ডিলিমিটেশন বিল সমর্থন করবে DMK? ডিলিমিটেশন বিল নিয়ে উত্তাল দেশের রাজনীতি। এখন প্রশ্ন একটাই, DMK কি এই বিল সমর্থন করবে? নরেন্দ্র মোদী সরকারের পাশে দাঁড়াবে? আসলে এতদিন এই বিলের বিরোধিতা করে এসেছে DMK। কিন্তু এবার এই বিল নিয়ে কেন্দ্র যেই প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবে কিছুটা সন্তুষ্ট বলে ইঙ্গিত দিলেন দলের শীর্ষ নেতারা। India Today-কে দেওয়া সাক্ষাৎকারে DMK-র একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, দলের প্রধান এমকে স্ট্যালিন যে দাবিগুলি জানিয়েছিলেন, কেন্দ্রের নতুন প্রস্তাবে সেগুলি মেনে নেওয়া হয়েছে।
বিলটিকে সংসদে সমর্থন করবে DMK? এই প্রশ্নের উত্তরে দলের সূত্রের সংক্ষিপ্ত জবাব, 'মনে হচ্ছে তাই।' তাঁদের কথায়, 'আমাদের নেতা যা চেয়েছিলেন, ওরা সেটাই দিয়েছে।'
ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বর্তমানে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। আর এমন পরিস্থিতিতে DMK-র এই অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেন্দ্রের প্রস্তাবে লোকসভার আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। তবে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের বর্তমান অনুপাত বজায় রাখার প্রস্তাবও রয়েছে।
মহিলা সংরক্ষণ আইন ২০২৯ সাল থেকে লোকসভা ও রাজ্য বিধানসভায় কার্যকর করার সঙ্গেও এই প্রক্রিয়াকে যুক্ত করেছে কেন্দ্র। প্রস্তাবিত সংবিধান সংশোধনী বিল পাশ করাতে সংসদে দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন প্রয়োজন। বিজেপি নেতৃত্বাধীন NDA সরকারের কাছে DMK-র ২২ জন লোকসভা সাংসদের সমর্থন তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ডিলিমিটেশন নিয়ে স্ট্যালিনের দুই দাবি কী ছিল?
শুক্রবারও এই বিল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন এমকে স্ট্যালিন। তাঁর দাবি, লোকসভার আসনসংখ্যা বাড়লেও সংসদে তামিলনাড়ুর বর্তমান ৭.১৮ শতাংশ প্রতিনিধিত্ব বজায় রাখতে হবে। পাশাপাশি ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে লোকসভা আসন বণ্টনের যে অনুপাত রয়েছে, তা আরও ২৫ বছর অপরিবর্তিত রাখতে হবে।
স্ট্যালিন বলেছিলেন, 'এই দুটি দাবি নিয়ে DMK-র অবস্থান স্পষ্ট। আমরা এই দাবিতে অনড় থাকব। আমাদের অবস্থানে কোনও বদল হয়নি। আপস করারও কোনও প্রশ্ন নেই।'
মাথায় রাখতে হবে, ডিলিমিটেশন নিয়ে বিতর্ক শুরুর পর থেকেই দক্ষিণের রাজ্যগুলির উদ্বেগের কথা তুলে ধরেছে DMK। স্ট্যালিনের দাবি, এই বিষয়ে প্রথম সরব হয়েছিল তাঁর দলই।
তিনি আরও বলেন, 'সংবাদমাধ্যমে ছড়ানো জল্পনা কিংবা পিছন থেকে ছুরি মারা লোকেদের চিৎকার আমাদের অবস্থান বদলাতে পারবে না।'
তবে কেন্দ্রের সংশোধিত প্রস্তাব নিয়ে DMK সূত্রের সাম্প্রতিক বক্তব্যে নতুন ইঙ্গিত মিলেছে। দলের নেতাদের ধারণা, স্ট্যালিনের উদ্বেগের বিষয়গুলি কেন্দ্র বিবেচনা করেছে। যদিও সংসদে ভোটাভুটির সময়ই দলের চূড়ান্ত অবস্থান স্পষ্ট হবে।
DMK-কে কী প্রস্তাব দিয়েছিল বিজেপি?
