সাহিলকে মারধরের অভিযোগসোশ্যাল মিডিয়ায় নিজের মতপ্রকাশের জন্য কি প্রাণের ঝুঁকি তৈরি হতে পারে? প্রশ্ন তোলার কারণে কি কাউকে নিশানা করা হতে পারে? এই বিতর্ক নতুন করে চর্চায়। আর বিতর্কের কেন্দ্রে ইউটিউবার সাহিল। তাঁর দাবি, মুম্বইয়ে প্রাণঘাতী হামলা করা হয়েছে। এই হামলার পিছনে ধারাভির প্রায় ১২ জনের একটি দল রয়েছে বলে অভিযোগ সাহিলের। তাঁর আরও দাবি, ইসলাম নিয়ে করা মন্তব্যের কারণেই তাঁকে নিশানা করা হয়েছে।
ঘটনাটি ১৪ ও ১৫ নভেম্বরের মধ্য রাতের। ওই সময় সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন সাহিল। তাঁর মুখে আঘাতের চিহ্ন। লাইভ ভিডিওয় তিনি জানান, ১৪ নভেম্বর রাতে নবি মুম্বইয়ের ভাশিতে বন্ধুদের সঙ্গে দেখা করে ফিরছিলেন তিনি। সেই সময় কয়েক জন তাঁর উপর হামলা চালায়। সাহিলের দাবি, হামলাকারীরা মুম্বইয়ের ধারাভির বাসিন্দা। এক সময় তিনিও ওই এলাকায় থাকতেন।
সাহিলের অভিযোগ, ইসলাম নিয়ে তাঁর মতামতের কারণেই এই হামলা চালানো হয়েছে। লাইভ ভিডিওয় বার বার তাঁকে বলতে শোনা যায়, তাঁর মতো মানুষ ভারতে নিরাপদ নন। নিজের নিরাপত্তার দাবি জানিয়ে মুম্বই পুলিশ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের কাছেও সাহায্য চেয়েছেন। একইসঙ্গে আর এক প্রাক্তন মুসলিম ইউটিউবার সলিম ওয়াস্তিকের উপর হামলার প্রসঙ্গও তুলে ধরেন সাহিল।
নিজেকে ‘এক্স-এক্স মুসলিম’ বলে পরিচয় দেন সাহিল। এক্স-মুসলিম বলতে সাধারণত তাঁদের বোঝানো হয়, যাঁরা ইসলাম ধর্মে জন্মেছেন কিন্তু পরবর্তী সময়ে ইসলাম ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। আর 'এক্স-এক্স মুসলিম' হলেন সেই ব্যক্তিরা, যাঁরা এক সময় ইসলাম ছেড়ে দিলেও পরে আবার এই ধর্মে ফিরেছেন। সাহিলের জীবনকাহিনিও অনেকটা তেমনই। এমন একটি পরিবারে জন্ম হয়েছিল সাহিলের, যেখানে নিষ্ঠার সঙ্গে ইসলাম ধর্ম পালন করা হত। কিন্তু কোভিড অতিমারির সময় ইসলাম ত্যাগ করেন তিনি। পরে ২০২৫ সালের অক্টোবর মাসে সাহিল ঘোষণা করেন, ফের ইসলাম ধর্ম গ্রহণ করছেন। সেই সময় তাঁর মায়েরও মৃত্যু হয়েছিল। অনেকের অনুমান, মায়ের শেষ ইচ্ছাপূরণের জন্যই আবার ইসলাম গ্রহণ করেছিলেন। যদিও সাহিল স্পষ্ট জানিয়েছিলেন, কোনও আধ্যাত্মিক কারণে তিনি এই সিদ্ধান্ত নেননি। মায়ের শেষ ইচ্ছাপূরণের জন্য মুসলিম হিসেবে তাঁর কবরে মাটি দিয়েছিলেন।
Ex ExMuslim Sahil has been attacked in Mumbai https://t.co/Oyqmj8jBzd
— Real Islam with Sahil (@ExmuslimSahil) November 14, 2026
আপাতত এই সমস্ত অভিযোগই সাহিলের। মুম্বই পুলিশের তরফে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পুলিশ হামলার অভিযোগের সত্যতা নিশ্চিত করেনি। এমনকি এই ঘটনায় কোনও এফআইআর দায়ের হয়েছে কিনা, তা-ও স্পষ্ট নয়।
উত্তরপ্রদেশের বাসিন্দা সালিম ওয়াস্তিকও নিজেকে এক্স-মুসলিম বলে পরিচয় দেন। ইসলাম ধর্ম ত্যাগ এবং এই ধর্ম সম্পর্কে নিজের মত প্রকাশ্যে তুলে ধরেন। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সালিম বাস্তিকের উপর প্রাণঘাতী হামলা চালায় দুই ব্যক্তি। তাঁর গলা ও পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বেশ কয়েক দিন তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বাঁচেন।