নিজের আত্মজীবনী ‘Belonging: A Journey of Love’-এ জীবনের এক অত্যন্ত কষ্টদায়ক স্মৃতি নিয়ে আলোচনা করেছেন সনিয়া গান্ধীমঙ্গলবার নিজের আত্মজীবনী 'Belonging: A Journey of Love' প্রকাশ করেছেন সনিয়া গান্ধী। সেই বইতে নানা চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন কংগ্রেস নেত্রী। তাতে যেমন রয়েছে কংগ্রেসের অন্দরের নানান খবর, তেমনই নিজের ব্যক্তিগত জীবনের কথা। এমনই এক ব্যক্তিগত তথ্য নিজের আত্মজীবনীতে তুলে ধরেছেন সনিয়া। বইটিতে তিনি মনে করেছেন তাঁর প্রথম সন্তানের কথা। প্রেগন্যান্ট হওয়ার পর থেকে একেবারে শিশুকে কবর দেওয়া নিয়ে বিতর্কের কথাও তিনি উল্লেখ করেছেন বইতে। ঠিক কী বলেছেন সনিয়া?
সনিয়া জানিয়েছেন, ১৯৬৮ সালের সেপ্টেম্বরে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে তিনি ও রাজীব গান্ধী অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। এই খবরে খুশি হয়েছিলেন তাঁর শাশুড়ি তথা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও। বিদেশে থাকা এক বন্ধুকে চিঠি লিখে ইন্দিরা জানিয়েছিলেন, "তোমাকে একটা গোপন কথা জানাই। আগামী এপ্রিলে আমি ঠাকুমা হতে চলেছি। পরিবারের সকলে উচ্ছ্বসিত।"
সনিয়া লিখছেন, এই খবর শুনে ইন্দিরা গান্ধী তাঁকে জড়িয়ে ধরে চুম্বন করেছিলেন। মজা করে বলেছিলেন, "একটা বড় বাচ্চা, আর একটি শিশুকে জন্ম দিতে চলেছে।" শাশুড়ির এই স্নেহপূর্ণ মন্তব্য ভালো লাগলেও সনিয়া রাজীবকে প্রশ্ন করেছিলেন, তিনি কি সত্যিই শিশুর মতো আচরণ করেন? রাজীব তাঁকে বোঝান, ইন্দিরা ভালোবেসেই এমন কথা বলেছেন।
আসন্ন শিশুর কথা ভেবে প্রস্তুতিও শুরু করেন ইন্দিরা গান্ধী। সনিয়ার খাবারদাবার থেকে শুরু করে শরীরচর্চা, নিয়মিত হাঁটাচলা, সবকিছুর উপর নজর রাখতেন তিনি। এমনকী বাচ্চার জন্য নরম কাপড়ের ডায়াপার তৈরি করার ব্যবস্থাও করেছিলেন তিনি।
তবে শাশুড়ির এত নিয়মকানুন মেনে চলতে সবসময় স্বচ্ছন্দ ছিলেন না সোনিয়া। তিনি শরীরচর্চা করতে পছন্দ করতেন না। পালং শাক খেতেও তাঁর প্রবল আপত্তি ছিল। অথচ সপ্তাহে অন্তত তিন দিন তাঁকে পালং শাক খেতে হত। প্রতিদিন দু'গ্লাস দুধও খেতেই হত। সনিয়া লিখছেন, শাশুড়ির সামনে তিনি না বলার সাহস পেতেন না।
কংগ্রেস নেত্রী লিখেছেন,গর্ভাবস্থার প্রথম কয়েক মাস ভালোই কাটছিল। নিয়মিত চিকিৎসকের কাছে পরীক্ষা করাতেন তিনি। তবে ইতালীয় খাবার খেতে খুবই ইচ্ছা করত। পাশাপাশি জাম, ফালসা এবং কমলালেবুর স্বাদের ফ্যান্টার প্রতি রীতিমতো টান অনুভব করতেন। এমনকি কোনও কোনও দিন ১২ গ্লাস ফান্টা খেয়ে নিয়েছেন বলেও জানান সনিয়া।
খারাপের শুরু
সনিয়া লিখছেন, এত কিছু ভালোর পর গর্ভাবস্থার সপ্তম মাসের শুরুতেই পরিস্থিতি বদলে যায়। একদিন সকালে পেটে অস্বস্তি ও হালকা ব্যথা অনুভব করেন তিনি। । চিকিৎসককে ডেকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। কিন্তু ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে। পরের দিন সন্ধ্যার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়।
