Supreme Court: ৪৮ ঘণ্টার বেশি জেলে থাকলেই অটোমেটিক সাসপেন্ড সরকারি কর্মী, জানাল সুপ্রিম কোর্ট

তিনি আরও জানান, কোনও সরকারি কর্মী গ্রেফতারের পর ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে তাঁকে অটোমেটিক সাসপেন্ড বলে গণ্য করা হয়। অর্থাৎ, তিনি 'ডিমড সাসপেনশন'-এর আওতায় পড়েন। এর জন্য আলাদা করে কোনও নির্দেশ জারি করার প্রয়োজন নেই।

Advertisement
৪৮ ঘণ্টার বেশি জেলে থাকলেই অটোমেটিক সাসপেন্ড সরকারি কর্মী, জানাল সুপ্রিম কোর্টসুপ্রিম কোর্ট
হাইলাইটস
  • তিনি আরও জানান, কোনও সরকারি কর্মী গ্রেফতারের পর ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে তাঁকে অটোমেটিক সাসপেন্ড বলে গণ্য করা হয়
  • তিনি 'ডিমড সাসপেনশন'-এর আওতায় পড়েন
  • এর জন্য আলাদা করে কোনও নির্দেশ জারি করার প্রয়োজন নেই

সরকারি কর্মী বা পাবলিক সারভেন্টদের নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। দেশের শীর্ষ আদালতের মতে, গ্রেফতারের পর ৪৮ ঘণ্টার বেশি সময় বিচারবিভাগীয় হেফাজতে (জেল) থাকলে ওই ব্যক্তিকে অটোমেটিক সাসপেন্ড বা সাময়িক বরখাস্ত বলে গণ্য করা হবে। এর জন্য আলাদা করে কোনও সরকারি নির্দেশের প্রয়োজন নেই। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে।

ঠিক কী নিয়ে এমন পর্যবেক্ষণ?
বিহারের একটি সরকারি হাসপাতালের প্রশাসনিক আধিকারিক বিশ্বজিৎ সিংয়ের জামিন পুনর্বহাল করার সময় এই পর্যবেক্ষণ করে শীর্ষ আদালত। তাঁর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগ, এক চুক্তিভিত্তিক কর্মীর বকেয়া বেতন মেটানোর জন্য ৪ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন তিনি। ওই কর্মীর বকেয়া বেতনের পরিমাণ ছিল ৩৬ হাজার ৪২১ টাকা।

বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ এই মামলার শুনানি করে। প্রায় এক বছর আগে দায়রা আদালত বিশ্বজিৎ সিংকে জামিন দিয়েছিল। পরে সেই জামিন বাতিল করে পটনা হাইকোর্ট। যদিও সুপ্রিম কোর্ট সেই নির্দেশ খারিজ করে দিয়েছে।

শীর্ষ আদালত জানিয়েছে, জামিন দেওয়ার সময় অভিযুক্ত কত টাকা ঘুষ চেয়েছিলেন, তা একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না। দায়রা আদালত ঘুষের অঙ্ককে কম বলে উল্লেখ করেছিল। হাইকোর্ট চাইলে এই মন্তব্যের সমালোচনা করতে পারত। কিন্তু শুধু সেই কারণে জামিন বাতিল করা ঠিক হয়নি।

৪৮ ঘণ্টার বেশি জেলেই অটোমেটিক সাসপেনশন
জামিন পুনর্বহাল করার পাশাপাশি বিশ্বজিৎ সিংয়ের চাকরির অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিমকোর্ট।গ্রেফতারির পর কীভাবে তাঁকে আবার একই হাসপাতালে একই পদে নিয়োগ করা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।

৬ নভেম্বরের নির্দেশে বিচারপতি পারদিওয়ালা জানান, গ্রেফতারের পর অভিযুক্ত প্রায় ১৫ দিন বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন।

তিনি আরও জানান, কোনও সরকারি কর্মী গ্রেফতারের পর ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে তাঁকে অটোমেটিক সাসপেন্ড বলে গণ্য করা হয়। অর্থাৎ, তিনি 'ডিমড সাসপেনশন'-এর আওতায় পড়েন। এর জন্য আলাদা করে কোনও নির্দেশ জারি করার প্রয়োজন নেই।

Advertisement

আদালত আরও জানায়, বিশ্বজিৎ সিংকে প্রথমে সাসপেন্ড করা হয়েছিল। পরে সেই সাসপেনশন প্রত্যাহার করা হয়। কিন্তু তারপর তাঁকে আবার সেই একই হাসপাতালে এবং একই পদে নিয়োগ করা হয়েছে।

এই বিষয়টিকে 'উদ্বেগজনক' বলে উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ, বিহার সরকারকে দ্রুত বিষয়টি খতিয়ে দেখতে হবে। আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপও করতে হবে।

 

POST A COMMENT
Advertisement