হায়দরাবাদে বারকাস এলাকায় একটি প্রাচীন হনুমান মন্দিরে বিগ্রহ ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল। সোমবার ভোরে স্থানীয় বাসিন্দারা দেখেন, চন্দ্রায়নাগুট্টা থানা এলাকার ‘শ্রী দ্বিমুখী হনুমান মন্দিরে’র বিগ্রহটি ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। এই খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় পুণ্যার্থী ও বাসিন্দারা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র্যাফ (RAF)। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে মন্দিরের আশপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়ায় কোনো গুজব না ছড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। অপ্রয়োজনীয় জমায়েত রুখতে এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা বজায় রয়েছে।