Madan Rathore Pakistan Statement: 'আমেরিকা-পাকিস্তান যুদ্ধে আমরা পাকিস্তানের পাশে', রাজস্থান BJP সভাপতির মন্তব্যে তোলপাড়

পাকিস্তান ও আমেরিকার মধ্যে যুদ্ধ হলে ভারত কার পক্ষে থাকবে? কার পাশে থাকবে? রাজস্থান বিজেপির সভাপতি মদন রাঠোরের মতে, এক্ষেত্রে ইসলামাবাদের পাশে দাঁড়াবে ভারত। তাঁর মন্তব্যেই তোলপাড় শুরু হয়েছে।

Advertisement
'পাকিস্তান-আমেরিকা যুদ্ধে আমরা পাকিস্তানের পাশে', রাজস্থান BJP সভাপতির মন্তব্যে বিতর্কপাকিস্তান নিয়ে কী বললেন রাজস্থান বিজেপির সভাপতি মদন রাঠোর?
হাইলাইটস
  • পাকিস্তান ও আমেরিকার মধ্যে যুদ্ধ হলে ভারত কার পক্ষে থাকবে?
  • রাজস্থান বিজেপির সভাপতি মদন রাঠোরের মতে, এক্ষেত্রে ইসলামাবাদের পাশে দাঁড়াবে ভারত
  • তাঁর মন্তব্যেই তোলপাড় শুরু হয়েছে

আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে ঠিক কী করবে ভারত? আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বিতর্ক সৃষ্টি করেছেন রাজস্থান বিজেপির সভাপতি মদন রাঠোর। তাঁর মতে, আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে ভারত ইসলামাবাদের পাশে দাঁড়াবে। আর তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। তাঁকে নিশানা করছেন বিরোধীরাও।

ঠিক কী বলেছেন?
মদন রাঠোর বলেন, 'আমাদের সকলের একটা বিষয় বোঝা দরকার। দেখুন, ভারতের প্রসঙ্গে বলতে চাই, আজ যদি আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, তা হলে আমরা পাকিস্তানের পাশে থাকব। কারণ তারা আমাদের প্রতিবেশী দেশ।'

তবে এরপরই আরও একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন তিনি। তাঁর দাবি, 'নিজেদের মধ্যে কোনও সমস্যা হলে আমরা ভারতের পাশেই থাকব। তাই তো? আমাদের এই বিষয়টিই বুঝতে হবে।'

আর রাঠোরের এই মন্তব্যের পরেই কংগ্রেস তীব্র সমালোচনা শুরু হয়েছে। কংগ্রেস নেতারা এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন।

বিজেপিকে নিশানা কংগ্রেসের
এই মন্তব্যের পরই কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ রাঠোরের মন্তব্যকে 'দেশবিরোধী' বলে কটাক্ষ করেন। রাজস্থান বিজেপির সভাপতির বিরুদ্ধে দল কী পদক্ষেপ করবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

শামা বলেন, 'আমাদের জওয়ান ও সাধারণ মানুষকে হত্যা করা সন্ত্রাসবাদী দেশ পাকিস্তান। তাদের প্রতি বিজেপির ভালোবাসা আবারও সামনে এসেছে। রাজস্থান বিজেপির সভাপতি মদন রাঠোর বলেছেন, আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে তিনি পাকিস্তানের পাশে থাকবেন।'

তিনি আরও প্রশ্ন করেন, 'নরেন্দ্র মোদী ও অমিত শাহও কি পাকিস্তানের পাশে রয়েছেন? যদি তা না হয়, তা হলে এই দেশবিরোধী ব্যক্তির বিরুদ্ধে কী পদক্ষেপ করা হচ্ছে, তা জানানো হোক।'

কংগ্রেসের ন্যাশনাল কোঅর্ডিনেটর সন্দীপ গুপ্তও রাঠোরের মন্তব্যের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, এই মন্তব্যের মাধ্যমে পাকিস্তানের প্রতি বিজেপির অনুরাগ প্রকাশ্যে এসেছে। পাকিস্তানকে 'সন্ত্রাসবাদী দেশ' বলেও উল্লেখ করেন তিনি।

Advertisement

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ সন্দীপ লেখেন, 'আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে আমরা পাকিস্তানের পাশে থাকব, বলেছেন রাজস্থান বিজেপির সভাপতি মদন রাঠোর। আবারও প্রকাশ্যে এল সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানের প্রতি বিজেপির ভালোবাসা। বিজেপি পাকিস্তানকে ভালোবাসে!'

সরব আপ
মদন রাঠোরের বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আম আদমি পার্টির নেতারাও। আপ-এর যুব শাখার রাজ্য সভাপতি তথা দলের দিল্লি ইউনিটের সঙ্গে যুক্ত রমেশ মাতিয়ালা এবং আপ নেতা বিনয় মহাবল মিশ্র কোনও কমেন্ট না করেই ওই ভিডিও পোস্ট করেন।

সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার ঝড়
ওদিকে মদন রাঠোরের এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়াতেও সমালোচনা শুরু হয়েছে। তাঁর এই ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু নেটিজেন। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। মদনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না। 

 

POST A COMMENT
Advertisement