Mohammad Sharif: 2008 সালের রামপুর জঙ্গি হামলায় অভিযুক্ত খুন, মহম্মদ শরিফের পুরো কাহিনি

যে মামলায় তদন্তের একাধিক গাফিলতির কারণে এক ব্যক্তির মৃত্যুদণ্ড খারিজ হয়েছিল, সেই ব্যক্তিকেই এবার গুলি করে খুন করা হল। তাঁর হত্যাকাণ্ড ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য।

Advertisement
2008 সালের রামপুর জঙ্গি হামলায় অভিযুক্ত খুন, মহম্মদ শরিফের পুরো কাহিনিজঙ্গি হামলায় অভিযুক্ত। পরে ছাড়া। এবার খুন।
হাইলাইটস
  • প্রাথমিক তদন্তে শরিফের সঙ্গে কারও শত্রুতার কোনও তথ্য সামনে আসেনি।
  • আপাতত খুনের কারণ স্পষ্ট নয়।

জঙ্গি হামলার মামলায় ফাঁসির সাজা হয়েছিল। প্রায় ১৭ বছর জেলে কাটানোর পর হাইকোর্টে মামলার শুনানি। তদন্তে একাধিক গুরুতর গাফিলতি খুঁজে পায় আদালত। খারিজ হয়ে যায় ফাঁসির সাজা। জেল থেকে মুক্তিও পান। কিন্তু মুক্তির বছর ঘুরতে না ঘুরতেই খুন। এই কাহিনি মহম্মদ শরিফের। এই হত্যাকাণ্ড ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ১৭ বছর জেলে কাটিয়ে মুক্তি পাওয়া শরিফকে কেন খুন করা হল? এর সঙ্গে কি পুরনো জঙ্গি হামলার কোনও যোগ রয়েছে? গোটা ঘটনা জেনে নেওয়া যাক।

২০০৭ সালে উত্তরপ্রদেশের রামপুরে সিআরপিএফ শিবিরে জঙ্গি হামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন মহম্মদ শরিফ। ২০১৯ সালের নভেম্বরে নিম্নআদালত তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল। কিন্তু ২০২৫ সালের অক্টোবরে জঙ্গি হামলা, খুন এবং ষড়যন্ত্রের অভিযোগ থেকে তাঁকে বেকসুর খালাস করে দেয় এলাহাবাদ হাইকোর্ট। ২০২৬ সালের ১০ নভেম্বর রামপুরে দুই বাইক আরোহী আততায়ী তাঁকে গুলি করে খুন করে। এখন হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

২০০৭ সালে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা

২০০৭ সালের ৩১ ডিসেম্বরের রাত। উত্তরপ্রদেশের রামপুরে সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। রাত আড়াইটে নাগাদ সশস্ত্র হামলাকারীরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তাদের হাতে ছিল একে-৪৭ রাইফেল এবং হ্যান্ড গ্রেনেড। ওই হামলায় সিআরপিএফের ৭ জওয়ান এবং এক রিকশা চালকের মৃত্যু হয়। আহত হন আরও পাঁচ জন। তদন্তে এই হামলার পিছনে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার নাম উঠে আসে। তদন্তের পর মহম্মদ শরিফ-সহ বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযোগ ছিল, তারাই হামলার ষড়যন্ত্র ও সাহায্য করেছিল।

২০১৯ সালে ফাঁসির সাজা

এবার আসা যাক আদালতের রায়ে। ২০১৯ সালের নভেম্বরে রামপুরের নিম্ন আদালত মহম্মদ শরিফ, সাবাউদ্দিন, ইমরান শাহজাদ এবং মহম্মদ ফারুককে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। অন্য অভিযুক্ত জং বাহাদুর খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

Advertisement

২০২৫ সালে হাইকোর্টে বড় ধাক্কা

এরপর মামলাটি যায় এলাহাবাদ হাইকোর্টে। সেখানে তদন্তের পদ্ধতি এবং তথ্যপ্রমাণ নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন ওঠে। ২০২৫ সালের ২৯ অক্টোবর নিম্ন আদালতের রায় খারিজ করে দেয় হাইকোর্ট। 

কী কী গাফিলতি ছিল তদন্তে?