এরপর ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি পুত্রসন্তানের জন্ম দেন সনিয়া। সিজার নয়, স্বাভাবিকভাবেই হয়েছিল প্রসব। জন্মের পর শিশুটিকে ইনকিউবেটরে রাখা হয়। সনিয়া জানান, সন্তানের প্রথম কান্নার আওয়াজ তিনি শুনতে পেয়েছিলেন। পরে রাজীব তাঁকে ছেলের কাছে নিয়ে যান। শিশুটির মাথায় ঘন কালো চুল, লম্বা সরু আঙুল এবং নিখুঁত গড়ন দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তাঁরা। কিন্তু রাজীবকে আগেই চিকিৎসক শিশুর বেঁচে থাকা নিয়ে সংশয়ের কথা জানিয়েছিলেন চিকিৎসকেরা। সেই আশঙ্কাই অবশেষে সত্যি হয়। ১৯ জানুয়ারি ভোর সাড়ে ৬টা নাগাদ মৃত্যু হয় সদ্যোজাতের। মুহূর্তের মধ্যে ভেঙে পড়েন দু'জনেই। সনিয়া সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন, এমনকী রাজীব গান্ধীও চোখের জল আটকাতে পারেননি।
সদ্যোজাতের দেহ সমাধিস্থ করা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা
সন্তানকে হারানোর শোকের মধ্যেই রাজীব ও সনিয়ার সামনে নতুন প্রশ্ন আসে, সদ্যোজাতের দেহের শেষকৃত্য কীভাবে করা হবে? সনিয়া আত্মজীবনীতে লিখেছেন, রাজীব গান্ধী তাঁকে জানিয়েছিলেন, হিন্দু রীতি অনুসারে সদ্যোজাত শিশুকে সাধারণত দাহ না করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। অন্যদিকে, কবরস্থানে সমাধিস্থ করার বিষয়টিও সহজ ছিল না। খ্রিস্টান বা পারসি, দু-দিক থেকেই শিশুটিকে সমাধিস্থ করার বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।
প্রথমে শোকে বিহ্বল সোনিয়া কোনও সিদ্ধান্ত নিতে পারছিলেন না। রাজীব তাঁকে মনে করিয়ে দেন, এই সিদ্ধান্ত দু'জনকেই একসঙ্গে নিতে হবে। তখন সনিয়া স্পষ্ট জানিয়ে দেন, কোনওভাবেই তাঁদের সন্তানকে নদীতে ভাসিয়ে দিতে দেবেন না।
নদীতে ভাসানো নিয়ে কেন আপত্তি ছিল সনিয়ার?
সনিয়া কেন সদ্যোজাতকে নদীতে ভাসানো নিয়ে আপত্তি জানিয়েছিলেন, তাঁরও কারণ রয়েছে। একবার রাজীব ও বন্ধুদের সঙ্গে ওকলা ব্যারাজে বেড়াতে গিয়ে নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখেছিলেন সনিয়া। আবর্জনার স্তূপে আটকে গিয়েছিল দেহটি। নদীর স্রোতে সেটি পাড়ের দিকে চলে এসেছিল। কয়েকটি ক্ষুধার্ত কুকুর দেহটি টেনে বের করার চেষ্টা করছিল। সেই দৃশ্য তাঁকে গভীরভাবে আতঙ্কিত হয়েছিল সনিয়া। নিজের সন্তানের সঙ্গে এমন কিছু ঘটুক, তা কোনওভাবেই মেনে নিতে পারেননি তিনি। তাই শেষ পর্যন্ত রাজীব ও সঞ্জয় সিদ্ধান্ত নেন, মেহরৌলিতে তাঁদের বাবার ফার্ম হাউসে শিশুটিকে সমাধিস্থ করা হবে।
সনিয়া লিখেছেন, সমাধির জায়গাটি ছিল বেশ নির্জন। সেখানে একটি কুয়ো, কয়েকটি পুরনো গাছ এবং ফিরোজ গান্ধীর লাগানো কিছু নতুন গাছ ছিল। সীমানা বরাবর ছিল বোগেনভিলিয়ার ঝোপ। একটি সুন্দর গোলাপি ফুলে ভরা বোগেনভিলিয়া গাছের নিচে গভীর করে শিশুটিকে সমাধিস্থ করেন রাজীব ও সঞ্জয়। এরপর দীর্ঘদিন রাজীব ও সোনিয়া ওই জায়গায় গেলেই সন্তানের সমাধির উপর একটি করে ফুল রেখে আসতেন। তাতে তাঁদের কষ্ট কিছুটা কমলেও সন্তান হারানোর শূন্যতা কখনও পূরণ হয়নি।
পরে ১৯৬৯ সালের অক্টোবর মাসে ফের অন্তঃসত্ত্বা হন সনিয়া। তখন থেকেই টানা ৮ মাস তাঁকে বেড রেস্টে রাখা হয়েছিল। বাইরে বেরোনোর অনুমতিও ছিল না। ইন্দিরা প্রায়ই তাঁর সঙ্গে দুপুরের খাবার বা রাতের খাবার খেতে বসতেন। অবশেষে কঠোর নিয়মের মধ্যে থেকে ১৯৭০ সালের ১৯ জুন দ্বিতীয় সন্তানের জন্ম দেন সনিয়া। আর সেই সন্তানই হলেন রাহুল গান্ধী।