লকডাউন মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং তার জেরে তৈরি হওয়া জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে দেশজুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দেওয়া ভাষণে কোভিড কালের সঙ্কট স্মরণ করিয়েছেন দেশবাসীকে। শুক্রবার সন্ধ্যায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকও ডেকেছেন। এই সবকিছুর মধ্যেই দেশজুড়ে লকডাউনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এদিন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সমস্ত গুজব উড়িয়ে জানান, দেশে কোনও লকডাউন হচ্ছে না।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী শুক্রবার স্পষ্ট করে জানিয়েছেন, কোভিড-১৯ কালের মতো দেশজুড়ে লকডাউন হওয়ার গুজব সম্পূর্ণ ভুয়ো। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খারাপ হলেও কেন্দ্রীয় সরকার এমন কোনও পদক্ষেপের কথা ভাবছে না। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, 'ভারতে লকডাউন নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি পরিষ্কার ভাবে জানাতে চাই, সরকারের তরফে এমন কোনও প্রস্তাব বিবেচনাধীন নেই। এই ধরনের পরিস্থিতিতে আমাদের শান্ত, দায়িত্বশীল এভং ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।'