বুলডোজার নিয়ে সুপ্রিম কোর্টের রায়বুলডোজারের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানিতে কড়া মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও ঘটনায় অভিযুক্ত বা দোষীদের বাড়ি ভাঙা যাবে না। এটা কোনও মূল্যেই গ্রহণযোগ্য নয়। আদালত রায়ের শুরুতে জানিয়েছে,'নিজের একটা ঘর, একটা উঠোন - এই স্বপ্নে বহু মানুষ বেঁচে থাকেন। নিজের ঘরের স্বপ্ন ভেঙে যাক, এমনটা কেউই চান না'। সুপ্রিম কোর্টের নির্দেশ,এনিয়ে স্বেচ্ছাচারী মনোভাব বরদাস্ত করা হবে না। প্রশাসনিক কর্তারা ইচ্ছামতো কাজ করতে পারেন না। বিচার ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যায় না।
সুপ্রিম কোর্টের এই রায়ের পর বুলডোজার অভিযান পুরোপুরি বন্ধ হবে কিনা, এ নিয়ে উঠছে প্রশ্ন। চলুন জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ প্রযোজ্য হবে না।
সুপ্রিম কোর্টের বুলডোজার রায় কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না?
রাস্তা, ফুটপাথ, রেললাইন বা জলাশয়ের দখলের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশিকা প্রযোজ্য হবে না। সুপ্রিম কোর্ট বলেছে,'সড়ক, ফুটপাথ, রেললাইনের সংলগ্ন বা নদী ও জলাশয়ের মতো কোনও জায়গায় বেআইনি কাঠামো থাকলে এই নির্দেশ প্রযোজ্য হবে না।' সেই সঙ্গে আদালত এও জানিয়েছে, যে সব মামলায় কোনও কাঠামো ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, সেই সব ক্ষেত্রেও আজকের রায় বলবৎ হবে না।
সুপ্রিম কোর্ট জানিয়েছে,'বুলডোজার পদক্ষেপে যদি আদালতের আদেশ লঙ্ঘিত হয়, সেক্ষেত্রে ক্ষতিপূরণের পাশাপাশি ধ্বংস হওয়া সম্পত্তির জন্য প্রশাসনিক কর্তাদের নিজেদের পকেট থেকে খরচ দিতে হবে।
আদালত এও জানিয়েছে, বুলডোজার দিয়ে ভাঙার নির্দেশ দেওয়ার পরও উপযুক্ত ফোরামের সামনে রায় চ্যালেঞ্জ করার জন্য কিছু সময় দেওয়া উচিত। এই ধরনের ঘটনার ক্ষেত্রের জায়গা খালি করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া উচিত। নারী, শিশু এবং বৃদ্ধদের রাতারাতি রাস্তায় টেনে নিয়ে যাওয়াটা মোটেও সুখকর নয়। প্রশাসন কিছুটা সময় দিলে তাঁদের কোনও সমস্যা হবে না।