Ram Mandir: নতুন CEO নিচ্ছে রাম মন্দির, জানুন যোগ্যতা ও জব প্রোফাইল, কোথায় CV পাঠাবেন?

রাম মন্দির নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার খুঁজছে। রি বিতর্কের পর কোটি কোটি ভক্তের হারানো আস্থা ফিরিয়ে আনতে বিশেষ নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে অযোধ্যা। আবেদন করতে কী যোগ্যতা লাগবে? জব প্রোফাইল কী? কোথায়-কীভাবে আবেদন করবেন?

Advertisement
নতুন CEO নিচ্ছে রাম মন্দির, জানুন যোগ্যতা ও জব প্রোফাইল, কোথায় CV পাঠাবেন?রাম মন্দিরে CEO পদে চাকরি
হাইলাইটস
  • নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার খুঁজছে রাম মন্দির
  • ভক্তের হারানো আস্থা ফিরিয়ে আনতে বিশেষ নিয়োগ প্রক্রিয়া
  • আবেদন করতে কী যোগ্যতা লাগবে? জব প্রোফাইল কী?

অযোধ্যার শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) খোঁজার প্রক্রিয়া শুরু করেছে। নির্বাচন কমিটির সদস্যদের বক্তব্য, এই নিয়োগে শুধু প্রশাসনিক দক্ষতা নয়, সাম্প্রতিক অনুদান চুরি বিতর্কের পর কোটি কোটি ভক্তের হারানো আস্থা ফিরিয়ে আনতে বিশেষ নিয়োগ শুরু হল রাম মন্দিরে। 

রাম মন্দিরের জন্য চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার অনুরোধ করা হয়েছে।  আবেদন করতে CV মেল করতে হবে searchcommittee.srjbt@gmail.com-এ। 

কী যোগ্যতা লাগবে রাম মন্দিরের CEO হতে? 
> আবেদনকারীকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে।
> বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে।
> কোনও বড় সংস্থায় ম্যানেজমেন্ট কিংবা ফিন্যান্সের দায়িত্বে অন্তত ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
> প্রার্থীকে হিন্দু ধর্মাবলম্বী হতে হবে।
> হিন্দি ও ইংরেজি ভাষায় ভাল দখল থাকতে হবে।
> সর্বোপরি ভগবান রামের প্রতি আস্থা ও ভক্তি থাকতে হবে।

মন্দিরের দানের অর্থ তছরুপের অভিযোগ সামনে আসার পর ট্রাস্টে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন শুরু হয়েছে। এই বিতর্ক ঘিরে রাজনৈতিক চাপ, জনরোষ এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে।

সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত IAS অফিসার ও নির্বাচন কমিটির সদস্য সুরেশ হাওয়ারে বলেন, 'নতুন CEO-র শুধু প্রশাসনিক দক্ষতা থাকলেই হবে না, তাঁর ভগবান রামের প্রতি গভীর ভক্তিও থাকতে হবে। রাম কে প্রতি শ্রদ্ধা কা ভাব, অর্থাৎ ভগবান রামের প্রতি গভীর শ্রদ্ধাবোধই এই পদের অন্যতম প্রধান যোগ্যতা।'

তিনি আরও বলেন, 'আমরা শুধু একজন প্রশাসক খুঁজছি না। নতুন CEO-র দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাম্প্রতিক ঘটনার পর ভক্তদের আস্থা টলে গিয়েছে। সেই আস্থা ফিরিয়ে আনা তাঁর অন্যতম বড় দায়িত্ব হবে।'

সুরেশ হাওয়ারে আরও জানান, দান চুরির ঘটনায় ভক্তদের বিশ্বাসে ধাক্কা লেগেছে। তাই নতুন CEO নির্বাচনের ক্ষেত্রে অভিজ্ঞতার পাশাপাশি সততা ও নির্ভুল সুনামের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এমন একজনকে খোঁজা হচ্ছে, যিনি একদিকে যেমন ভক্তদের মধ্যে আস্থা তৈরি করতে পারবেন, অন্যদিকে মন্দিরের প্রশাসনও দক্ষতার সঙ্গে পরিচালনা করবেন।

Advertisement

নির্বাচন কমিটি ৩ জনের নাম ট্রাস্টের কাছে সুপারিশ করবে। সেই তালিকা থেকেই ট্রাস্ট চূড়ান্তভাবে নতুন CEO-কে নিয়োগ করবে।

এই পদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ নতুন CEO মন্দিরের দৈনন্দিন প্রশাসন, আর্থিক ব্যবস্থা এবং সামগ্রিক পরিচালনার দায়িত্বে থাকবেন। এমন এক সময়ে এই নিয়োগ হচ্ছে, যখন ট্রাস্টের কার্যকলাপ জনসাধারণের কড়া নজরদারির মধ্যে রয়েছে।

দান চুরির অভিযোগ সামনে আসার পর শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট একাধিক সংস্কারমূলক পদক্ষেপের ঘোষণা করেছে। ট্রাস্ট জানিয়েছে, নতুন CEO প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করবেন এবং ভক্তদের আস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ট্রাস্টের কর্তারা স্বীকার করেছেন, এই বিতর্ক ভক্তদের গভীরভাবে আঘাত করেছে। তাই ভবিষ্যতে ভক্তদের দেওয়া দান যাতে আরও স্বচ্ছ ভাবে পরিচালিত হয়, সেই লক্ষ্যেই সংস্কার আনা হচ্ছে।

ইতিমধ্যেই ট্রাস্ট সাধারণ সম্পাদক চম্পত রাই এবং ট্রাস্টি অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছে। পাশাপাশি নতুন CEO নির্বাচনের জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।

ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরিও জানিয়েছেন, আগে যদি একজন অভিজ্ঞ ও পেশাদার CEO নিয়োগ করা থাকত, তবে এই দান চুরির অভিযোগ এড়ানো যেত।

নতুন CEO-র কাছ থেকে আর্থিক নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করা, প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি করা এবং ভক্তদের এই আশ্বাস দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে যে, তাঁদের প্রতিটি অনুদান সুরক্ষিত থাকবে।

নতুন CEO বাছাইয়ের ৩ সদস্যের সার্চ কমিটি
১) অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপ কোহলি, যিনি সিকিম হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। 
২) লেফটেন্যান্ট জেনারেল বিষ্ণুকান্ত চতুর্বেদী, যিনি দেবী অহল্যা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক।
৩) সুরেশ হাওয়ারে, যিনি শ্রী সাইবাবা সংস্থান ট্রাস্টের প্রাক্তন চেয়ারম্যান এবং শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের ট্রাস্টি।

প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম হওয়া এই মন্দিরে ট্রাস্টের আশা, নতুন CEO-র নিয়োগ শুধু প্রশাসনিক পরিবর্তনই নয়, দান চুরি বিতর্কের পর ভক্তদের আস্থা পুনর্গঠনেরও নতুন সূচনা করবে।

 

POST A COMMENT
Advertisement