২০০০ টাকার বেশি তেলে ক্যাশ দেওয়ার আর্জি১৫ অক্টোবর থেকে দেশজুড়ে UPI-তে লাগু হচ্ছে MDR চার্জ। ২,০০০-এর বেশি UPI লেনদেনর উপর মার্চেন্ট পেমেন্টে ০.৪% MDR রেট বসানোর কথা জানিয়েছে কেন্দ্র। সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, এর কোনও প্রভাব পড়বে না ছোট ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপর। কিন্তু, দোকানদার এবং ব্যবসায়ীরা এই নতুন চার্জ নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। বিশেষ করে পেট্রোল পাম্পগুলোতে নয়া পরিস্থিতি তৈরি হয়েছে।
একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, দেশের বিভিন্ন রাজ্যে পেট্রোল পাম্পগুলি গ্রাহকদের ২০০০ টাকার বেশি জ্বালানির ক্ষেত্রে নগদ দিতে অনুরোধ জানাচ্ছে। রাজস্থানের আলওয়ারের একাধিক পেট্রোল পাম্পে নগদে টাকা দেওয়ার অনুরোধ করে পোস্টার লাগানো হয়েছে বলে জানা গিয়েছে। পেট্রোল ও ডিজেল ভরতে আসা গ্রাহকদের ২,০০০ টাকার বেশি বিলে UPI না করতে অনুরোধ করা হচ্ছে বলে রিপোর্টে দাবি। অর্থাৎ পেট্রোল পাম্পগুলি UPI-এর আগের যুগে, সেই ক্যাশেই ফিরে যাচ্ছে।
পেট্রোল পাম্প চালানো কর্মীদের দাবি, অক্টোবর মাস থেকে এই চার্জ কার্যকর হবে। । তাই, তাঁরা বর্তমানে ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করছেন। তবে, মানুষকে বিষয়টি সম্পর্কে সচেতন করতে তাঁরা এই নির্দিষ্ট পরিমাণের বেশি ইউপিআই পেমেন্ট নিচ্ছেন না।
তবে শুধুমাত্র আলওয়ার নয়, একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে দিল্লি, কাশ্মীর, মধ্যপ্রদেশের মতো রাজ্যে পেট্রোল পাম্পে ২০০০ টাকার বেশি ক্ষেত্রে UPI -তে টাকা নিতে চাইছে না পাম্পগুলি। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স-এর মধ্যপ্রদেশের ভোপালের জেলা সভাপতি ধর্মেন্দ্র শর্মা জানিয়েছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে রাজ্যুজড়ে থাকা ৪৭০০টি পেট্রোল পাম্প ক্ষতিগ্রস্থ হতে পারে। তিনি বলেন, " UPI-কে বছরের পর বছর ধরে ডিজিটাল ভারত, ক্যাশলেস ইকোনমি এবং স্বচ্ছ ব্যবসার একটি প্রধান স্তম্ভ হিসেবে প্রচার করা হলেও, ব্যবসায়ীরা এখন প্রস্তাবিত এমডিআর নিয়ে উদ্বিগ্ন।"
মধ্যপ্রদেশের পেট্রোল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অজয় সিং সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, সরকার যদি MDR রেট তুলে না নেয়, তবে সংগঠনের সদস্যরা ১৬ অক্টোবর থেকে তাদের ফুয়েল স্টেশনগুলিতে ২,০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্ট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফেডারেশন অফ অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ট্রেডার্সও জানিয়েছে, সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে নির্দিষ্ট সীমার পরে আর UPI পেমেন্ট নেওয়া হবে না।
পেট্রোল পাম্পে কত MDR চার্জ করা হবে?
NPCI-এর সার্কুলারে বলা হয়েছে, UPI MDR চার্জের ০.৪ শতাংশ হারের ক্ষেত্রে পেট্রোল পাম্পকে ধরা হবে না। বরং ফ্ল্যাট ৫ টাকা চার্জ করা হবে। ২০০১ টাকা থেকে শুরু করে ১০,০০০ বা তারও বেশি যে কোনও পরিমাণের ক্ষেত্রেই ৫ টাকা MDR পেমেন্ট করা হবে ব্যবসায়ীদের অ্যাকাউন্ট থেকে।