প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।-গ্রাফিক্সকেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রবিবার সংসদে ২০২৬ সালের সাধারণ বাজেট পেশ করেছেন। এমন এক সময়ে এই বাজেট পেশ করা হল, যখন দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসছে। ফলে বাজেটে নির্বাচনী রাজ্যগুলির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
অসমে ক্ষমতায় হ্যাটট্রিক করার চেষ্টা, পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য এবং জোটসঙ্গীদের সঙ্গে তামিলনাড়ুতে শক্তি বাড়ানোর কৌশল, এই রাজনৈতিক বাস্তবতার মধ্যেই মোদী সরকার উন্নয়নমূলক ঘোষণার মাধ্যমে ভোটারদের মন জয়ের বার্তা দিতে চেয়েছে।
কেরল ও তামিলনাড়ুর জন্য খনিজ করিডোরের ঘোষণা
অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, দেশের খনিজ সমৃদ্ধ রাজ্যগুলিতে একটি ডেডিকেটেড রেয়ার আর্থ করিডোর গড়ে তোলা হবে। ওড়িশা, কেরালা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। এর ফলে বিরল খনিজ সম্পদের উত্তোলন ও প্রক্রিয়াকরণে নতুন দিগন্ত খুলবে।
এছাড়া, EMS PLI প্রকল্পের বরাদ্দ ২০ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার কোটি টাকা করা হয়েছে। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ২.০ চালু করে সরঞ্জাম ও ইলেকট্রনিক্স উৎপাদনে জোর দেওয়া হবে।
কেরলে নতুন টেক্সটাইল পার্ক
খাদি ও হস্তশিল্পকে চাঙ্গা করতে সরকার নতুন প্রকল্প ঘোষণা করেছে। মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগ চালু করার পাশাপাশি দুটি নতুন টেক্সটাইল পার্ক তৈরির ঘোষণা হয়েছে, যার একটি কেরালায় স্থাপিত হবে। এতে স্থানীয় কর্মসংস্থান বাড়বে বলে আশা।
হাই-স্পিড রেল করিডোরে বাংলা-তামিলনাড়ু সংযোগ
পরিবেশবান্ধব যাত্রী পরিবহনে জোর দিয়ে সরকার ৭টি উচ্চ-গতির রেল করিডোর তৈরির প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে, চেন্নাই-বেঙ্গালুরু, হায়দরাবাদ-চেন্নাই এবং বারাণসী-শিলিগুড়ির মতো রুট। এই করিডোরগুলি ভ্রমণের সময় কমাবে ও আঞ্চলিক অর্থনীতিকে গতি দেবে।
কেরলে বন্যপ্রাণী ও ইকো-ট্যুরিজমে জোর
পর্যটনকে কর্মসংস্থানের বড় উৎস হিসেবে গড়ে তুলতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে।
জাতীয় হসপিটালিটি ইনস্টিটিউট গঠন
IIM-এর সহযোগিতায় ১০,০০০ ট্যুরিস্ট গাইডের প্রশিক্ষণ
ডিজিটাল হেরিটেজ নলেজ গ্রিড চালু
ইকো-ট্যুরিজমের আওতায় হিমাচল, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, আরাকু উপত্যকা ও পুদিগাই মালাইয়ে টেকসই পাহাড়ি পথ তৈরি হবে। বন্যপ্রাণী পর্যটনে ওড়িশা, কর্ণাটক ও কেরালায় কচ্ছপ সংরক্ষণ করিডোর এবং পুলিকট হ্রদের পাশে বার্ড-ওয়াচিং ট্রেল গড়ে তোলা হবে।
নারকেল, কাজু ও উচ্চমূল্যের কৃষিতে উৎসাহ
উচ্চমূল্যের কৃষিকে কেন্দ্র করে নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়েছে কেন্দ্র। বিশেষ করে নারকেল, কাজু ও চন্দনের মতো ফসলের উৎপাদনে জোর দেওয়া হয়েছে, যা কেরালা ও তামিলনাড়ুর মতো রাজ্যগুলিকে বিশেষভাবে উপকৃত করবে।
মৎস্য ও পশুপালন খাতে ঋণ-সংযুক্ত ভর্তুকি, জলাধার নির্মাণ এবং মহিলা গোষ্ঠী ও স্টার্টআপের মাধ্যমে বাজার সংযোগ বাড়ানোর পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।
ডানকুনি-সুরাট ফ্রেইট করিডোরে বাংলার লাভ
পশ্চিমবঙ্গের ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত নতুন ডেডিকেটেড ফ্রেইট করিডোর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে ২০টি নতুন জাতীয় জলপথ চালু করার কথা ঘোষণা করা হয়েছে, যা নদী-নির্ভর রাজ্যগুলির জন্য বড় সুবিধা।
স্বাস্থ্যখাতে কেরলে বাড়তি সুযোগ
স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা পর্যটনে কর্মসংস্থান বাড়াতে সরকার ৫টি আঞ্চলিক মেডিক্যাল হাব গড়ে তুলবে। এর মধ্যে থাকবে আয়ুষ কেন্দ্র, ডায়াগনস্টিক ও মেডিক্যাল ট্যুরিজম সুবিধা। এই প্রকল্পে কেরালার মতো রাজ্যগুলি বিশেষভাবে উপকৃত হবে, কারণ দেশের স্বাস্থ্যকর্মীদের বড় অংশ এই রাজ্য থেকে আসেন।