শেষ রাউন্ডে বাজিমাত করলেন বিজয়ের প্রার্থীতামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এক চমকপ্রদ রেজাল্ট সামনে এসেছে। অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় রুপানির দল TVK আচমকাই প্রথম নির্বাচনেই ১০০টিরও বেশি আসন জিতে দল হিসেবে নিজেদের শক্তি প্রমাণ করেছে। ক্ষমতায় থাকা দল DMK-কে বিপুল মার্জিনের ব্যাবধানে পরাজিত করেছে TVK। তামিলনাড়ুতে TVK যেখানে ১০৮-টি সিট জিতেছে, সেখানে DMK আসন পেয়েছে ৬০টি। অন্যদিকে, এআইএডিএমকে পেয়েছে ৪৭টি আসন। TVK-এর এই জয়কে ঐতিহাসিক বলে আখ্যায়িত করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই বিপুল জয়ের মধ্যে এমন একটি সিট রয়েছে, যেখানে মাত্র ১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে TVK।
এখানে যে বিধানসভার কথা বলা হচ্ছে, সেটি হল তিরুপ্পাত্তুর বিধানসভা। এই আসনে মাত্র ১ ভোটে পরাস্ত হয়েছেন ডিএমকে মন্ত্রী কে.আর. পেরিয়াকারুপ্পান। এই ফলাফলে স্পষ্ট একজন ভোটারের ভোটও কীভাবে ভাগ্য বদল করে দিতে পারে।
তিরুপ্পাত্তুর বিধানসভা আসনে তামিলনাড়ুর সমবায় মন্ত্রী কে. আর. পেরিয়াকারুপ্পান টিভিকে প্রার্থী শ্রীনিবাস সেতুপতি আর.-এর কাছে পরাজিত হয়েছেন। ভোট গণনা শেষে সেতুপতি মাত্র একটি ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন। ওই ভোটে সেতুপতি মোট ৮৩,৩৭৫ ভোট পেয়েছেন আর পেরিয়াকারুপ্পান মাত্র এক ভোটের ব্যবধানে হেরেছেন।
মাত্র এক ভোটে জয় বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এক অনন্য নজির। তবে আগে যে এমন ঘটনা কখনও ঘটেনি, তা নয়। কিন্তু এই ফলাফল প্রমাণ করে, প্রতিটি ভোট কীভাবে একজন প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
কেন বিপুল জয় TVK-এর?
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে জনঅসন্তোষ, যুব সমাজের সমর্থন এবং তৃণমূল স্তরে সংগঠন গড়ে তোলার কৌশল; এই তিনের জোরেই TVK এ বার বড় সাফল্যের মুখ দেখছে। অভিনেতা হিসেবে বিপুল জনপ্রিয়তাকে ভোটে রূপান্তর করতে পেরেছেন বিজয়।
ফল ঘোষণার আগেই বিজয়ের বাড়ির বাইরে শুরু হয়েছে উৎসবের আবহ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে পরিবারের উদ্যাপনের ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, পরিবারের সদস্যরা আলিঙ্গন করছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশও। ক্রমেই ভিড় বাড়ছে সমর্থকদের।