Dol Purnima In Digha Jagannath Mandir: ফলের জ্যুস দিয়ে হোলি, দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম দোলে আরও কী কী ব্যবস্থা?

দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর এই প্রথম দোল পূর্ণিমা উৎসব পালিত হবে। অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ভক্তদের জন্য। আবির খেলার সুযোগ পাবেন ভক্তরা। ফ্রুট জুস দিয়ে রাঙিয়ে তোলা হবে জগন্নাথ বিগ্রহকে।

Advertisement
ফলের জ্যুস দিয়ে হোলি, দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম দোলে আরও কী কী ব্যবস্থা?দিঘার জগন্নাথ মন্দিরে দোল পূর্ণিমা
হাইলাইটস
  • অভিনব উদ্যোগ দিঘার জগন্নাথ মন্দিরে
  • ফ্রুট জুস দিয়ে রাঙিয়ে তোলা হবে জগন্নাথ বিগ্রহকে
  • আবির খেলার সুযোগ পাবেন ভক্তরা

দিঘায় এবার অভিনব বসন্ত উৎসবের সাক্ষী থাকবেন জগন্নাথ ভক্তরা। নবনির্মিত মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে নানাবিধ আয়োজন থাকছে। বিশেষ আকর্ষণ ফলের রস দিয়ে জগন্নাথদেবকে স্নান করিয়ে হোলি খেলা। রয়েছে ভক্তদেরও আবির খেলার সুযোগ। দোল পূর্ণিমার প্রসাদও হাতে হাতে নিতে পারবেন জগন্নাথ মন্দির থেকে। bangla.aajtak.in-এ এই সবটা জানালেন মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য তথা ISCKON কলকাতার সভাপতি রাধারমন দাস। 

দোলের আনন্দ এবার কয়েকগুণ বাড়িয়ে দেবে দিঘার জগন্নাথ মন্দিরে আয়োজিত বসন্ত উৎসব। একদিন নয়, ৩ এবং ৪ মার্চ, দু'দিন ধরে বসন্ত উৎসব পালন করা হবে বাংলার এই জগন্নাথ মন্দিরে। 

দোল পূর্ণিমা ও হোলিতে কী কী হবে জগন্নাথ মন্দিরে?
> দোলের দিন, ৩ মার্চ সকাল ৬টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মন্দিরে প্রবেশ করার সুযোগ থাকবে ভক্তদের। অন্যান্য দিনে সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে এই মন্দির। 
> বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চন্দ্রগ্রহণের কারণে মন্দিরের দরজা বন্ধ থাকবে।
> গ্রহণ শেষ হলে গৌর নিতাইয়ের অভিষেক ও নতুন পোশাক পরানোর পর ফের মন্দির খোলা হবে। 
> ৩ তারিখ রাতভর চলবে কীর্তন, নাচ, গান এবং ভক্তদের জন্য থাকবে বিশেষ প্রসাদের ব্যবস্থা। ৫৬ ভোগের ব্যবস্থা থাকবে। ওড়িশি নৃত্য প্রদর্শন হবে।
> ৪ মার্চ বুধবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বিগ্রহে আবির দেওয়ার সুযোগ মিলবে ভক্তদের। নিজেদের মধ্যেও মন্দির চত্বরে আবির খেলার সুযোগ থাকবে। 

রাধারমন দাস বলেন, '৩ এবং ৪ দু'দিনই আমরা জগন্নাথ মন্দিরে রং উৎসব পালন করব। ফ্রুট জুস দিয়ে স্নান করাব ভগবানকে। এটাই অভিনবত্ব। আমরা অর্গানিক রঙের পক্ষে কথা বলি সেক্ষেত্রে ফলের রসের থেকে ভাল রং তো আর কিছু হতে পারে না। সেই রং দিয়েই ভগবানকে রাঙিয়ে দেওয়া হবে। বেদানার লাল রস, আঙুরের সবুজ, কমলালেবুর গেরুয়া, আনারসের হলুদ রস এবং দুধ ও দইয়ের সাদা রং দিয়ে ভগবানকে রাঙাব আমরা।'

Advertisement

তিনি জানান, বিগ্রহের এই রং খেলা যাতে সকল ভক্ত চাক্ষুস করতে পারেন, তার জন্য মন্দিরের বাইরের চত্বরে বিগ্রহ এনে রাখা হবে। সেখানেই হবে বসন্ত উৎসব উদযাপন। এরপর ৪ তারিখের আবির খেলার অনুষ্ঠানেও ব্যবহৃত হবে অর্গানিক ফুলের পাপড়ি শুকিয়ে তৈরি করা আবির। একইসঙ্গে এই সমস্ত অনুষ্ঠানই জগন্নাথ মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে লাইভ স্ট্রিমিং হবে। ঘরে বসেই বসন্ত উৎসব দেখতে পারবেন অগুন্তি ভক্ত। 


 

 

POST A COMMENT
Advertisement