প্রতীকী ছবিএকতরফা প্রেমের জেরে প্রতিবেশী মহিলার অন্তর্বাস চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরে। যা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের চিমনগঞ্জ থানা এলাকার একটি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ, একটি পরিবারের বাড়ির বাইরে দড়িতে শুকোতে দেওয়া মহিলাদের পোশাক প্রায়ই হারিয়ে যাচ্ছিল। প্রথমে বিষয়টি নিয়ে সন্দেহ থাকলেও পরে পরিবারটি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে এবং বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে।
ফুটেজে দেখা যায়, গভীর রাতে এক যুবক বাড়ির সামনে এসে চারপাশে ভালো করে দেখে নিচ্ছে কেউ আছে কি না। তারপর সুযোগ বুঝে কাপড়ের দড়ি থেকে মহিলার অন্তর্বাস খুলে দ্রুত সেখান থেকে পালিয়ে যাচ্ছে। বারবার এমন ঘটনা ঘটতে দেখে পরিবারটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেয়।
তদন্তে নেমে পুলিশ ওই যুবককে শনাক্ত করে। অভিযুক্তের নাম অঙ্কিত মালব্য (২৫)। তিনি অভিযোগকারীর প্রতিবেশী এবং একই এলাকায় থাকেন। পরে তাকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত স্বীকার করেছে যে সে ওই বিবাহিত মহিলার প্রতি একতরফা প্রেমে পড়েছিল। এবং তার প্রতি অদ্ভুত এক আসক্তি তৈরি হয়েছিল। সেই আচ্ছন্নতা থেকেই সে বারবার মহিলার অন্তর্বাস চুরি করত বলে পুলিশকে জানিয়েছে।
তদন্তে আরও জানা যায়, অভিযুক্ত যুবক নিজের বুকে ওই মহিলার নামের ট্যাটুও করিয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে বিস্ময় ও উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ নাগরিকদের সন্দেহজনক কোনও কার্যকলাপ চোখে পড়লে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানিয়েছে।