উত্তরাখণ্ডের বিশ্বখ্যাত স্কিইং ডেস্টিনেশন আউলি যেন প্রকৃতির এক রহস্যময় খেলা দেখল। যে সময় সমতলে গরমের দাপট শুরু হয়েছে, ঠিক সেই সময় পাহাড়ের কোল জুড়ে নামল সাদা বরফের প্লাবন। এপ্রিলে আউলির এই তুষারপাত পর্যটকদের কাছে কোনো মহার্ঘ্য উপহারের চেয়ে কম কিছু নয়। সাধারণত মার্চ মাসের পর আউলিতে সেভাবে আর তুষারপাত দেখা যায় না। তবে এই বছরের শীতকাল ছিল কিছুটা অদ্ভুত। জানুয়ারী ও ফেব্রুয়ারি মাসের ভরা মরসুমেও এখানে বরফের আকাল দেখা দিয়েছিল, যা পর্যটক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী, সবাইকে হতাশ করেছিল। কিন্তু প্রকৃতির বিচার যেন অন্যরকম। বসন্তের বিদায়বেলায় আচমকাই আউলির আকাশ ভেঙে নামল তুষার। পাহাড়ের সবুজ ঢাল থেকে পাইন গাছের মাথা, সবই এখন সাদা চাদরে ঢাকা। বর্তমানে আউলিতে আসা পর্যটকরা উচ্ছ্বসিত।
Heavy Snowfall in Auli During April