রাজস্থানের পঞ্চায়েত ভোটের ফলরাজস্থানে পঞ্চায়েত নির্বাচনের ফল বড় ধাক্কা দিল বিজেপিকে। জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি, দুই নির্বাচনেই দুর্দান্ত ফল করে এগিয়ে গিয়েছে কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে হনুমান বেনিওয়ালের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (RLP) এবং রাজকুমার রোটের ভারত আদিবাসী পার্টির (BAP) মতো ছোট দলগুলিও নজরকাড়া ফল করেছে। ফলে রাজ্যের রাজনৈতিক সমীকরণ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা-সহ কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক হেভিওয়েট মন্ত্রীর এলাকায়ও হারতে হয়েছে বিজেপিকে।
জেলা পরিষদের ৩৭টি আসনের মধ্যে ২৫টিতে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে ৮টিতে। নির্দল ও অন্যান্যরা ৩টি আসনে এগিয়ে। পঞ্চায়েত সমিতির মোট ৪১৯টি আসনের মধ্যে ২১৩টিতে জয় পেয়েছে কংগ্রেস। বিজেপি জিতেছে ৮৫টিতে। নির্দল প্রার্থীদের দখলে গিয়েছে ৫৬টি পঞ্চায়েত সমিতি। অর্থাৎ মাসখানেক আগেও যে কংগ্রেসকে নিয়ে মিম তৈরি হচ্ছিল, রাজস্থানে সেই কংগ্রেসই বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে।
বিজেপির গড়েই কংগ্রেসের জয়
রাজস্থানের গ্রামীণ এলাকার প্রায় ২ কোটি ৪৮ লক্ষ ভোটার। মেওয়াড় এবং মারওয়াড়ে দুর্দান্ত ফল করেছে কংগ্রেস। জয়পুর, যোধপুর, বিকানের এবং ভিলওয়াড়ার মতো বড় জেলাগুলিতে জেলা পরিষদের প্রধানের আসনে প্রত্যাবর্তন ঘটেছে হাত শিবিরের। আজমেঢ়ের আসনটি গিয়েছে বিজেপির দখলে। অন্যদিকে উদয়পুরে কোনও রকমে মুখরক্ষা হয়েছে পদ্ম শিবিরের। চিতোরগড়, সিরোহি, রাজসমন্দ এবং জালোরের মতো বিজেপির শক্ত ঘাঁটিতেও বিপুল জয় পেয়েছে কংগ্রেস। সবমিলিয়ে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার কাছে এই ফল বড় ধাক্কা। .
মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রীদের কেন্দ্রেও হার
সবচেয়ে বেশি চর্চা হচ্ছে সিকার জেলা নিয়ে। সেখানে রাজ্য সরকারের নগরোন্নয়ন মন্ত্রী ঝাবর সিং খাররার স্ত্রী এবং দুই ছেলে স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মন্ত্রীর স্ত্রী ও এক ছেলে বিজেপির টিকিটে লড়েন। অন্য ছেলে নির্দল প্রার্থী হিসেবে ভাগ্য পরীক্ষা করেন। কিন্তু মন্ত্রীর পরিবারের সদস্যরা কেউই জয়ের মুখ দেখতে পারেনি। বিজেপি আরও একটি ধাক্কা খেয়েছে জয়পুরের ঝোটওয়াড়া থেকে। রাজস্থান সরকারের শিল্পমন্ত্রী রাজবর্ধন সিং রাঠৌরের বিধানসভা কেন্দ্র এটি। এখানকার পঞ্চায়েত সমিতিতে মোট ১৫টি আসন রয়েছে। তার মধ্যে বিজেপি জিতেছে মাত্র একটিতে।
মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার বিধানসভা কেন্দ্র সাঙ্গানেরের পঞ্চায়েত সমিতি দখল করেছে আরএলপি। অন্যদিকে তাঁর নিজের জেলা ভরতপুরের জেলা পরিষদ নির্বাচনে বাজিমাত করেছে কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের লোকসভা কেন্দ্র যোধপুর, অর্জুন রাম মেঘওয়ালের বিকানের এবং ভূপেন্দ্র যাদবের আলওয়াররেও হারতে হয়েছে বিজেপিকে। ওই ৩ এলাকায় জয় পেয়েছে কংগ্রেস।
কেন হার বিজেপির?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পঞ্চায়েত নির্বাচনে নিজেদের মূল ভোটব্যাঙ্ক তফসিলি জাতি, জাঠ, গুজ্জর এবং মীণা সম্প্রদায়ের পাশাপাশি বিজেপির চিরাচরিত রাজপুত ভোটব্যাঙ্কেও থাবা বসিয়েছে কংগ্রেস। এই সামাজিক সমীকরণই তাদের বিপুল জয়ের কারণ। পঞ্চায়েত নির্বাচনের আগে নির্দল বিধায়ক রবীন্দ্র সিং ভাটির ইউজিসি বিরোধী মিছিলের প্রভাবও গ্রামীণ নির্বাচনের ফলে স্পষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি হনুমান বেনিওয়াল এবং রাজকুমার রোটের নেতৃত্বাধীন দলগুলিও জিতেছে বহু আসনে। ফলে ভোট কাটাকাটিও হয়েছে।