তৃণমূলের সাংসদদের গোপন বৈঠক বিধানসভায় ভেঙে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার পালা সংসদের? ইন্ডিয়া টুডে-র হাতে যে ছবি এসে পৌঁছেছে, তাতে ইঙ্গিত জোরাল। সোমবার দল এবং রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়ার পরই সুখেন্দু শেখর রায়কে একটি বৈঠকে দেখা গেল। যেখানে যোগ দিয়েছেন তৃণমূলের আরও ৫ সাংসদ। সূত্রের খবর, এই গোপন বৈঠকটি হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে। সেখানে উপস্থিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
ছবিতে যাঁদের দেখা গিয়েছে তাঁরা হলেন, পূর্ব বর্ধমানের সাংসদ শর্মিলা সরকার, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, কোচবিহারে সাংসদ জগদীশ বসুনিয়া, ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সোরেন এবং বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী।
সূত্রের খবর, 'বাংলা বিধানসভা মডেলে' দল ভাঙার পথেই এগোচ্ছেন লোকসভার বেশ কয়েকজন তৃণমূল সাংসদ। জানা গিয়েছে, এই তালিকায় রয়েছেন প্রায় এক ডজন সাংসদ। এই বিদ্রোহী সাংসদদের নেতৃত্ব দিচ্ছেন একজন বর্ষীয়ান তৃণমূল সাংসদ। তবে সবটাই রয়েছে আলোচনার স্তরে।
সংখ্যা বিচার করলে দেখা যাবে তৃণমূলের সংসদীয় দলও ভেঙে যেতে বসেছে। দলবিরোধী আইনের হাত থেকে রেহাই পেতে ন্যূনতম ২২ জন সাংসদের সমর্থন প্রয়োজন। রাজ্যসভায় তৃণমূলের ১৩ জন সদস্য রয়েছেন। দলবিরোধী আইন থেকে রেহাই পেতে সেখানে সমর্থন প্রয়োজন ৯ জনের।
এবার কি তবে দিল্লিতেও 'ঋতব্রত মডেল'? এ প্রশ্নের উত্তরে এদিন লোকসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমার সঙ্গে কয়েকজন সাংসদের কাল কথা হয়েছে। তাঁরা আমাদের সঙ্গে সহমত। দিল্লির সঙ্গে কলকাতার দূরত্ব ১৪৩৫ কিমি, ফলে ভাবনা সঞ্চারিত হতে বেশি সময় লাগবে না।'