দামি উপহার পাঠিয়ে বিতর্কে কর্নাটকের পর্যটনমন্ত্রীনিজের নির্বাচনী এলাকার নবনির্বাচিত সদস্যদের ব্যয়বহুল দীপাবলি উপহার (Pricey Diwali Gifts) দিয়ে বিতর্কে কর্নাটকের পর্যটনমন্ত্রী আনন্দ সিং (Karnataka Tourism Minister Anand Singh)। মন্ত্রী দুই সেট উপহারের বাক্স বিতরণ করেছেন। একটি পুরসভার কাউন্সিলরদের জন্য, অন্যটি গ্রাম পঞ্চায়েত সদস্যদের জন্য। মিউনিসিপ্যাল কর্পোরেশনের সদস্যদের পাঠানো উপহারের বাক্সে রয়েছে নগদ ১ লাখ টাকা, ১৪৪ গ্রাম সোনা (Gold), ১ কেজি রুপো (Silver), সিল্ক শাড়ি, ধুতি এবং ড্রাই ফ্রুটস।
যদিও গ্রাম পঞ্চায়েত সদস্যরা নগদ টাকা কম পেয়েছেন। তাঁরা সোনাও পাননি, তবে অন্যান্য সমস্ত জিনিস পেয়েছেন।
আনন্দ সিং হোসাপেতে কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক। তাঁর নির্বাচনী এলাকায় একটি পৌরসভা রয়েছে। যেখানে ৩৫ জন নির্বাচিত এবং ৫ জন মনোনীত সদস্য রয়েছেন। এছাড়াও ১০টি গ্রাম পঞ্চায়েতে মোট ১৮২ জন সদস্য রয়েছেন। এদের সবাইকেই উপহার পাঠান আনন্দ।
আনন্দ সিংয়ের উপহারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। আগামী কয়েক মাসেই কর্নাটকে বিধানসভা নির্বাচন, তাই এসময় বিতর্কটি অন্য মাত্রা পেয়েছে। জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আনন্দ সিংয়ের পাঠানো উপহার কয়েকজন নির্বাচিত সদস্য গ্রহণ করেননি।
কেউ কেউ অবশ্য বলেছেন যে এবারই প্রথমবার পর্যটন মন্ত্রী নির্বাচিত প্রতিনিধিদের উপহার পাঠাননি। আগেও তিনি দামি উপহার পাঠিয়েছেন। বিধানসভা নির্বাচনের কারণেই বিতর্ক হচ্ছে।