DMK সূত্রের দাবি, লোকসভার আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে সমর্থন জানাতে দলকে বোঝানোর চেষ্টা করেছে বিজেপি। তাদের যুক্তি ছিল, এই প্রস্তাবে রাজি না হলে কেন্দ্র জনসংখ্যার ভিত্তিতে ডিলিমিটেশন করতে পারে।
DMK সূত্রের আরও দাবি, বিজেপির তরফে আরও বলা হয়েছে, ৮৪তম সংবিধান সংশোধনীর কাঠামো ব্যবহার করেও এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সেক্ষেত্রে সংশ্লিষ্ট আইন পাশ করাতে সংসদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট হতে পারে।
শুধু DMK নয়, দক্ষিণের অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গেও বিজেপি যোগাযোগ করেছে বলে দাবি সূত্রের। কংগ্রেসের সঙ্গে মিলে এই বিলের বিরোধিতা করলে দক্ষিণের রাজ্যগুলির স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও বোঝানোর চেষ্টা করা হয়েছে।
DMK সূত্রের আরও দাবি, আলোচনায় কংগ্রেসকে 'দক্ষিণ ভারত বিরোধী' বলেও আক্রমণ করেছে বিজেপি।
DMK-কে কী বলল বিজয়ের TVK?
এদিকে ডিলিমিটেশন বিল নিয়ে DMK-র অবস্থান স্পষ্ট করার দাবি তুলেছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের দল TVK।
এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে TVK-র দাবি, ডিলিমিটেশন নিয়ে DMK-কে প্রকাশ্যে নিজেদের অবস্থান জানাতে হবে। সংসদে দলের সাংসদরা এই বিলের বিরুদ্ধে ভোট দেবেন কি না, তা স্পষ্ট করে ঘোষণা করতে হবে।
TVK-র অভিযোগ, তামিলনাড়ুর স্বার্থ রক্ষার কথা বললেও রাজনৈতিক সুবিধা অনুযায়ী অবস্থান বদলাচ্ছে DMK।
শুধু তাই নয়, ভোটাভুটিতে অংশ না নেওয়া। ওয়াকআউট করা। সংশোধনীর অজুহাতে বিলের বিরুদ্ধে ভোট না দেওয়ার চেষ্টা করলে তা বিজেপির কাছে আত্মসমর্পণের সমান হবে বলেও মন্তব্য করেছে TVK।
কেন্দ্রের নতুন ডিলিমিটেশন প্রস্তাবে কী রয়েছে?
আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। তার আগে ফের আলোচনায় উঠে এসেছে ডিলিমিটেশন বিল। ২০২৯ সাল থেকে মহিলা সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চাইছে কেন্দ্র।
প্রস্তাব অনুযায়ী, লোকসভার সর্বোচ্চ আসনসংখ্যা বাড়িয়ে ৮৫০ করা হতে পারে। তবে গত এপ্রিল মাসে সংবিধানের ১৩১তম সংশোধনী বিল পাশ করাতে ব্যর্থ হওয়ার পর দক্ষিণের রাজ্যগুলির আপত্তি মাথায় রেখে নতুন ফর্মুলা তৈরি করেছে কেন্দ্র।
সংশোধিত প্রস্তাবে প্রতিটি রাজ্যের লোকসভা আসন ৫০ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের বর্তমান অনুপাতও বজায় রাখার প্রস্তাব রয়েছে।
যদিও এই প্রস্তাবে শেষ পর্যন্ত DMK সমর্থন জানায় কি না, তা স্পষ্ট হবে সংসদের অধিবেশনে। তাই অপেক্ষা করা ছাড়া আপাতত কোনও গতি নেই।