UP MLC Result 2026: খোদ মোদীর বারাণসীর দু'টি আসনেই BJP হারল, তাত্‍পর্যপূর্ণ রেজাল্ট অখিলেশের সপা-র

লখনউ শিক্ষক বিধান পরিষদ, মেরঠ-সাহারানপুর শিক্ষক বিধান পরিষদ, বরেলি শিক্ষক বিধান পরিষদ ও মেরঠ-সাহারানপুর স্নাতক আসন সহ অন্যান্য আসনে জিতেছে বিজেপি। উত্তরপ্রদেশের ১১টি বিধান পরিষদ আসনে ভোটগ্রহণ হয়। ২০২৭ সালের বিধানসভার আগে উত্তরপ্রদেশের রাজনীতিতে এই রেজাল্ট বিশেষ গুরুত্বপূর্ণ। 

Advertisement
খোদ মোদীর বারাণসীর দু'টি আসনেই BJP হারল, তাত্‍পর্যপূর্ণ রেজাল্ট অখিলেশের সপা-রঅখিলেশ যাদব, যোগী আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • ২০২৭ সালের বিধানসভার আগে উত্তরপ্রদেশের রাজনীতিতে এই রেজাল্ট বিশেষ গুরুত্বপূর্ণ
  • বারাণসীর বিধান পরিষদ নির্বাচনের রেজাল্ট তাত্‍পর্যপূর্ণ
  • ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন সপা-র?

আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের বিধান পরিষদের নির্বাচনে চোখে পড়ার মতো রেজাল্ট করল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। বিশেষ করে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা আসন বারাণসীতে শিক্ষক বিধান পরিষদ (MLC) আসনটি ধরে রাখল সমাজবাদী পার্টি (SP)। পাশাপাশি, বারাণসীর স্নাতক বিধান পরিষদ আসনেও নির্ণায়ক জয়ের পথে সমাজবাদী পার্টি। আগ্রার শিক্ষক বিধান পরিষদ আসনেও জয় পেয়েছে SP। যদিও সামগ্রিকভাবে এগিয়ে রয়েছে বিজেপি। পাঁচটি আসনে জয় পেয়েছে গেরুয়া শিবির, আরও একটি আসনে এগিয়ে রয়েছে তারা।

লখনউ শিক্ষক বিধান পরিষদ, মেরঠ-সাহারানপুর শিক্ষক বিধান পরিষদ, বরেলি শিক্ষক বিধান পরিষদ ও মেরঠ-সাহারানপুর স্নাতক আসন সহ অন্যান্য আসনে জিতেছে বিজেপি। উত্তরপ্রদেশের ১১টি বিধান পরিষদ আসনে ভোটগ্রহণ হয়। ২০২৭ সালের বিধানসভার আগে উত্তরপ্রদেশের রাজনীতিতে এই রেজাল্ট বিশেষ গুরুত্বপূর্ণ। 

উত্তরপ্রদেশের এই শিক্ষক বিধান পরিষদ ও স্নাতক বিধান পরিষদ বিষয়টি কী?

এই ধরনের বিধান পরিষদীয় আসন রয়েছে সেই সব রাজ্যে, যেখানে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা আছে। অর্থাৎ যেখানে বিধানসভার পাশাপাশি বিধান পরিষদও রয়েছে। সংবিধান প্রণয়নের সময় মনে করা হয়েছিল, বিধান পরিষদের কিছু সদস্যকে শুধুমাত্র শিক্ষিত ভোটারদের মাধ্যমে নির্বাচিত করা হলে জাতপাত, ধর্ম, অর্থবল কিংবা পেশিশক্তির প্রভাব কিছুটা কমানো সম্ভব হবে। সেই কারণেই স্নাতক ও শিক্ষক নির্বাচনী কেন্দ্রের বিধান পরিষদ (MLC) নির্বাচনে পছন্দভিত্তিক ভোটদান পদ্ধতি ব্যবহার করা হয়। এই নির্বাচনে ভোট দিতে পারেন শুধুমাত্র নিবন্ধিত স্নাতক বা শিক্ষকরা। সাধারণ মানুষ এই নির্বাচনে ভোট দেওয়ার অধিকারী নন।

বারাণসীর বিধান পরিষদ নির্বাচনের রেজাল্ট তাত্‍পর্যপূর্ণ

বারাণসী লোকসভা আসনটি যেহেতু খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, তাই বারাণসীর বিধান পরিষদ নির্বাচনের দিকে আলাদা নজর রাখা হচ্ছে। যদিও বিধান পরিষদের রেজাল্ট দেখে সরাসরি ভোটারদের মুড বোঝা যায় না, তবুও স্থানীয় স্তরে কোনও দলের ভিত্তি কটা মজবুত, তার আভাস মেলে।  বারাণসীর শিক্ষক বিধান পরিষদ (MLC) আসনে বিজেপির প্রমোদ কুমার মিশ্রকে ৪,৮৯৮ ভোটে হারিয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী লালবিহারী যাদব। ২০২০ সালের নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রমোদ হেরেছিলেন মাত্র ৯৩৬ ভোটে। এবার ব্যবধান অনেকটাই বাড়িয়ে জয় পেলেন লালবিহারী।

Advertisement

বারাণসীর স্নাতক বিধান পরিষদ আসনেও বিজেপির প্রার্থী কেদারনাথ সিংয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পথে সমাজবাদী পার্টির আশুতোষ সিনহা। লালবিহারী যাদবের কথায়, দলের প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব, যিনি সমর্থকদের কাছে ‘নেতাজি’ নামে পরিচিত ছিলেন, শিক্ষকদের প্রতি যে দৃষ্টিভঙ্গি পোষণ করতেন, অখিলেশের মনোভাবও একই রকম।

২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন সপা-র?

বারাণসীতে এই জয়কে আগামী বছরের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সমাজবাদী পার্টির নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিজেপির এই পরাজয়কে রাজ্যের রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও তুলে ধরছেন তাঁরা। সপা নেতাদের একাংশ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বারাণসীতে মোদীর জয়ের ব্যবধানের প্রসঙ্গও টেনেছেন। ২০১৪ ও ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালে তাঁর জয়ের ব্যবধান কমেছিল। ওই নির্বাচনে প্রথম দিকে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত কংগ্রেসের অজয় রাইকে দেড় লক্ষেরও বেশি ভোটে হারান মোদী।

বারাণসী ডিভিশনের অন্তর্গত বারাণসী ছাড়াও চান্দৌলি, গাজিপুর, জৌনপুর, মির্জাপুর, সোনভদ্র, ভাদোহি ও বালিয়া জেলা। ফলে এই অঞ্চলে SP-র সাফল্যকে ২০২৭ সালের নির্বাচনের আগে দলের মনোবল বাড়ানোর মতো ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে বারাণসীতে পরাজিত হলেও উত্তরপ্রদেশের অন্য অঞ্চলে ভাল ফল করেছে বিজেপি। বিশেষ করে পশ্চিম ও উত্তর উত্তরপ্রদেশে নিজেদের শক্ত ঘাঁটি ধরে রাখতে পেরেছে গেরুয়া শিবির। ফলে রাজ্যজুড়ে MLC নির্বাচনের ফলাফলে একদিকে যেমন বারাণসীতে SP-র সাফল্য নজর কেড়েছে, অন্যদিকে সামগ্রিক ফলাফলে বিজেপির শক্তিও স্পষ্ট হল।

POST A COMMENT
Advertisement