ভারতের বুলেট ট্রেনের টপ স্পিডদেশের মাটিতে বেশ কিছু বছর ধরেই চলছে সেমি হাইস্পিড ট্রেন। বন্দে ভারতে চেপে মোটামুটি অভ্যাস করে ফেলেছেন অনেকেই। এখন 'দিল মাঙ্গে মোর'। তাই দেশের বুলেট ট্রেনে চাপার সাধ তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। আর সেই বিষয়টা বুঝে নিয়ে ইতিমধ্যেই বুলেট ট্রেনের ঘোষণা করে দিয়েছে ভারত সরকার। শুধু ঘোষণাই নয়, বুলেট ট্রেনের লাইন পাতার কাজও জোর কদমে চলছে। এমনকী হচ্ছে ইলেকট্রিফিকেশন। যদিও বুলেট ট্রেনের কাজ এগিয়ে যাওয়ার পরও অনেকের কাছে বেশ কিছু তথ্য নেই। তাঁরা জানেন না, এই ট্রেনের টপ স্পিড কত হবে? কবে চালু হবে এই ট্রেন? আর আপনিও সেই দলে থাকলে এই প্রতিবেদন থেকেই সবটা জেনে নিন। (ছবি: প্রতীকী)
ভারতে বুলেট ট্রেন চলবে কবে?
এই বিষয়টা নিয়ে মুখ খুলেছে রেল মন্ত্রক। তারা জানিয়েছে, জোর কদমে বুলেট ট্রেনের কাজ চলছে। এভাবে কাজ চলতে থাকলে ২০২৭ সালের ১৫ অগাস্টই দেশের মাটিতে দৌড়বে প্রথম বুলেট ট্রেনে। সেই ট্রেনে চেপে ঝড়ের গতিতে দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে পৌঁছে যাওয়া যাবে। ভারতের নামও জুড়ে যাবে উন্নত দেশগুলির তালিকায়।
কোথায় চালু হবে এই ট্রেন?
দেশে প্রথম বুলেট ট্রেন চলবে মুম্বই থেকে আহমেদাবাদে। এই রুটের দূরত্ব ৫০৮ কিমি। এই রুটে বেশ কয়েকটি স্টেশনে দাঁড়াবে ট্রেন। আর সেই স্টেশনগুলি হল, মুম্বই, থানে, বিরার, বোইসার, ভাপি, বিলিমোরা, সুরাট, ভরুচ, ভাদোদরা, আনন্দ, আহমেদাবাদ এবং সবরমতী।
বুলেট ট্রেনের টপ স্পিড কত হবে?
নামটা যখন বুলেট ট্রেন, তখন এর স্পিড যে অত্যন্ত বেশির দিকে থাকবে, সেই কথা তো বলাই বাহুল্য! এই ট্রেনে চেপেই এক জায়গা থেকে খুব কম সময়ের মধ্যে অন্যত্র চলে যেতে পারবেন। বাঁচবে অনেকটা সময়।
এবার টপ স্পিডের কথায় আসা যাক। ভারতীয় রেল জানিয়েছে, বুলেট ট্রেনের টপ স্পিড হবে ৩২০ কিমি প্রতি ঘণ্টা। তবে এই ট্রেনের এভারেজ স্পিড বা গড় গতি সম্পর্কে নির্দিষ্ট করে কিছুই জানান হয়নি।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এতদিন মুম্বই থেকে আহমেদাবাদ যেতে ৬ ঘণ্টা মতো সময় লাগত। তবে বুলেট ট্রেনে এই দূরত্ব মাত্র ২ ঘণ্টায় কভার করা যাবে।
কতদূর কাজ?
দ্রুত গতিতে চলছে বুলেট ট্রেনের কাজ। এক্ষেত্রে হাই স্পিড ট্রেন চলার জন্য করিডর বসানো হচ্ছে। আসলে সাধারণ রেলওয়ে লাইনে চলতে পারবে না বুলেট ট্রেন। তাই দ্রুত গতির ট্রেনের ধকল নিতে সক্ষম, এমন লাইন পাতা হচ্ছে। ওদিকে আবার ইলেকট্রিফিকেশনের কাজও চলছে ঝড়ের গতিতে। এই কাজটা শেষ হলেই শুরু হবে টেস্ট রান।
ভাড়া কী হবে?
সাধারণ ট্রেনের থেকে এর ভাড়া বেশি হবে। এমনকী বন্দে ভারতের থেকে বেশি দামি হবে টিকিট। কিন্তু এর ভাড়া ঠিক কত হবে, সেটা নির্দিষ্ট করে এখনও জানান হয়নি। তাই সেই খবরের জন্য এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।