Sonam Wangchuk Ends Fast: কোন ৩ শর্তে অনশন ভাঙলেন সোনম? শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আন্দোলন থামবে না, জানাল 'আরশোলারা'

কোন কোন শর্তে সোনম ওয়াংকচুক নিজের অনশন প্রত্যাহার করতে রাজি হলেন? নিজেই ভিডিও বার্তায় জানালেন সকলকে। তবে অভিজিৎ দিপকে তাঁকে ধন্যবাদ জানিয়েও স্পষ্ট করেছেন, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ছাড়া আন্দোলন চলবেই।

Advertisement
কোন ৩ শর্তে অনশন ভাঙলেন সোনম? শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আন্দোলন থামবে না, জানাল 'আরশোলারা'সোনম ওয়াংকচুক
হাইলাইটস
  • কোন কোন শর্তে সোনম ওয়াংকচুক অনশন প্রত্যাহার করলেন?
  • ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ছাড়া আন্দোলন চলবেই
  • জানিয়ে দিলেন CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

২৬ দিন নিজের অবস্থানে অনড় থাকার পর অবশেষে অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং নিজেদের হাতে স্যুপ খাইয়ে তাঁর অনশন ভাঙান। তবে সোনমের দেওয়া কোন কোন শর্ত মেনে নিল কেন্দ্র? কোন আশ্বাসে সমাজকর্মী নিজের অনড় অবস্থান থেকে সরলেন? 

বৃহস্পতিবার মধ্যরাতে দিল্লির বেসরকারি হাসপাতাল মেদান্তর ICU-তে নিজের ২৬ দিনের অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। এরপর শুক্রবার ভোরে তিনি একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, কোন কোন শর্তে তিনি পুনরায় খাবার খেতে রাজি হয়েছেন।

১) যন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদে যোগ দেওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও মামলা রুজু হবে না বলে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। 

২)  ২০ জুলাই সংসদ অভিযানে শামিল হওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।
৩) দেশে পরীক্ষা ব্যবস্থার ত্রুটির দিকগুলি নিয়ে সংসদে আলোচনা করবে সরকার এবং দেশের বিরোধী দলগুলি। এই বিষয়েও কেন্দ্রের তরফে লিখিত আশ্বাস মিলেছে। 
৪)  কেন্দ্র জানিয়েছে, NEET-এর প্রশ্নপত্র ফাঁসের পর যে পড়ুয়ারা আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারকে ‘পর্যাপ্ত’ আর্থিক সাহায্য নিয়েও ইতিবাচক ভাবে বিবেচনা করে দেখছে কেন্দ্র। 

মোদী সরকারের তরফ থেকে মূলত এই তিন প্রতিশ্রুতি লিখিত ভাবে পাওয়ার পরেই বৃহস্পতিবার রাতে অনশন প্রত্যাহার করে নেন সোনম ওয়াংচুক। এরপরই ভিডিও বার্তায় তিনি বলেন, 'গত ২ দিন আমি খুব কঠোর ভাবে দর কষাকষি করছিলাম। সরকারের থেকে লিখিত আশ্বাস চাইছিলাম। এটা করতে দু’দিন লাগল। তাই আমাকেও আরও দু’দিন অনশন করতে হল। প্রয়োজনে আরও বেশিই করতাম, তাতে কোনও সমস্যা হতো না। অবশেষে আমায় তাঁরা লিখিত আশ্বাস দিয়েছেন।'

সোনমকে নিয়ে কী বার্তা নরেন্দ্র মোদীর? 
বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে NEET কাণ্ডের অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য খসড়া বিল তৈরি করেছে সরকার। শুক্রবার এই বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আগামী সোমবার সেই বিল সংসদে পাশ করানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

Advertisement

সোনম অনশন প্রত্যাহার করতেই ফের নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'সোনমজিকে আমার অনুরোধ, আপনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলুন। দৈনন্দিন কাজে ফিরুন।'টানা অনশনে ক্রমশ ওজন কমে যাওয়া এই সমাজকর্মী  দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।

আন্দোলনে অনড় CJP
সোনম অনশন প্রত্যাহার করে নিলেও আন্দোলনে অনড় ককরোচ জনতা পার্টি। সোনমকে ধন্যবাদ জানিয়েই CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে একটি ভিডিও বার্তায় স্পষ্ট করে দিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদ চলবেই। 

প্রসঙ্গত, এদিন বেলা সাড় ১২টায় দিল্লির সংবিধান ক্লাবে বৈঠকে বসবে CJP ও কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জোরাল করা হবে বলে জানিয়েছেন অভিজিৎ দিপকেরা। 

POST A COMMENT
Advertisement