ফারুখের অনুষ্ঠানে গুলি।জম্মুর গ্রেটার কৈলাশ এলাকার হোটেল রয়্যাল পার্কে চলছিল একটি বিয়ের অনুষ্ঠানে। হঠাৎ গুলি! আতঙ্ক। আরও বেশি করে আতঙ্ক ছড়াল ওই অনুষ্ঠানে ভিভিআইপি অতিথিদের উপস্থিতির কারণে। কারা ছিলেন? ন্যাশনাল কনফারেন্সের প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, জম্মু-কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী এবং দলের আরও বেশ কয়েকজন নেতা।
প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত জানা গিয়েছে, অনুষ্ঠান চলাকালীন এক ব্যক্তি পিস্তল উঁচিয়ে গুলি চালাতে শুরু করে। সেখানে উপস্থিত নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিক তৎপরতা দেখিয়ে বন্দুকবাজকে কাবু করে ফেলেন। এই ঘটনায় গুলির আঘাতে সামান্য চোট পেয়েছেন উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। তবে ফারুক আবদুল্লাহ নিরাপদে আছেন।
অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বন্দুকবাজের নাম কমল সিং জামওয়াল। তিনি জম্মুর স্থানীয় বাসিন্দা। কেন গুলি চালানো হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। পরীক্ষা করা হচ্ছে আশেপাশের সিসিটিভি ফুটেজ। সমস্ত তথ্যপ্রমাণ এবং ফুটেজ বিশ্লেষণের পরেই বোঝা যাবে ঠিক কী পরিস্থিতিতে এবং কেন ঘটেছে এই ঘটনা। আপাতত তদন্ত চলছে। প্রতিহিংসা থেকে এই হামলা বলে প্রাথমিক ধারণা।
সূত্রের খবর, অভিযুক্ত কমল সিং জামওয়াল খনি ব্যবসার সঙ্গে জড়িত। অতিসম্প্রতি জম্মু-কাশ্মীরের খনি দফতর থেকে কড়াকড়ি শুরু করায় সম্ভবত ক্ষুব্ধ হয়েছিলেন। খনি দফতরের দায়িত্ব বর্তমানে উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীর হাতেই রয়েছে।