Rahul Gandhi Education Career: রাহুল গান্ধীর পড়াশোনা কতদূর, কোথায় চাকরি করতেন? জেনে নিন বিস্তারিত

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই কংগ্রেস নেতা বর্তমানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে ব্যস্ত। এখন প্রশ্ন হল, কী ডিগ্রি রয়েছে রাহুলের? কতদূর পড়াশোনা? তিনি কী কাজ করতেন? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement
রাহুল গান্ধীর পড়াশোনা কতদূর, কোথায় চাকরি করতেন? জেনে নিন বিস্তারিতরাহুল গান্ধীর পড়াশোনা ও কেরিয়ার (ছবি: পিটিআই)
হাইলাইটস
  • লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী
  • এই কংগ্রেস নেতা বর্তমানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে ব্যস্ত
  • কী ডিগ্রি রয়েছে রাহুলের?

কংগ্রেসের রাহুল গান্ধী বর্তমানে লোকসভার বিরোধী দলনেতা। আর এখন তাঁকে ঘিরে চর্চা চলছে গোটা দেশে। নিবার্চন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলনে একবারে সামনের সারিতে রয়েছেন তিনি। বিরোধী ইন্ডিয়া জোটকে সঙ্গে নিয়েই প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছেন। যার ফলে রাহুল গান্ধীকে ঘিরে মানুষের মনে নতুন করে জিজ্ঞাসা তৈরি হচ্ছে। অনেকেরই প্রশ্ন, রাহুল গান্ধীর শিক্ষাগত যোগ্যতা ঠিক কী? পড়াশোনা কতদূর? কী ডিগ্রি রয়েছে তাঁর? রাজনীতিতে যোগ দেওয়ার আগে কোথায় কাজ করতেন? আসুন জেনে নেওয়া যাক।

বারবার স্কুল বদল
১৯৭০ সালের ১৯ জুন নতুন দিল্লিতে জন্ম রাহুল গান্ধীর। সেই সময় জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল গান্ধী পরিবার।

নয়াদিল্লির সেন্ট কলম্বাস স্কুলে তাঁর পড়াশোনা শুরু হয়। ১৯৮১ সালে তিনি দেরাদুনের দ্য দুন স্কুলে ভর্তি হন। সেখানে ১৯৮৩ সাল পর্যন্ত পড়াশোনা করেন রাহুল। তিনি বোর্ডিং স্কুলে পড়াশোনা করতেন। তাঁর সহপাঠীদের মধ্যে ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

যদিও এরই মধ্যে ছন্দপতন। ১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়। এরপরই গান্ধী পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অনেকটাই বেড়ে যায়। সেই কারণে রাহুল গান্ধী এবং তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে স্কুলে পাঠানো বন্ধ করে দেওয়া হয়। তবে পড়াশোনা বন্ধ হয়নি। বরং বাড়িতেই শিক্ষকদের তত্ত্বাবধানে পড়াশোনা করেন।

সাংবাদিক রশিদ কিদওয়াইয়ের লেখা ইন্ডিয়া টুডে-র একটি পুরনো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, সিবিএসই পরীক্ষায় ৬১ শতাংশ নম্বর পেয়েছিলেন রাহুল গান্ধী। এরপর ভর্তি হন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে। সেখানে স্পোর্টস কোটায় ভর্তি হয়েছিলেন।

এরপর উড়ান হার্ভার্ডে
স্কুলের পড়াশোনা শেষ করার পর সেন্ট স্টিফেন্স কলেজে ভর্তি হন রাহুল গান্ধী। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এই কলেজে ১৯৮৯-৯০ সাল পর্যন্ত ইতিহাস নিয়ে পড়াশোনা করেন তিনি।

তবে এরপর এখানে পড়াশোনা এগোয়নি। তিনি কোর্স ছেড়ে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চলে যান। সেখানে স্নাতক স্তরের পড়াশোনা চালিয়ে যাওয়ার প্ল্যান ছিল তাঁর।

Advertisement

কিন্তু ১৯৯১ সালের মে মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করা হয়। এরপর ফের রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর জেরে হার্ভার্ডে তাঁর পড়াশোনা মাঝপথেই থেমে যায়।

ফ্লোরিডার রোলিন্স কলেজ থেকে স্নাতক

এমন পরিস্থিতিতে হার্ভার্ড ছেড়ে রাহুল গান্ধী আমেরিকার ফ্লোরিডার উইন্টার পার্কের রোলিন্স কলেজে ভর্তি হন। সেখান থেকেই গ্র্যাজুয়েশন শেষ করেন তিনি। নিরাপত্তার কারণে নিজের পরিচয় গোপন রাখতে সেই সময় তিনি 'ভিঞ্চি' পদবি ব্যবহার করতেন বলেও জানা যায়।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল
স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পরও পড়াশোনা এগিয়ে নিয়ে গিয়েছেন আজকের বিরোধী দলনেতা। এরপর ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে ভর্তি হন রাহুল গান্ধী। সেখানে ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে মাস্টার অফ ফিলোজফি (এমফিল) ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে তিনি এই ডিগ্রি পান।

ভারত, আমেরিকা এবং ব্রিটেনে পড়াশোনার সুবাদে বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচিত তিনি। উচ্চশিক্ষা শেষ করেই পর কেরিয়ার শুরু করেন রাহুল গান্ধী।

রাজনীতিতে আসার আগে কোথায় কাজ করতেন রাহুল?
পড়াশোনা শেষ করে বসে থাকেননি রাহুল। প্রায় তিন বছর লন্ডনে মনিটর গ্রুপ নামে একটি আন্তর্জাতিক ম্যানেজমেন্ট কনসালটিং সংস্থায় কাজ করেন। হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপক মাইকেল পোর্টার এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন।

এরপর ২০০২ সালে দেশে ফেরেন। মুম্বইয়ে ব্যাকঅপস সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে একটি টেকনোলজি আউটসোর্সিং ও কনসালট্যান্সি কোম্পানি যুগ্মভাবে তৈরি করেন। সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার আগে ওই সংস্থার অন্যতম ডিরেক্টর হিসেবেও কাজ করেছিলেন তিনি।

এরপরই রাজনৈতিক কেরিয়ার শুরু হয় রাহুলের। ধীরে ধীরে হয়ে উঠেছেন দেশের বিরোধী দলনেতা। 

 

POST A COMMENT
Advertisement