Rahul Gandhi-Amit Shah : অমিত শাহকে নিয়ে মন্তব্যের জের, আট বছর পর মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল

অভিযোগকারীর আইনজীবী আদালতে রাহুল গান্ধীর দোষী সাব্যস্ত হওয়ার পক্ষে সওয়াল করেন। তাঁর যুক্তি ছিল, রাহুল নিজেই মন্তব্য করার কথা স্বীকার করেছেন। তাই তাঁকে দোষী ঘোষণা করা উচিত।

Advertisement
অমিত শাহকে নিয়ে মন্তব্যের জের, আট বছর পর মানহানির মামলায় বেকসুর খালাস রাহুলকোর্টে রাহুল গান্ধী
হাইলাইটস
  • ২০১৮ সালের ৪ অগাস্ট বিজেপি নেতা বিজয় মিশ্র এই অভিযোগ দায়ের করেছিলেন
  • তিনি সুলতানপুর জেলা সমবায় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান।

উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ MP/MLA আদালতে বেকসুর খালাস পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মন্তব্যের জেরে ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মানহানির মামলায় সোমবার এই রায় দেয় আদালত। পর্যাপ্ত প্রমাণের অভাবে রাহুলকে খালাস করা হয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা। আদালতের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন তাঁর সমর্থকরা। কংগ্রেসের তরফে প্রতিক্রিয়া, ‘সত্যেরই জয় হয়’।

২০১৮ সালের ৪ অগাস্ট বিজেপি নেতা বিজয় মিশ্র এই অভিযোগ দায়ের করেছিলেন। তিনি সুলতানপুর জেলা সমবায় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান। অভিযোগ, ২০১৮ সালের কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরুতে একটি নির্বাচনী সভায় অমিত শাহকে নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। সেই মন্তব্যকে কেন্দ্র করেই মানহানির মামলা দায়ের হয়েছিল।

মামলার চূড়ান্ত শুনানিতে রাহুল গান্ধীর আইনজীবী স্বীকার করেন, কংগ্রেস নেতা ওই মন্তব্য করেছিলেন। তবে তাঁর যুক্তি ছিল, কাউকে অপমান করার উদ্দেশ্যে বা বিদ্বেষ থেকে মন্তব্যটি করা হয়নি। পাশাপাশি, বক্তব্যকে বিকৃত করে প্রেক্ষাপটের বাইরে তুলে ধরা হয়েছে বলেও দাবি করে রাহুলের পক্ষ।


অন্যদিকে, অভিযোগকারীর আইনজীবী আদালতে রাহুল গান্ধীর দোষী সাব্যস্ত হওয়ার পক্ষে সওয়াল করেন। তাঁর যুক্তি ছিল, রাহুল নিজেই মন্তব্য করার কথা স্বীকার করেছেন। তাই তাঁকে দোষী ঘোষণা করা উচিত। দুই পক্ষের বক্তব্য শোনার পর রায় সংরক্ষিত রাখে আদালত। সোমবার বিশেষ ম্যাজিস্ট্রেট শুভম বর্মা রাহুল গান্ধীকে বেকসুর খালাস করেন।

আট বছর ধরে চলেছে মামলা

২০১৮ সালে মামলা দায়েরের পর একাধিক ধাপ পেরিয়েছে বিচারপ্রক্রিয়া। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন রাহুল গান্ধী। পরে তাঁকে জামিন দেওয়া হয়। ওই বছরের ২৬ জুলাই তাঁর বয়ান রেকর্ড করা হয়। অভিযোগকারী এবং অন্য সাক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।

২০২৬ সালের মার্চে রাহুলের কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখার আবেদন করা হয়েছিল। মে মাসে নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে। পরে জেলা আদালত জুলাইয়ে এবং এলাহাবাদ হাইকোর্ট সেপ্টেম্বরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দেয়।

Advertisement

মামলায় চূড়ান্ত সওয়াল-জবাব শুরু হয় ৬ অক্টোবর এবং শেষ হয় ১২ অক্টোবর। প্রথমে ১৩ অক্টোবর রায় ঘোষণার কথা থাকলেও পরে ২৬ অক্টোবর দিন ধার্য করা হয়। সেই দিনই আদালতে হাজির হন রাহুল এবং খালাস পান।

রাহুলের কনভয়ে দুর্ঘটনা

এদিকে সোমবার সকালে আদালতে যাওয়ার পথেও দুর্ঘটনার মুখে পড়ে রাহুল গান্ধীর কনভয়ের পিছনে থাকা কয়েকটি গাড়ি। লখনউ থেকে সুলতানপুর যাওয়ার পথে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে সকাল প্রায় ১০টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের ৮৯.৫ কিলোমিটার পয়েন্টের কাছে হালিয়াপুর থানা এলাকার মধ্যে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, কনভয়ের সামনের দিকে থাকা স্থানীয় কংগ্রেস নেতাদের একটি ব্যক্তিগত গাড়ি কোনও এক কারণে আচমকা ব্রেক কষে। এর জেরে পিছনে থাকা গাড়িগুলির মধ্যে ধাক্কাধাক্কি হয়।

তবে রাহুল গান্ধীর কিছু হয়নি। তিনি নিরাপদ ছিলেন। কিছুক্ষণের মধ্যেই কনভয় ফের সুলতানপুরের দিকে রওনা দেয়। আদালতে যাওয়ার সময় নিরাপত্তার জন্য কনভয়ের সঙ্গে পুলিশও ছিল।

POST A COMMENT
Advertisement