মহারাষ্ট্রের হাসপাতালে ভেন্টিলেটর ব্লাস্টমহারাষ্ট্রের অমরাবতীর জেলা মহিলা হাসপাতালে ভয়াবহ ঘটনা। ভেন্টিলেটর ব্লাস্ট করে হাসপাতালের শিশু বিভাগে বিধ্বংসী আগুন লাগে সোমবার ভোরে। ঘটনায় কমপক্ষে ৩ সদ্যোজাতের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
অমরাবতীর ওই মহিলা হাসপাতালের নিওন্যাটাল ইনটেন্সিভ কেয়ারে (NICU) এদিন ভোর সাড়ে ৩টে নাগাদ আগুনের শিখা দেখা যায়। জানা গিয়েছে, তৃতীয় তলের ওই NICU-র ভেন্টিলেটর ব্লাস্ট করেই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। তবে প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, ওই NICU-তে মোট ৩৯ সদ্যোজাত ছিল। সেখানেই বিধ্বংসী আকার ধারণ করে আগুন। কর্মরত ডাক্তার, নার্স এবং হাসপাতাল স্টাফেরা দ্রুত NICU খালি করতে শুরু করেন। আগুনের শিখা ক্রমশ বাড়তে থাকে, ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। তার মধ্যেই হাসপাতালের কর্মীরা সদ্যোজাতদের বের করে আনার চেষ্টা করেন। অধিকাংশ শিশুকেই নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়। যদিও ৩ জনের শরীর ঝলসে যায়। তাদের আর বাঁচানো সম্ভব হয়নি। আরও ৬ জনের জখমও গুরুতর। তাদের অন্য সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে মহারাষ্ট্রের ওই হাসপাতালে। কর্তৃপক্ষের তরফেই একটি তদন্ত করা হচ্ছে। যন্ত্রাংশ এবং অন্যান্য সিস্টেমে কী গলদ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। NICU সম্পূর্ণ ঝলসে গিয়েছে। প্রশাসনের তরফে এ-ও দেখা হচ্ছে, হাসপাতালে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিক ছিল কি না।
NCP (SP) সাংসদ সুপ্রিয়া সুলে ঘটনা শোকপ্রকাশ করেছেন এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে সুপ্রিয়া নিরাপত্তার মাপকাঠি নিয়ে প্রশ্ন তোলেন। মহারাষ্ট্র সরকারকে সমস্ত হাসপাতালে ফায়ার সেফটি অডিটের দাবি জানিয়েছেন। চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রাংশেরও অডিট চেয়েছেন তিনি।