রান্নাঘরের বাস্তু নিয়ম জেনে নিন।Kitchen Vastu Tips: বাড়ির রান্নাঘর শুধু খাবার তৈরির জায়গা নয়, বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি পরিবারের সুখ-সমৃদ্ধি এবং আর্থিক অবস্থার সঙ্গেও জড়িত। অনেক সময় অজান্তেই রান্নাঘরে এমন কিছু ভুল হয়ে যায়, যা নাকি বাস্তুদোষ তৈরি করতে পারে। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরের কিছু নিয়ম না মানলে সংসারে অশান্তি, অর্থনৈতিক সমস্যা এবং স্বাস্থ্যজনিত জটিলতা বাড়তে পারে। তাই রান্নাঘর পরিষ্কার রাখা থেকে শুরু করে জিনিসপত্রের সঠিক অবস্থান; সব কিছুতেই নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাস্তুশাস্ত্র অনুযায়ী, রান্নাঘর আদর্শভাবে দক্ষিণ-পূর্ব দিকে হওয়া সবচেয়ে শুভ বলে মনে করা হয়। কারণ এই দিককে অগ্নিকোণ বলা হয়। এই দিক আগুন এবং শক্তির প্রতীক। অনেকের বাড়িতে জায়গার অভাবে অন্যত্র রান্নাঘর তৈরি হলেও কিছু নিয়ম মেনে চললে নেতিবাচক প্রভাব কমানো সম্ভব বলে মত বিশেষজ্ঞদের।
বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরে সবচেয়ে বড় ভুলগুলির একটি হল অপরিষ্কার পরিবেশ। রাতে বাসন জমিয়ে রাখা বা নোংরা রান্নাঘর বাস্তুদোষ ডেকে আনতে পারে বলে বিশ্বাস করা হয়। এতে নাকি পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি এবং মানসিক চাপ বাড়তে পারে। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়।
চুলা এবং জলের অবস্থান নিয়েও রয়েছে বিশেষ নিয়ম। বাস্তুশাস্ত্র অনুযায়ী, গ্যাসের চুলা এবং সিঙ্ক একেবারে পাশাপাশি রাখা উচিত নয়। আগুন এবং জল; এই দুই বিপরীত শক্তি কাছাকাছি থাকলে সংসারে মতবিরোধ এবং আর্থিক অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করা হয়। যদি জায়গার অভাবে পাশাপাশি রাখতেই হয়, তা হলে মাঝখানে কাঠ বা অন্য কোনও বিভাজক রাখার পরামর্শ দেওয়া হয়।
রান্নাঘরে ভাঙা বাসন বা নষ্ট জিনিস জমিয়ে রাখাকেও অশুভ বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে, ভাঙা কাপ, প্লেট বা খারাপ ইলেকট্রনিক জিনিস নেতিবাচক শক্তি বাড়ায়। এর প্রভাব নাকি পরিবারের আর্থিক অবস্থার উপরও পড়তে পারে। তাই অপ্রয়োজনীয় বা ভাঙা জিনিস দ্রুত সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।
অনেকেই রান্নাঘরে ওষুধ রাখেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, রান্নাঘরে দীর্ঘদিন ওষুধ রাখা ঠিক নয়। এতে পরিবারের সদস্যদের অসুস্থতা বাড়তে পারে বলে বিশ্বাস করা হয়। একই সঙ্গে রান্নাঘরে আয়না লাগানোর ক্ষেত্রেও সতর্ক থাকতে বলেন বিশেষজ্ঞরা। বিশেষ করে চুলার সামনে আয়না থাকলে তা বাস্তু অনুযায়ী শুভ নয় বলে মনে করা হয়।
রান্নাঘরে আলো-বাতাসের ব্যবস্থাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্ধকার বা স্যাঁতসেঁতে রান্নাঘর নেতিবাচক শক্তির প্রতীক বলে ধরা হয়। তাই সম্ভব হলে প্রাকৃতিক আলো এবং বাতাস ঢোকার ব্যবস্থা রাখতে বলা হচ্ছে। রান্নাঘরে হালকা হলুদ, কমলা বা ক্রিম রঙ ব্যবহার করাও শুভ বলে মনে করেন বাস্তুশাস্ত্রবিদরা।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।