অনলাইন ক্লাস, ওয়ার্ক ফ্রম হোম এবং বিকল্প প্রশাসনিক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।অনলাইন ক্লাস, ওয়ার্ক ফ্রম হোম এবং বিকল্প প্রশাসনিক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।Yogi Adityanath: অনলাইন ক্লাস আর ওয়ার্ক ফ্রম হোম শুরু হতে পারে উত্তরপ্রদেশে। পেট্রোল সঙ্কটের আবহে সাময়িকভাবে যাতায়াত কমানো হতে পারে। এমনই ভাবনা উত্তরপ্রদেশ সরকারের। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়ার্ক ফ্রম হোম এবং জ্বালানি সাশ্রয়ের বার্তা দেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে এটি খুবই জরুরি বলে জানান। এরপরই লখনউয়ে জরুরি বৈঠকে বসে যোগী আদিত্যনাথ সরকার। অনলাইন ক্লাস, ওয়ার্ক ফ্রম হোম এবং বিকল্প প্রশাসনিক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
মঙ্গলবার লখনউয়ের ৫ কালিদাস মার্গে সরকারি বাসভবনে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বৈঠকে সম্ভাব্য জরুরি পরিস্থিতিতে কী ভাবে প্রশাসন এবং শিক্ষা ব্যবস্থা সচল রাখা যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, রাজ্যে অনলাইন পড়াশোনা আরও কার্যকর ভাবে চালুর প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারি দফতরের মধ্যে সমন্বয়, জরুরি নির্দেশিকা এবং বিকল্প কাজের পদ্ধতি নিয়েও চিন্তাভাবনা শুরু করেছে প্রশাসন। প্রয়োজন হলে দ্রুত নতুন ব্যবস্থা কার্যকর করা যায়, সেই লক্ষ্যেই এই প্রস্তুতি বলে মনে করা হচ্ছে।
সরকারি সূত্রে দাবি, শিক্ষা ব্যবস্থা যাতে কোনও পরিস্থিতিতেই ক্ষতিগ্রস্ত না হয়, সে দিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজনে অনলাইন ক্লাস অবিলম্বে চালু করার মতো প্রস্তুতি রাখতে বলা হতে পারে সংশ্লিষ্ট দফতরগুলিকে। একই সঙ্গে সরকারি অফিসগুলিতে ধাপে ধাপে ওয়ার্ক ফ্রম হোম চালুর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি গুজরাটের ভদোদরায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী Narendra Modi বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁর মতে, করোনা অতিমারির পর থেকেই গোটা বিশ্ব অস্থিরতার মধ্যে রয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করেছে।
সেই প্রেক্ষিতেই দেশবাসীর কাছে একাধিক আবেদন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অপ্রয়োজনীয় জ্বালানি খরচ কমাতে হবে। পেট্রোল-ডিজেলের ব্যবহার যতটা সম্ভব কমানোর পরামর্শ দেন তিনি। পাশাপাশি মেট্রো, ইলেকট্রিক বাস এবং গণপরিবহণ বেশি ব্যবহার করার কথাও বলেন। কারপুলিংয়ের উপরও জোর দেন মোদী।
এর পাশাপাশি আবারও ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থাকে উৎসাহিত করার কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, ডিজিটাল প্রযুক্তির কারণে এখন ভার্চুয়াল মিটিং এবং বাড়ি থেকে কাজ করা অনেক সহজ হয়েছে। সরকারি এবং বেসরকারি; দুই ক্ষেত্রেই প্রয়োজন অনুযায়ী এই ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মত তাঁর।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব ভারতের অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। সেই কারণেই বিভিন্ন রাজ্য সরকার এখন থেকেই বিকল্প প্রশাসনিক ব্যবস্থা এবং জ্বালানি সাশ্রয়ের পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করেছে। উত্তরপ্রদেশ সরকারের এই বৈঠক সেই দিকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।