৩ দিনের সফরে কলকাতায় আসছেন অখিলেশশোনা যাচ্ছে আগামী ১৭ মার্চ কালীঘাটে দলের শীর্ষনেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও কালীঘাটে আসছেন বলে সূত্রের খবর। শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যআয়ের সঙ্গে বৈঠক করতে পারেন অখিলেশ।
সমাজবাদী পার্টির সর্ব ভারতীয় সহ-সভাপতি কিরণময় নন্দ জানিয়েছেন,দলের জাতীয় কর্মসমিতির তিনদিনের বৈঠকে যোগ দিতে অখিলেশ যাদব শুক্রবার দুপুরে কলকাতায় পৌঁছবেন। তারপরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা করার কথা। আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোটকে আরও মজবুত করার বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
গত বছর উত্তরপ্রদেশ বিধানসভার ভোটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজবাদী পার্টির হয়ে বারাণসীতে প্রচারে গিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা ভোটে সমাজবাদী পার্টির সংসদ সদস্য জয়া বচ্চন পশ্চিমবঙ্গে এসেছিলেন তৃণমূলের হয়ে ভোট প্রচারে। জয়া দিন চারেক ছিলেন এই রাজ্যে। প্রচার করেন তৃণমূল কংগ্রেসের হয়ে।
আগামী বছর লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব কোন দলের হাতে থাকবে, তা নিয়ে জাতীয় স্তরে ইতিমধ্যেই নানা টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। আর এর মাঝেই বিজেপি বিরোধী লড়াইয়ে বিরোধী ঐক্যকে মজবুত করার ডাক দিয়ে তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি বেশ কিছুকাল যাবত নিজেদের মধ্যে সমন্বয় করে চলছে। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবের মধ্যে কী আলোচনা হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন দেশের রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।