সৌগত রায়, জুন মালিয়া প্রতিদিনই কোনও না কোনও গুরুতর ইস্যুতে উত্তপ্ত সংসদের বাজেট অধিবেশন। তবে গুরুগম্ভীর অধিবেশনে মাঝে মধ্যেই হাস্যরস আনছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদরা। কার্যনির্বাহী স্পিকার জগদম্বিকা পালকে 'ডার্লিংকে একটু সময় দিন' মন্তব্য করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার দলেরই সাংসদ জুন মালিয়ার সঙ্গে খুনসুটি, খোশগল্পে মেতে থাকতে দেখা গেল সৌগত রায়কে।
সংসদে সৌগত-জুনের খুনসুটি
বৃহস্পতিবার লোকসভা অধিবেশনের একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সে সময়ে ভাষণ দিচ্ছিলেন আজাদ সমাজ পার্টির সাংসদ চন্দ্রশেখর আজাদ। ঠিক তাঁর পিছনের আসনেই বসেছিলেন সৌগত রায় ও জুন মালিয়া। নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত ছিলেন তাঁরা। একটা সময়ে সৌগত রায়কে দেখা যায় খুনসুটির মেজাজে জুন মালিয়াকে কিছু একটা বলতে। তারপরই জুনের মুখে হাসি। ভিডিও দেখে বোঝা যাচ্ছে বর্ষীয়ান তৃণমূল সাংসদ পিছনে লাগতেই হেসে খুন তারকা সাংসদ।
পার্লামেন্টের এই মজার দৃশ্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় নেটপাড়ায়। যেখানে সংসদীয় গম্ভীর আলোচনাকে ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চার কারণ হয়ে দাঁড়ায় জুন-সৌগতর খুনসুটির চিত্র। সকলেরই নজর পড়েছে দুই তৃণমূল সাংসদের দিকে।
নেটদুনিয়ায় শুরু হয়েছে টিপন্নিও। কেউ লিখছেন, 'পিছে দেখ পিছে।' কারও কথায়, 'আসল অধিবেশন তো পিছনেই চলছে।' কেউ আবার লিখেছেন, 'ভালোবাসার সপ্তাহে এমন দৃশ্য বেশ লাগে।' অনেকে আবার জানতে চাইছেন, সৌগত রায় কী এমন বললেন যাতে হেসে লুটিয়ে পড়ছেন জুন মালিয়া?
বরাবরই নিজের রসবোধ, স্বতঃস্ফূর্ততার জন্য জনপ্রিয় তৃণমূল সাংসদ সৌগত রায়। রাজনৈতিক গুরুগম্ভীর আলোচনার মাঝেও তাঁর নানাবিদ্ধ বুদ্ধিদীপ্ত মন্তব্য চর্চায় চলে আসে।
কিছুদিন আগেই লোকসভার অন্দরে তৃণমূল কংগ্রেসের এক সাংসদের ই-সিগারেট খাওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড বেধেছিল। BJP সাংসদ অনুরাগ ঠাকুর এই অভিযোগ তুলে স্পিকারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এই অভিযোগ ওঠার কয়েক ঘণ্টা পরই সংসদ ভবনের বাইরে মকর দ্বারের সামনে সৌগত রায়কে ধূমপান করতে দেখা যায়। সেই ভিডিও প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে যায়। তাঁকে সিগারেট খেতে দেখেন BJP সাংসদ গিরিরাজ সিং।