সনিয়া গান্ধীর আত্মজীবনী পড়েছেন?রহস্য, ভৌতিক বা প্রেমের গল্প নয়। রাজনীতিবিদের আত্মজীবনী। অথচ তা কিনতেই রীতিমতো হুড়োহুড়ি! সনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং’ (Belonging) প্রকাশের পর থেকেই বইটির চাহিদা তুঙ্গে। অনলাইনে বেশিরভাগ জায়গাতেই স্টক আউট। দোকানেও আজ অর্ডার করলে ৭ দিন পর এনে দেবে। এমনই কাটতি। কিন্তু হঠাৎ এই উন্মাদনার কারণ কী? একটি উদাহরণ দিয়ে বোঝা যাক।
হাসপাতালের ওয়েটিং রুম। বসে বসে বোরড হচ্ছিলেন সংবাদকর্মী বিনীতা কুমার। সময় কাটাতে ব্যাগ থেকে বিলংগিং বের করে পড়তে শুরু করেন। কিন্তু একটানা পড়া? সে গুড়ে বালি! আশপাশের রোগী থেকে শুরু করে চিকিৎসক, সকলেই বইটি সম্পর্কে জানতে চান। এমনকি সঞ্জয় গান্ধী ও মানেকা গান্ধীকে নিয়ে বইয়ে কী আছে, তা জানতে চিকিৎসক অতিরিক্ত দশ মিনিট সময়ও দেন। বিনীতার কথায়, গান্ধী পরিবার নিয়ে সাধারণ মানুষের কৌতূহল যে কতটা বেশি, সেই অভিজ্ঞতা থেকেই তা বুঝেছেন তিনি।
প্রকাশের আগেই প্রকাশনা সংস্থা বদল ঘিরে আলোচনায় এসেছিল বইটি। প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে। ব্লিঙ্কিটে অল্প সময়ের মধ্যেই বইয়ের স্টক শেষ হয়ে যায়। অ্যামাজনে অর্ডার করলেও মিলছে অন্তত এক সপ্তাহ পরের ডেলিভারির সময়। সনিয়া নিজেও ইনস্টাগ্রামে যোগ দিয়ে বইটির প্রচার করেছেন।
জনসংযোগকর্মী আকাঙ্ক্ষা মুখোপাধ্যায়ের (নাম পরিবর্তিত) অভিজ্ঞতা, বইটি কেনার তাড়া যেন নতুন আইফোন বাজারে আসার মতো। তাঁর কথায়, কপি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ‘আউট অফ স্টক’ হয়ে যায়। তবে পাঠকদের আগ্রহ শুধু রাজনীতিতে আটকে নেই।
সংবাদমাধ্যমের কর্মী আকাশ চট্টোপাধ্যায় মনে করেন, সনিয়ার রাজনৈতিক উত্থান-পতনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও বইটির আকর্ষণের বড় কারণ। বিদেশি পরিচয়ের জন্য দীর্ঘদিন সমালোচনা, ব্যক্তিগত শোক এবং পুরুষতান্ত্রিক রাজনীতিতে নিজের জায়গা তৈরি করার লড়াই; সবই জানতে চান পাঠকরা।
আকাঙ্ক্ষার আগ্রহ আবার অন্য জায়গায়। রাজীব ও ইন্দিরা গান্ধীকে নিয়ে বহু লেখা হলেও সনিয়ার নিজের মুখে তাঁদের প্রেমের গল্প শুনতে চান তিনি। তাঁর কাছে ‘বিলংগিং’ নিছক রাজনৈতিক স্মৃতিকথা নয়, এক অসমাপ্ত প্রেমের কাহিনিও।
তবে এই উন্মাদনা নিয়ে প্রশ্নও উঠছে। সমাজমাধ্যমে বই হাতে ছবি পোস্ট করলেই কি বই পড়ার অভ্যাস তৈরি হয়? এক পাঠকের মতে, সাময়িক বিক্রির রেকর্ড মানেই দেশে পাঠাভ্যাস বাড়া নয়।
আসলে কৌতূহল, রাজনীতি, ব্যক্তিগত জীবনের অজানা অধ্যায় এবং সমাজমাধ্যমের প্রচার, সব মিলিয়েই ‘বিলংগিং’ এখন আলোচনার কেন্দ্রে। কিন্তু বই কেনা আর পড়ার মধ্যে যে ফারাক রয়েছে, তা কত জন ঘোচাবেন, সেটাই দেখার।
মূল প্রতিবেদনের লিঙ্ক: CLICK HERE (By Srimoyee Chowdhury)