মন্ত্রীদের বাংলো সারাতে প্রচুর খরচদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীদের বাংলো মেরামতিতে কত টাকা খরচ হয়? আর সেই তথ্যই সামনে এসেছে একটি আরটিআই-এর মাধ্যমে। জানা গিয়েছে, শুধুমাত্র ২০২৫-২৬ অর্থবর্ষে দিল্লির লুটিয়েন্স বাংলো জোনে কেন্দ্রীয় মন্ত্রীদের সরকারি বাংলোর সংস্কার, সাজসজ্জা ও মেরামত বাবদ রেকর্ড ৯২.৩৫ কোটি টাকা খরচ হয়েছে। আর সবথেকে বড় কথা, ২০১৪-১৫ আর্থিক বছরে এই খরচ ছিল ২৭.৪৭ কোটি টাকা। আর ২০২৬-এ সেটা গিয়ে দাঁড়িয়েছে ৯২.৩৫ কোটি টাকায়। অর্থাৎ ১১ বছরের ব্যবধানে খরচ বেড়েছে তিন গুণেরও বেশি। একটি আরটিআই-এর মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে ঠিক এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
ওই আরটিআই থেকেই জানা যায়, কেন্দ্রীয় সরকারের তরফে ২০১৪-১৫ থেকে ২০২৫-২৬ পর্যন্ত এই ধরনের কাজের জন্য মোট ৫৪৭.৬৮ কোটি টাকা খরচ হয়েছে। আর এই বাংলোগুলিতে মেরামতের কাজ করে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (সিপিডব্লুডি)।
সরকারি আধিকারিকদের বক্তব্য, ২০১৪ সালের পর ২০২৫-২৬ সালে খরচ হয়েছে সবথেকে বেশি। কেন এতটা খরচ বেড়েছে, তার কারণও জানান হয়েছে। তাঁদের দাবি, এই খরচ বৃদ্ধির অন্যতম কারণ মূল্যবৃদ্ধি। পুরনো বাড়িগুলির রক্ষণাবেক্ষণের জন্য খরচ বেড়েই চলেছে।
মাথায় রাখতে হবে, দিল্লির সেরা জায়গায় অবস্থিত এই বাংলোগুলি বড় বড় জমির উপর তৈরি। এগুলি বহু পুরনো।সিপিডব্লুডি আধিকারিকরা জানিয়েছেন, বছরের পর বছর ধরে এই বাংলোগুলি স্যাঁতসেঁতে হয়ে রয়েছে। জল চুঁইয়ে পড়ছে। উইপোকার উপদ্রব রয়েছে। পুরনো বৈদ্যুতিক ব্যবস্থা এবং প্লাম্বিংয়ের সমস্যাও রয়েছে। তাই আগে কয়েকটি বাংলো ভেঙে নতুন করে তৈরির পরিকল্পনাও হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এক আধিকারিকের কথায়, 'অধিকাংশ বাংলোর বয়স ৮০-৯০, এমনকী ১০০ বছর।'
১৯১২ থেকে ১৯৩০ সালের মধ্যে তৈরি লুটিয়েন্স বাংলো জোন
নয়াদিল্লিকে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণার পর বাংলো তৈরি করতে শুরু করে ব্রিটিশরা। ১৯১২ থেকে ১৯৩০ সালের মধ্যে এই বাংলো জোন তৈরি করা হয়েছিল। স্বাধীনতার পর এগুলি কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের ব্যবহারের জন্য বরাদ্দ করা হয়।
কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি সাংসদ, উচ্চপদস্থ বিচারপতি এবং সামরিক আধিকারিকরাও এই সব বাংলোয় থাকেন।
ইতিহাসবিদ ও লেখিকা স্বপ্না লিডল পিটিআই-কে জানিয়েছেন, লুটিয়েন্সের নামেই তৈরি হয় লুটিয়েন্স বাংলো জোন। তবে তিনি মূলত রাষ্ট্রপতি ভবন সংলগ্ন প্রেসিডেন্টস এস্টেটের সরকারি বাংলোগুলি নকশা করেছিলেন।
১১ বছরে কীভাবে বাড়ল খরচ?
২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীদের সরকারি বাসভবনের মেরামত ও সংস্কারে বছরে গড়ে ২৬.৭৮ কোটি টাকা খরচ হয়েছিল। তবে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সেই বার্ষিক গড় খরচ বেড়ে যায়। তখন খরচ পৌঁছে যায় প্রায় ৫০ কোটি টাকায়।
এরপর বছরের পর বছর যেভাবে খরচ হয়েছে-
২০২২-২৩: ৭৩.৮৬ কোটি টাকা
২০২৩-২৪: ৫৪.৫২ কোটি টাকা
২০২৪-২৫: ৭১.৯৮ কোটি টাকা
২০২৫-২৬: ৯২.৩৫ কোটি টাকা
আরটিআই-এর জবাব অনুযায়ী, ২০১৪-১৫ থেকে ২০২৫-২৬ পর্যন্ত প্রতি বছরের খরচ হিসেব যথাক্রমে ২৭.৪৭ কোটি, ২৯.৫৭ কোটি, ৩০.১০ কোটি, ২৩.৩৪ কোটি, ২৩.৪২ কোটি, ২৬.৩৭ কোটি, ৫৩.৮৭ কোটি, ৪০.৮৪ কোটি, ৭৩.৮৬ কোটি, ৫৪.৫২ কোটি, ৭১.৯৮ কোটি এবং ৯২.৩৫ কোটি টাকা।