বাবা-মেয়ে আত্মহত্যাFather Daughter Train Suicide: উত্তরপ্রদেশের উন্নাও জেলার শুক্লাগঞ্জ এলাকায় মর্মান্তিক ঘটনায় পণ্যবাহী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি ও তাঁর কিশোরী কন্যা। মৃতদের নাম বিকাশ গুপ্ত (৪৫) এবং বেদিকা (১৩/১৪)। ২৩ ফেব্রুয়ারি রাতে কানপুর-লখনউ রেলপথের সাহাজানি ক্রসিংয়ের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলের কাছে তাঁদের গাড়ি উদ্ধার করে। সেখান থেকেই একটি সুইসাইড নোট মেলে, যেখানে পারিবারিক অশান্তি ও স্ত্রীর পরিবারের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে বাবা-মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। স্থানীয়দের দাবি, সম্প্রতি পরিবারে অশান্তি চলছিল। প্রতিবেশীদের কাছে বিকাশ আত্মহত্যার ইঙ্গিতও দিয়েছিলেন বলে জানা যায়। সুইসাইড নোটটি মোবাইলের কভারের ভিতর গাড়ির মধ্যেই পাওয়া যায়। সেখানে স্ত্রীর কথিত অসদাচরণ, পারিবারিক বিবাদ ও মানসিক চাপে থাকার কথা উল্লেখ ছিল বলে তদন্তকারী সূত্রে খবর।
ঘটনার জেরে গঙ্গাঘাট থানায় বিকাশের স্ত্রী শৈফালি ওরফে ডালি গুপ্তা এবং তাঁর পরিবারের চার সদস্যের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু হয়েছে। বিকাশের ভাই শিবমের অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের হয়েছে। দেহ দু’টি শনাক্ত করেন স্ত্রী। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনার সময় অল্প সময়ের জন্য রেল চলাচল ব্যাহত হয়।
পুলিশ পরিবার-পরিজনের বয়ান, কল রেকর্ড ও পারিবারিক বিবাদের সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখছে। বিকাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল কি না, তা-ও ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করতে নারাজ পুলিশ।