রাজস্থান পঞ্চায়েত ভোটের ফলাফলমাত্র কয়েক মাস আগেই পুরভোটে কংগ্রেসকে ধুয়েমুছে সাফ করে দিয়েছিল BJP। আর সেই রাজস্থানের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ভোটের ফলাফল শুক্রবার চমকপ্রদ। কী ভাবে খেলা ঘুরিয়ে দিল কংগ্রেস? রাজস্থানে শাসকদলের এই ধাক্কা খাওয়ার নেপথ্যে কী কী কারণ?
রাজস্থানের রাজ্য নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, কংগ্রেস জিতেছে ২৯৯০ পঞ্চায়েত সমিতি আসন। BJPজিতেছে ১৭৯৫টি। জেলা পরিষদেও কংগ্রেস পেয়েছে ১৪৩টি আসন আর সেখানে BJP-র ঝুলিতে ৮৩টি।
BJP-র প্রাক্তন জোটসঙ্গী দল হনুমান বেনিওয়ালের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (RLP) ৪৩৮টি পঞ্চায়েত সমিতি আসন জিতেছে। সঙ্গে রয়েছে ৪টি জেলা পরিষদ আসনও। গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নির্দল প্রার্থীদেরও। তারা পেয়েছে ৫১৬টি পঞ্চায়েত সমিতি আসন।
২০২০-২১ পঞ্চায়েত ভোটের ট্রেন্ড উল্টে দিয়েছে কংগ্রেস
২০২০-২১ সালের পঞ্চায়েত ভোটের ট্রেন্ড উল্টে দিয়েছে কংগ্রেস। ২০২০ সালের পঞ্চায়েত ভোটে ২১ জেলায় BJP ৬৩৬টি জেলা পরিষদ আসনের মধ্যে ৩৫৩টি পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল ২৫২। পুরভোটেও ১৪-১৫টি বোর্ড দখল করেছিল BJP, কংগ্রেস পেয়েছিল ৫টি। পঞ্চায়েত সমিতি ভোটেও BJP জিতেঠিল ১৯৮৯টি এবং কংগ্রেস ১৮৫২টি।
BJP শীর্ষনেতার বিরুদ্ধে ক্ষোভ
পঞ্চায়েত ভোটে BJP-র শীর্ষনেতৃত্বের উপর মানুষের ক্ষোভ প্রতিফলিত হয়েছে। শিকরে রাজ্যের পুরমন্ত্রী ঝাবর সিং খাররার স্ত্রী শান্তি দেবী এবং ছেলে অজয় সিং হেরেছেন। তাঁর অপর ছেলে দুর্গা সিং নির্দল হিসেবে লড়েও হেরেছেন। মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরের ঝোতওয়ারাতে BJP জিতেছে মাত্র ১৫টি আসন। উল্টোদিকে কংগ্রেসের প্রদেশ সভাপতি গোবিন্দ সিং দোতাসরা নিজের হোমটাউন শিকরে ভাল ফল এনে দিয়েছেন। সচিন পাইলটের টঙেও ভাল ফল করেছে হাত শিবির।
বড় জয় RLP-র
বড়সড় লাভবান হয়েছে RLP। পঞ্চায়েত সমিতিতে জিতেছে ৪৩৮টি আসন। ৪টি জেলা পরিষদে। ২০২০ সালে BJP-র সঙ্গে জোটে লড়েছিল তারা জিতেছিল মোটে ৬০টি পঞ্চায়েত সমিতির আসন। নাগাউরে BJP-র থেকে বেশি ভোট পেয়ে জেলা প্রধানের পদও পেয়েছে এই দল। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার বিধানসভা কেন্দ্রেও তারা লাভবান হয়েছে।
জয়পুর কংগ্রেসের পকেটে
জয়পুরে ২২টির মধ্যে ১৪টি পঞ্চায়েত সমিতি জিতেছে কংগ্রেস। BJP নেতা রাজেন্দ্র রাঠোরের ছেলে পরাক্রম সিং যদিও জেলা পরিষদের ৩৯ নম্বর ওয়ার্ডে ১৭ হাজার ৮৬১ ভোটে জিতেছেন। তাঁর পুত্রবধূ কনিকা সিং ২৩ নম্বর ওয়ার্ডে জিতেছেন ২৩৮৪ ভোটে।
কিংমেকার ছোট রাজনৈতিক দলগুলি
নির্দল এবং আঞ্চলিক দলগুলি কিংমেকারের ভূমিকা পালন করেছে এ ক্ষেত্রে। মোট ৫১৬টি পঞ্চায়েত সমিতি আসন জিতেছে নির্দলরা। ভারত আদিবাসী পার্টি জিতেছে ২১৫টি আসন, CPIM জিতেছে ৫০টি, BSP ৪৪ এবং AAP ২টি।