SIR বিতর্কের মাঝেই SSR ঘোষণা নির্বাচন কমিশনের, এবার হবেটা কী?

দেশজুড়ে এসআইআর নিয়ে বিতর্ক এবং আদালতে একাধিক আবেদন চলার মধ্যেই এসএসআর ঘোষণা করল নির্বাচন কমিশন। তারা আরও জানিয়েছে, যে সব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের কাজ এখনও চলছে বা সম্প্রতি শেষ হয়েছে, সেখানে এসএসআরের বিস্তারিত সময়সূচি পরে আলাদা করে ঘোষণা করা হবে।

Advertisement
SIR বিতর্কের মাঝেই SSR ঘোষণা নির্বাচন কমিশনের, এবার হবেটা কী?এসএসআর ঘোষণা করল কমিশন
হাইলাইটস
  • দেশজুড়ে এসআইআর নিয়ে বিতর্ক।
  • এসএসআর ঘোষণা করল নির্বাচন কমিশন।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা আপডেট করতে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (SSR) ঘোষণা করল নির্বাচন কমিশন। কোন কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? আর এসএসআরে হবেটা কী? চলুন জেনে নেওয়া যাক।

আগামী বছর বা তার পর বিধানসভা নির্বাচন হবে, এমন ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন করবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে এই ঘোষণা করা হয়েছে। এসআইআরের পর ভোটার তালিকায় প্রয়োজনীয় সংশোধনের জন্যই এই উদ্যোগ। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, মণিপুর ও গোয়ার মতো রাজ্যে বিধানসভা নির্বাচন সমাসন্ন। তার আগে এসএসআরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মূল লক্ষ্য নতুন ও প্রথমবার ভোট দিতে চলা নাগরিকদের ভোটার তালিকায় নাম তোলা এবং নির্ভুল রাখা। 

১ জানুয়ারি ২০২৭ থেকে সংশোধন

উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, মণিপুর ও গোয়া-সহ সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে, এই এসএসআর প্রক্রিয়ার ক্ষেত্রে ২০২৭ সালের ১ জানুয়ারিকে মানদণ্ড হিসেবে ধরা হবে। বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের মূল উদ্দেশ্য হল, ভোটদানের যোগ্য নাগরিকদের বিশেষত তরুণ ও প্রথমবার ভোট দিতে চলা ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা। পাশাপাশি তালিকায় থাকা ভুলত্রুটি সংশোধন এবং ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করাও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

কোন কোন রাজ্যে হবে এসএসআর?

উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর, পঞ্জাব ছাড়াও বিহার, তামিলনাড়ু, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগঢ়, গুজরাত, কেরল, অসম, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ।

খসড়া ভোটার তালিকা কবে

কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রকাশিত হবে ছবিযুক্ত খসড়া ভোটার তালিকা। তারপর এক মাস অর্থাৎ ১১ ডিসেম্বর পর্যন্ত তালিকায় নতুন নাম তোলা, নাম বাদ দেওয়া বা অন্য কোনও সংশোধনের জন্য দাবি ও আপত্তি জানানো যাবে।

Advertisement

চূড়ান্ত তালিকা কবে

দাবি ও আপত্তিগুলির নিষ্পত্তি হওয়ার পর ২০২৭ সালের ৪ জানুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আগাম আবেদন

নতুন ভোটারদের জন্য আগাম আবেদন জমা দেওয়ার ব্যবস্থাও থাকছে। ২০২৭ সালের ১ জানুয়ারির পাশাপাশি ওই বছরের ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবরের জন্যও আগাম আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছে কমিশন। অর্থাৎ ২০২৭ সালের পরেও যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাঁরাও আগেভাগে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন।

একাধিক রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ

উত্তরপ্রদেশের ৪০৩ আসনের বিধানসভার মেয়াদ আগামী বছরের ২২ মে শেষ হচ্ছে। ৬০ আসনের মণিপুর, ৪০ আসনের গোয়া, ১১৭ আসনের পঞ্জাব এবং ৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভার মেয়াদ ২০২৭ সালের মার্চ মাসেই শেষ হবে। জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০ অনুযায়ী, বিধানসভার মেয়াদ শেষ হওয়ার ৬ মাস আগে পর্যন্ত নির্বাচন আয়োজনের সুযোগ রয়েছে। 

TAGS:
POST A COMMENT
Advertisement