
রাহুলের এই মন্তব্যের পরেই বিজেপির একাধিক নেতা তাঁকে আক্রমণ করেন।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও রাহুলের বক্তব্যের সমালোচনা করেছিলেন। তাঁর মন্তব্য, সোনিয়া গান্ধীকে অস্বস্তিতে ফেলেছেন রাহুল।
সমালোচনার জবাবে গত ১৭ নভেম্বর রাহুল বলেছিলেন, বিজেপি ও RSS সমর্থকদের মনে ভয়, রাগ এবং ঘৃণা এঁটে বসেছে। সেই কারণে তাঁরা ভালবাসার বহিঃপ্রকাশ করতে পারেন না, মানতেও পারেন না। একজন প্রকৃত হিন্দু হিসাবে তাঁদের এই মানসিকতা থেকে তিনি মুক্ত করতে চান বলেও মন্তব্য করেছিলেন।
এবার অর্ধনারীশ্বরের ছবি দিয়ে ফের BJP ও RSS-কে আক্রমণ করলেন কংগ্রেস নেতা।