কেন ডাবরের মধু, ঘি বিক্রিতে বিধিনিষেধ চাপাল FSSAI?দেশের বহু বাড়িতে মধু বলতে 'ডাবর হানি'-কেই বোঝায়। ওষুধের দোকান থেকে শুরু করে ছোট মুদি দোকানেও ডাবর হানি-র অবাধ গতি। একই অবস্থা ডাবর-এর ঘি'এর ক্ষেত্রেও। চোখ বুজে ভরসা করেই এই প্রোডাক্টগুলি কেনে ভারতীয়রা। কিন্তু সেই ভরসাতে ধাক্কা! ডাবরের একাধিক প্রোডাক্টের উপর বিধিনিষেধ চাপিয়ে দিল FSSAI। ‘১০০ শতাংশ বিশুদ্ধতা’র বিভ্রান্তিকর দাবিসহ ডাবরের বেশ কিছু প্রোডাক্টের বিক্রি ব্য়ান করল নিয়ন্ত্রক সংস্থা।
কিন্তু ঠিক কী কারণে এমন কড়া পদক্ষেপ এল ডাবর-এর বিরুদ্ধে গোটা বিষয়টি, বুঝে নেওয়া যাক।
FSSAI-এর তরফে দাবি করা হয়েছে,ডাবরের কিছু প্রোডাক্ট কোম্পানির ওয়েবসাইটে ‘১০০% প্রাকৃতিক’, ‘১০০% বিশুদ্ধ’, ‘১০০% বিশুদ্ধতার নিশ্চয়তা’, ‘১০০% অর্গ্যানিক’, ‘১০০% ডাবের জল’-এর মতো লেবেল দিয়ে বিক্রি হচ্ছে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া-র বক্তব্য এই '১০০ শতাংশ' সংক্রান্ত দাবি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ক্লেইম) রেগুলেশন, ২০২৮-এর বিরোধী।
FSSAI জানিয়েছে, ডাবর-এর বেশ কিছু প্রোডাক্ট- যেমন ডাবর হিমালয়ান অর্গ্যানিক অ্যাপেল সিডার ভিনেগার, ডাবর অর্গ্যানিক হানি-র মতো দ্রব্যে জৈবিক ভারত লোগো লক্ষ্য করা গিয়েছে। এই জৈবিক ভারত লোগো'টি খাঁটি জৈব খাদ্য দ্রব্যকে আাদা করার জন্য বিশেষভাবে দেওয়া হয়। কিন্তু ডাবর নিয়ম না মেনেই সেই লোগো ব্যবহার করেছে। যার জেরে FSS (Organic Foods) Regulations, 2017 আইনটি লঙ্ঘিত হয়েছে।
FSSAI-এর দাবি, বিষয়টি আগেই ডাবর এক কাছে উপস্থাপিত করে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু কোম্পানি বিষয়টি গা করেনি। এরপরেই কড়া পদক্ষেপ নিল ফুড সেফটি সংস্থা।
আপাতত, ডাবর ইন্ডিয়া লিমিটেডকে এই ধরনের '১০০ শতাংশ' সংক্রান্ত লেবেল সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কোম্পানিকে আগামী ১৫ দিনের মধ্যে পদক্ষেপের রিপোর্টও জমা দিতে বলা হয়েছে।
ডাবর-এর তরফে জানানো হয়েছে, কোম্পানি ইতিমধ্যেই FSSAI-এর নোটিশ পেয়েছে। নোটিশে যে যে বিষয় উল্লেখ করা হয়েছে সেগুলি নিয়ে তাঁরা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে।