বন্দে ভারতের দইতে পোকাবন্দে ভারতে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। ১০ লক্ষ টাকা জরিমানা হল আইআরসিটিসি-র। অভিযোগ, ট্রেনে দেয়া দইতে পোকা ছিল। প্রশ্ন উঠতে শুরু করে, প্রিমিয়াম ট্রেনে খাবারের মান নিয়ে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই ব্যবস্থা নেয় রেল। ঘটনাটি ঘটেছে পটনা থেকে টাটানগর যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেসে।
কী অভিযোগ?
খাবার দেওয়ার পরেই ভিডিও করতে থাকেন রিতেশ কুমার সিং নামে এক যাত্রী। তাঁর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায়, দইয়ে পোকা কিলবিল করছে। এরপরেই ব্যবস্থা নেয় ভারতীয় রেল। ১০ লক্ষ টাকা জরিমানা করা হয় কেটারিং-এর দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে। শুধু তাই নয়, লাইসেন্সও বাতিল করে দেওয়া হয়েছে সেই সংস্থার।
ভিডিওতে দেখা যায় রিতেশ Amul দই-এর একটা কাপ দেখাচ্ছেন, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে পোকা নড়াচড়া করছে। এরপর তিনি আরেকটা কাপ দেখান, যেখানে একই সমস্যা দেখা যায়। তিনি বলেন, দ্বিতীয় কাপটা আরেকজন যাত্রীর ছিল, যিনি অজান্তেই অর্ধেক খেয়ে ফেলেছিলেন। ওই যাত্রী আরও দাবি করেন, তিনি ট্রেনের স্টাফদের বিষয়টা জানানোর চেষ্টা করেছিলেন। তিনি ম্যানেজারকে ব্যবস্থা নিতে বলেন, কিন্তু কেউই অভিযোগের বিষয়ে এগিয়ে আসেননি।
যা জানাল রেল
রেল মন্ত্রক এই পোস্ট দেখে বিবৃতি জারি করেছে। সেখানে বোলা হয়, 'ট্রেন নম্বর ২১৮৯৬ (Patna - Tatanagar Vande Bharat Express)-এ ১৫ মার্চ ২০২৬ তারিখে এক যাত্রী খাবারের মান নিয়ে যে অভিযোগ করেছেন, তা গুরুত্ব সহকারে দেখা হয়েছে। ব্যবস্থা নেওয়া হয়েছে, IRCTC-কে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে, সার্ভিস প্রোভাইডারকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কন্ট্রাক্ট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও মান আমাদের প্রথম অগ্রাধিকার।'
রেল ব্যবস্থা নিলেও, এ নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে নানা মহলে। অনেকদিন ধরেই বন্দে ভারতের খাবার নিয়ে নানা অভিযোগ সামনে আসছিল। তবে খাবারে পোকা পাওয়ার এই ঘটনা একেবারে নতুন।