
ছবি সৌজন্য : গিরিরাজ সিংয়ের এক্স হ্যান্ডেল এক মহিলা এবং কিশোরের সঙ্গে নৌকায় বসে রাহুল গান্ধী। আর সেই ছবি এখন ভাইরাল। কে সেই মহিলা, সঙ্গে থাকা ছেলেটিই বা কে? তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনেতিক মহলে। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং এই ছবিটি পোস্ট করেছেন তাঁর এক্স হ্যান্ডেলে। তার জেরেই তা প্রকাশ্যে চলে আসে।
গিরিরাজ সিং এক্স হ্যান্ডেলে ছবিটি পোস্ট করে লেখেন, 'রাহুলজি, এই ছবিটি কোথায় তোলা হয়েছিল, কবে তোলা হয়েছিল এবং ছবিতে আপনার সঙ্গে যাঁরা রয়েছেন তাঁরা কারা? আমি জানতে আগ্রহী!'
বিদেশ সফর নিয়ে বিজেপির সমালোচনার মুখে প্রায়ই পড়তে হয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। গত জুন-জুলাই মাসে তাঁর তিন সপ্তাহের বিদেশ সফর নিয়েও বিজেপি তীব্র আক্রমণ করেছিল। তবে গিরিরাজ সিং যে ছবিটি শেয়ার করেছেন, সেটি তাঁর সাম্প্রতিক বিদেশ সফরের কি না, তা এখনও জানা যায়নি।
কেন্দ্রীয় মন্ত্রীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, একটি নৌকায় বেশ হাসিখুশি মেজাজে রয়েছেন রাহুল গান্ধী। তাঁর পাশে রয়েছেন মাথায় স্কার্ফ ও চোখে সানগ্লাস পরা এক মহিলা এবং এক কিশোর। নীল রঙের ফুলহাতা সাঁতারের পোশাক পরা শিশুটি রাহুল ও ওই মহিলার মাঝখানে বসে রয়েছে।

রাহুলের ভাইরাল ছবি নিয়ে কংগ্রেসের ব্যাখ্যা
ছবিটি প্রকাশ্যে আসার পর তা নিয়ে প্রবল কৌতূহল ও জল্পনা তৈরি হয়। এরপর ছবিটির ব্যাখ্যা দেয় কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়, ছবিতে থাকা মহিলা ও শিশুটি রাহুল গান্ধীর এক বন্ধুর স্ত্রী ও ছেলে।
গিরিরাজ সিংকেও আক্রমণ করা হয় কংগ্রেসের তরফে। তাঁর মনোভাব কুরুচিকর বলে আক্রমণ করেন কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে। বলেন, 'ছবিতে যাঁদের দেখা যাচ্ছে, তাঁরা রাহুলের বন্ধুর স্ত্রী ও সন্তান। তাঁরা একসঙ্গে পারিবারিক ছুটি কাটাতে গিয়েছিলেন। রাহুলের সেই বন্ধু ছবিতে নেই।'
শ্রীনাতে X-এ আরও লেখেন, 'আপনি এমন একজন কুরুচিপূর্ণ মানসিকতার মানুষ, যিনি একজন মহিলা ও একজন পুরুষকে একসঙ্গে দেখলেই শুধু নোংরা চিন্তা করতে পারেন... নিজের হতাশাকে নিজের উপর প্রভাব ফেলতে দেবেন না।'
ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের (IOC) সোশ্যাল মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত অভি দান্ডিয়া ছবিটি সম্পর্কে আরও তথ্য দেন। তিনি বলেন, 'এই ছবিটি টেক্সাসের লেক রে রবার্টসে তোলা হয়েছিল... গিরিরাজ সিং, এটি সত্যি কি না, আপনি নিজেই খুঁজে বের করতে পারেন।' আবার প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভি-ও কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ করে বলেন, 'বৃদ্ধ বয়সে কৌতূহল ভালো বিষয় নয়... একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন।'
রাহুলের বিদেশ সফর নিয়ে বিজেপির প্রশ্ন
প্রসঙ্গত, সংসদের বাদল অধিবেশন শুরুর কয়েক দিন আগে ভারতে ফেরেন কংগ্রেস সাংসদ রাহুল। গত মাসে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য X-এ লিখেছিলেন, '২২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত রাহুল গান্ধীর বিদেশ সফর এখনও রহস্যে ঢাকা। তিনি কোথায় গিয়েছিলেন? কার সঙ্গে দেখা করেছিলেন? তাঁর সফর ও থাকার খরচ কে দিয়েছিল?' তারপরই ছবি পোস্ট করে একাধিক প্রশ্ন তুললেন গিরিরাজ।