অভিযোগ, আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করার ফলেই এই নীতি নেওয়া হয়েছে। UPI-তে চার্জ বসানো নিয়ে সমালোচনার ঝড়। এবার UPI ট্রানজাকশনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট(MDR) নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করার ফলেই এই নীতি নেওয়া হয়েছে। বিদেশি চাপের কারণেই UPI লেনদেনে চার্জ বসানোয় সায় দিয়েছে কেন্দ্র। এমনই দাবি কংগ্রেস নেতার।
২,০০০ টাকার বেশি মূল্যের মার্চেন্ট UPI লেনদেনের ক্ষেত্রে MDR চালুর অনুমতি দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, সংখ্যার হিসাবে ২,০০০ টাকার বেশি লেনদেন হয়তো দেশের মোট UPI লেনদেনের মাত্র ৫ শতাংশ। কিন্তু টাকার হিসেবে এই লেনদেন দেশের প্রায় ৬৫ শতাংশ। ফলে এই জায়গায় চার্জ চালু হলে সার্বিক অর্থনীতিতে তার বড়সড় প্রভাব পড়তে পারে বলে দাবি রাহুলের।
UPI-এর মাধ্যমে দোকান, রেস্তোরাঁ, অনলাইন সার্ভিসেস-সহ বিভিন্ন জায়গায় খুব সহজেই টাকা দেওয়া যায়। সাধারণত এর জন্য গ্রাহককে আলাদা করে কোনও চার্জ দিতে হয় না। তবে MDR হল এমন একটি ফি, যা ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে গেলে ব্যবসায়ীদের দিতে হয়।
কেন্দ্রের বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল। তাঁর যুক্তি, গ্রাহকের কাছ থেকে সরাসরি কোনও টাকা নেওয়া না হলেও ব্যবসায়ীর উপর চার্জ চাপানো হলে শেষমেশ জিনিসপত্রের দাম বাড়ানো ছাড়া তাঁদের কাছে কোনও উপায় থাকবে না। ফলে এর এফেক্ট শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপরই পড়তে পারে।
'আমেরিকার চাপে'
UPI-এর MDR নীতি নিয়ে আমেরিকার পেমেন্ট সংস্থাগুলি চাপ দিচ্ছিল বলেও দাবি রাহুলের। বলেন, আমেরিকার পেমেন্ট সংস্থাগুলি দীর্ঘদিন ধরেই ভারতের ‘জ়িরো MDR’ পলিসির বিরোধিতা করে চলেছে।
তাঁর অভিযোগ, কেন্দ্র এখন চাপের মুখেই নীতি বদলের দিকে এগোচ্ছে। একই সঙ্গে তিনি মোদী সরকারের বিরুদ্ধে আমেরিকার চাপের কাছে আত্মসমর্পণের অভিযোগ তুলেছেন।
ভারতে ইউপিআই-এর জনপ্রিয়তা কারও অজানা নয়। ছোট দোকান থেকে বড় ব্যবসা; প্রায় সব জায়গাতেই এখন QR কোড স্ক্যান করে টাকা দেওয়া যায়। তাই UPI-তে চার্জ সংক্রান্ত যেকোনও পরিবর্তন সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীদের উপরেও প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।