রাহুলদের করা পিটিশনে ফি ২২০ টাকা কম, ১৪টি ত্রুটিও ধরাল সুপ্রিম কোর্টভোটার তালিকার সংশোধন বা SIR-এর নামে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ তুলে ও এই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিল রাহুল গান্ধী-সহ ‘ইন্ডিয়া’ জোটের ১১ জন নেতা। তাঁদের দাবি ছিল, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, কমিশনের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এবং ডিজিটাল তথ্যভান্ডারের নির্ভরযোগ্যতা খতিয়ে দেখা হোক। কিন্তু সেই পিটিশনেই ধরা পড়ল গুচ্ছ গুচ্ছ ভুল।
রাহুলদের দায়ের করা পিটিশনে ১৪টি ভুল রয়েছে বলে জানাল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, পিটিশন ফি-র ২২০ টাকা কম দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শীর্ষ আদালতের রেজিস্ট্রি বিভাগ।
জানা গিয়েছে, যে ১৪টি ভুল ধরা পড়েছে, সেই তালিকায় রয়েছে, কয়েকটি নথিতে অক্ষরের আকার অত্যন্ত ছোট। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরিচয়পত্রের প্রতিলিপিও রয়েছে অস্পষ্ট। পাশাপাশি, দু’টি নির্দিষ্ট নথির রঙিন প্রতিলিপি জমা দেওয়া হয়নি বলেও জানিয়েছে শীর্ষ আদালতের রেজিস্ট্রি বিভাগ। এমনকি কয়েকটি পাতার লেখা অস্পষ্ট বা পড়ার অযোগ্য, আঞ্চলিক ভাষায় লেখা পাতাগুলি পড়ার ক্ষেত্রে সমস্যা ও কয়েকটি পাতার নম্বরে অসঙ্গতি রয়েছে বলেও জানা গিয়েছে।
নথিতে ১৪টি ত্রুটি ছাড়াও, আদালতের ফি বাবদ ২২০ টাকা কম জমা পড়েছে বলেও জানিয়েছেন রেজিস্ট্রি। এই ত্রুটিগুলির জন্য পিটিশনকে শুনানির জন্য তালিকাভুক্ত করেনি সুপ্রিম কোর্ট। এই সমস্যাগুলি সংশোধনের পরেই আবেদনটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
কারা কারা এই পিটিশন দাখিল করেছেন?
রাহুল গান্ধী ছাড়াও মামলাকারীদের তালিকায় রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তৃণমূলের সৌগত রায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, সঞ্জয় রাউত, এম এ বেবি, ডি রাজা, সুপ্রিয়া সুলে এবং ই টি মহম্মদ বশির।