অভিযুক্তদের শনাক্ত করার জন্য টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড বা টিআইপি করানো হয়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্র, কার্তুজ এবং গ্রেনেড সুরক্ষিত রাখার ক্ষেত্রেও গাফিলতি ছিল। আদালত দেখতে পায়, উদ্ধার হওয়া ওই প্রমাণগুলি কোথায় রাখা হয়েছিল এবং কার হেফাজতে ছিল, তার সঠিক নথি পুলিশের কাছে নেই। এছাড়াও কয়েক জন গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান আদালতে পেশ করা হয়নি। আদালতের পর্যবেক্ষণ, তদন্তের এই ত্রুটিগুলি মামলার একেবারে গোড়াতেই আঘাত করেছে। ফলে অভিযুক্তদের বিরুদ্ধে মূল অভিযোগগুলি প্রমাণ করা সম্ভব নয়।

তবে হাইকোর্ট সব অভিযুক্তকে সম্পূর্ণ ভাবে বেকসুর খালাস করেনি। নিষিদ্ধ অস্ত্র রাখার অভিযোগে অস্ত্র আইনের ২৫(১এ) ধারায় ৫ জনের সাজা বহাল রাখা হয়। তাঁদের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। তবে আদালত জানায়, ইতিমধ্যে জেলে কাটানো সময়কেও এই সাজা হিসাবের মধ্যে ধরতে হবে। মহম্মদ শরিফ তত দিনে প্রায় ১৭ বছর জেলে কাটিয়ে ফেলেছিলেন। ফলে ২০২৫ সালের নভেম্বরেই তিনি মুক্তি পান।

থানায় হাজিরা দিয়ে ফেরার পথে গুলি করে খুন

এবার আসা যাক ২০২৬ সালের ১০ নভেম্বরের ঘটনায়। রামপুরের বদনপুরী গ্রামে পরিবারের সঙ্গে থাকছিলেন মহম্মদ শরিফ। মঙ্গলবার ছেলে আবু ওয়াইস খানের সঙ্গে বাইকে চেপে খাজুরিয়া থানায় গিয়েছিলেন। পুলিশ ভেরিফিকেশনের জন্য তাঁকে থানায় ডাকা হয়েছিল। থানা থেকে ফেরার পথে পিছন দিক থেকে একটি বাইকে চেপে আসে দুই আততায়ী। মুখ ঢাকা ছিল। শরিফকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন শরিফ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রাণে বেঁচে যান তাঁর ছেলে।

পুলিশের ভূমিকায় প্রশ্ন পরিবারের

এই হত্যাকাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শরিফের পরিবার। পরিবারের এক সদস্যের অভিযোগ, পুলিশ বারবার শরিফকে থানায় ডেকে পাঠাচ্ছিল। পুলিশই যখন তাঁকে ভেরিফিকেশনের জন্য থানায় ডেকেছিল, তখন তাঁর নিরাপত্তার দায়িত্ব কার ছিল? গুলিবিদ্ধ হওয়ার পর পুলিশ সময়মতো সাহায্য করেনি বলেও অভিযোগ করেছে পরিবার। এই অভিযোগগুলির তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

৩ বড় প্রশ্ন

এই হত্যাকাণ্ডের তদন্তে আপাতত পুলিশের সামনে তিনটি বড় প্রশ্ন রয়েছে। মহম্মদ শরিফকে কারা খুন করল? তিনি থানায় যাচ্ছেন এবং সেখান থেকে ফিরছেন, সেই খবর হামলাকারীরা কীভাবে পেল?এই খুনের সঙ্গে ২০০৭ সালের সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলার কোনও যোগ রয়েছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ?

POST A COMMENT
Advertisement