রাজস্থানের পঞ্চায়েত ভোটে ঘুরে দাঁড়াল কংগ্রেসরাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত কামব্যাক কংগ্রেসের। ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে বড় ধাক্কা দিল তারা। যদিও এখনও ফাইনাল রেজাল্ট সামনে আসেনি। তবে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি, দুই জায়গাতেই ভাল ব্যবধানে এগিয়ে রয়েছে কংগ্রেস।
বিশেষজ্ঞদের একাংশের দাবি, এই ফলাফল কংগ্রেসকে অবশ্যই অক্সিজেন জোগাবে। এই সাফল্যকে হাতিয়ার করে ভজনলাল শর্মার সরকারের বিরুদ্ধে কৃষক ও গ্রামীণ ভোটারদের অসন্তোষের অভিযোগ আরও জোরালো করতে পারবে হাত শিবির।
ঠিক কী ফল হয়েছে?
রাজস্থানের মোট ৩৭টি জেলা পরিষদের মধ্যে ২৫টিতে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে কংগ্রেস। অন্যদিকে, মাত্র ৮টি জেলা পরিষদে এগিয়ে বিজেপি।
শুধু জেলা পরিষদ নয়, পঞ্চায়েত সমিতির নির্বাচনেও এগিয়ে রয়েছে কংগ্রেস। মোট ৪১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২১৩টিতে এগিয়ে হাত শিবির। অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে ৮৫টিতে। আবার নির্দল প্রার্থীরা এগিয়ে রয়েছেন মাত্র ৫৬টি পঞ্চায়েত সমিতিতে।
যদিও ছোট দলগুলির মধ্যে হনুমান বেনিওয়ালের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (RLP) এবং ভারত আদিবাসী পার্টি (BAP)-ও ভাল ফল করেছে।
সব মিলিয়ে রাজস্থানের ৪১টি জেলার মধ্যে ৩৭টি জেলায় ৭,৫৪৩টি পঞ্চায়েত সমিতির আসন এবং ১,২৭৫টি জেলা পরিষদের আসনে ভোট গণনা চলছে। অবশ্য বাকি চারটি জেলার ফল ডিসেম্বর মাসে ঘোষণা করা হবে। কারণ, ওই জেলাগুলির বর্তমান জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিগুলির পাঁচ বছরের মেয়াদ আগামী মাসে শেষ হচ্ছে।
কেমন ফল হল বিজেপি ও কংগ্রেসের?
বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মেওয়ার এবং মারওয়ার অঞ্চলে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে কংগ্রেস। জয়পুর, যোধপুর, বিকানের এবং ভিলওয়ারায় জেলা প্রধানের পদ ছিনিয়ে নিয়েছে তারা। অন্যদিকে, আজমেরে নিজেদের দখল বজায় রেখেছে বিজেপি। উদয়পুরেও অল্পের জন্য পরাজয় এড়িয়ে গিয়েছে গেরুয়া শিবির। চিতোরগড়, সিরোহি, রাজসমন্দ এবং জালোরের মতো বিজেপির শক্ত ঘাঁটিতেও ভাল ফল করেছে কংগ্রেস।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রীদের নিজেদের এলাকাতেও জমি হারিয়েছে বিজেপি।
মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র সাঙ্গানেরের পঞ্চায়েত সমিতি দখল করেছে RLP। অন্যদিকে, ভজনলাল শর্মার নিজের জেলা ভরতপুরে জয় পেয়েছে কংগ্রেস।
কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের লোকসভা কেন্দ্র যোধপুর এবং কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের লোকসভা কেন্দ্র বিকানেরেও ধাক্কা খেয়েছে বিজেপি।
রাজস্থানের নগরোন্নয়ন মন্ত্রী ঝাবর সিং খারার স্ত্রী এবং দুই ছেলেকেও হারতে হয়েছে। শ্রীমাধোপুর পঞ্চায়েত সমিতির ১৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর কাছে হেরেছেন খারার স্ত্রী শান্তি দেবী। তাঁর দুই ছেলেও ১৯ এবং ২০ নম্বর ওয়ার্ডে পরাজিত হয়েছেন।
এছাড়া শিল্পমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরের ঝোটওয়ারা এলাকায় মাত্র একটি আসনে জয় পেয়েছে বিজেপি।
অন্যদিকে, রাজ্য কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারার এলাকা সিকার এবং শচীন পাইলটের শক্ত ঘাঁটি টঙ্কেও ভাল ফল করেছে কংগ্রেস।
বিধানসভা নির্বাচনের আগে ঠিক কী পরিস্থিতি?
পঞ্চায়েত ভোটে দারুণ ফল করেছে কংগ্রেস। যার জেরে অনেকেরই প্রশ্ন, ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ফলাফল কংগ্রেস ও বিজেপির কাছে কী বার্তা দিচ্ছে?
বিশেষজ্ঞদের মতে, নিঃসন্দেহে এটি বিজেপির কাছে বড় ধাক্কা। তিন বছর আগে ২০০টি বিধানসভা আসনের মধ্যে ১১৫টিতে জয়ী হয়েছে তারা। কংগ্রেসের হাত থেকে রাজস্থানের ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল বিজেপি। সেই জয়ের পর পঞ্চায়েত নির্বাচনে এই ফলাফল গেরুয়া শিবিরের কাছে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
এই ফলাফল মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার কাছেও ব্যক্তিগত ধাক্কা বলে মনে করা হচ্ছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব বর্ষীয়ান নেত্রী বসুন্ধরা রাজের পরিবর্তে তাঁকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল। ফলে এই নির্বাচনী ফল তাঁর নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলতে পারে।
গত সেপ্টেম্বর মাসে পুরসভা নির্বাচনে কংগ্রেসের তুলনায় ভাল ফল করেছিল বিজেপি। তবে দুই দলের ভোটের হারের ব্যবধান ছিল মাত্র ০.৯১ শতাংশ।
পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, তফসিলি জাতি, জাঠ, গুজ্জর এবং মীনা সম্প্রদায়ের মধ্যে নিজেদের সমর্থন আরও মজবুত করতে পেরেছে কংগ্রেস শিবির।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বিজেপির অনুগত ভোটব্যাঙ্ক হিসেবে পরিচিত রাজপুত সম্প্রদায়ের ভোটেও এবার থাবা বসাতে পেরেছে কংগ্রেস। এখন দেখার ২০২৮ সালের ভোটে ঠিক কী হয়।