১৪ শাকের রেসিপি সামনেই কালীপুজো। আর তার আগেই ভূত চতুর্দশী। সেদিন ঘরে ঘরে ১৪ শাক খাওয়ার নিয়ম মা-ঠাকুমার আমল থেকে চলে আসছে। বাজার থেকে কিনে তো আনবেন, কিন্তু জানেন কি এই ১৪ শাক কীভাবে রেঁধে খেতে হয়?
কী কী উপকরণ লাগবে?
কুচি করে কাটা ১৪ শাক, একটা বড় পেঁয়াজ, একটা টমেটো, ৮-৯ কোয়া রসুন কুচি করে কাটা, ৪-৫টা কাঁচা লঙ্কা কুচি করে কাটা, সর্ষের তেল, নুন, চিনি। এছড়াও মশলায় লাগবে আমচুর পাউডার, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁটড়ো, কালো জিরে, শুকনো লঙ্কা, আদা বাটা।
তবে যদি এই ১৪ শাক নিরামিষ ভাবে খেতে চান তবে পেঁয়াজ আর রসুন না-ও দিতে পারেন।
প্রণালী
ওভেনে একটি কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিন। তেল হাল্কা গরম হলে তাতে কালো জিরে ফোড়ন দিন। সঙ্গে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিন।
হাল্কা নেড়ে নিয়ে তাতে একে একে দিয়ে দিন কাঁচা লঙ্কা কুচি, রসুন ও পেঁয়াজ কুচি। তারপর সবটা ভাল করে নাড়িয়ে কষিয়ে নিন। শেষে আধ চামচ আদা বাটা দিয়ে আবার ভাল করে নাড়ুন।
কষিয়ে নেওয়ার পর যোগ করুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। দিয়ে দিন টমেটো কুচি। পরিমাণ মতো নুন দিন। আবারও নাড়তে থাকুন। টমেটো নরম হলে ভাল করে ধুয়ে রাখা ১৪ শাক দিয়ে দিন। একটু নাড়িয়ে সামান্য নুন ও চিনি দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখুন অন্তত ২ মিনিট।
ঢাকনা খুলে দেখবেন শাক থেকে জল বেরিয়েছে কি না। বেরলে আঁচ কমিয়ে বাড়িয়ে ভাল করে কষতে থাকুন। উপর থেকে ছড়িয়ে দিন আমচুর পাউডার এবং সামান্য তেল। ব্যস আপনার ভূত চতুর্দশীর ১৪ শাক তৈরি।
১৪ শাকে কী কী থাকে?
১. ওল শাক
২. কেঁউ শাক
৩. বেতো শাক
৪. কালকাসুন্দে
৫. সর্ষে শাক
৬. নিম পাতা
৭. জয়ন্তী শাক
৮. শাঞ্চে শাক
৯. গুলঞ্চ পাতা
১০. পলতা পাতা
১১. ঘেঁটু বা ভাঁট পাতা
১২. হিঞ্চে শাক
১৩. সুষনি শাক
১৪. শালুকা