তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়Thalapathy Vijay Tamil Nadu CM: জল্পনার অবসান। দাক্ষিণাত্যের রাজনীতিতে এক নতুন সূর্যোদয়ের সাক্ষী হতে চলেছে তামিলনাড়ু। রূপোলি পর্দার ‘থালাপতি’ এবার বাস্তবের মুখ্যমন্ত্রী। শুক্রবার রাজভবন থেকে সবুজ সংকেত মিলতেই স্পষ্ট হয়ে গেল কাল, শনিবার সকাল ১১টায় তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন অভিনেতা তথা রাজনীতিক বিজয়। রাজভবন সূত্রের খবর, রাজ্যপাল ইতিপূর্বেই তাঁকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।
পর্দা থেকে প্রশাসন
সিনেমার রিল থেকে রাজনীতির রিয়েল লাইফ, বিজয়ের এই উত্তরণ কার্যত উল্কার গতিতে। নিজের দল ‘তামিলনাড়ু ভেট্রি কাজাগম’ (TVK) নিয়ে যেভাবে তিনি ময়দানে নেমেছিলেন, তাতে অনেকেই সিঁদুরে মেঘ দেখেছিলেন। ফলাফল বেরোতেই দেখা গেল, দক্ষিণী আবেগ এবার ভরসা রেখেছে বিজয়ের উপরেই। শুক্রবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর বিজয় জানান, মানুষের রায়কে শিরোধার্য করে একটি স্বচ্ছ ও জনমুখী সরকার দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।
প্রস্তুতি তুঙ্গে
শনিবারের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এখন সাজ সাজ রব চেন্নাই জুড়ে। কাল ঠিক সকাল ১১টায় তিনি শপথ নেবেন। অনুগামীদের ভিড় সামলাতে ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজভবন চত্বর। বিরোধী শিবির যখন ঘর গোছাতে ব্যস্ত, বিজয় তখন সরকার গড়ার রূপরেখা তৈরিতে মগ্ন। দ্রাবিড় রাজনীতির দুই মহীরুহকে টক্কর দিয়ে বিজয়ের এই জয়কে রাজনৈতিক বিশ্লেষকরা ‘ঐতিহাসিক বদল’ হিসেবেই দেখছেন।