ইদ উল ফিতর ২০২৬ বিশ্বজুড়ে মুসলিমরা প্রস্তুতি নিচ্ছেন পবিত্র উৎসব ইদ-উল-ফিতর উদযাপনের। ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবটি পবিত্র রমজান মাসের সমাপ্তি নির্দেশ করে। এটিকে ইদ উল ফিতর বা খুশির ইদও বলা হয়। তবে শুক্র না শনি, ইদ ঠিক কবে পড়েছে, সেই তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে সকলের মধ্যেই। সেই বিভ্রান্তি দূর করল নাখোদা মসজিদ।
bangla.aajtak.in-এ নাখোদা মসজিদ কর্তৃপক্ষ বলেন, 'বৈশাখ মাসের প্রথম দিনটিকে যেমন হিন্দুরা অত্যন্ত শুভ মনে করেন, পয়লা বৈশাখ পালিত হয়, তেমনই আমরা সাওয়াল মাসের প্রথম দিনটিকে পবিত্র মনে করি। ওই প্রথম দিনই ইদ উদযাপিত হয়। তার আগে ১ মাস ধরে পালিত হয় রমজান মাস। এই রমজান মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনে হয়। তবে রমজান মাস শেষ হবে তা নির্ভর করে চাঁদ দেখার উপর।'
শুক্র না শনি, ইদ কবে?
নাখোদা মসজিদ জানিয়েছে, বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে এদিনই রমজানের শেষ রোজা রাখা হবে। শুক্রবার পালিত হবে ইদ। তবে সেই সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে বৃহস্পতিবার রাতে চাঁদের দেখা না মিললে ইদ পালিত হবে আরও একদিন পর।
নাখোদা মসজিদ কর্তৃপক্ষ বলেন, 'আজ চাঁদ দেখার সম্ভাবনা ক্ষীণ। পবিত্র ইদের চাঁদ দেখার জন্য তা সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ ডিগ্রি বেশি অ্যাঙ্গেলে থাকতে হবে। কিন্তু আজ তা রয়েছে ৫ ডিগ্রি অ্যাঙ্গেলে। সেক্ষেত্রে আজ চাঁদের দেখা না-ও মিলতে পারে। তেমনটা হলে রমজান মাস ৩০ দিনে শেষ হবে। কাল চাঁদের দেখা মিললে তবে পরশু অর্থাৎ ২১ মার্চ, যা সাওয়াল মাসের প্রথম দিন হবে, সেদিন পালিত হবে ইধ উল ফিতর।'
কেন ভারতে একদিন পর চাঁদ দেখা যায়?
আমেরিকা এবং পশ্চিমী দুনিয়ার অধিকাংশ দেশ পূর্বের দেশগুলির মধ্যে ইদের দিনক্ষণের ফারাক থাকে। ভৌগলিক কারণে ভারত ও দক্ষিণ এশিয়ার অনেক দেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ইদ হয়। কারণ চাঁদ ক্ষুদ্র অর্ধচন্দ্র প্রথমে পৃথিবীর পশ্চিমাঞ্চলে দেখা যায়। তাই মধ্যপ্রাচ্যের দেশগুলি আগে চাঁদ দেখতে পারে আর পূর্বদিকে অবস্থিত দেশগুলিতে তা পরর দিন দৃশ্যমান হয়। এদিন চাঁদ রাত হতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে। সেক্ষেত্রে বৃহস্পতিবারই ইদ পালিত হবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, তুরস্কের মতো দেশগুলিতে।
যেখানে গোটা দুনিয়া সাধারণ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ৩৬৫ দিনে এক বছরের হিসেব করে। সেখানে মুসলিমরা ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ৩৫৪ দিনে এক বছর হিসেব করে। এই কারণেই ইদ-উল-ফিতর বা মুসলিমদের পবিত্র ইদের উৎসব নতুন বছর ইংরেজি ক্যালেন্ডারের হিসেবে ১১ দিন আগেই চলে আসে। এবার শীতের একদম শেষ লগ্নে পালিত হচ্ছে রমজান। জানা যাচ্ছে, এবার থেকে ক্রমশ এগিয়ে আসবে রমজান এবং ইদের সময়।
ইদের ছুটি কবে?
এ বছর রমজান শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি। রমজান ৩০ দিনে হলে ২০ মার্চ চাঁদ দেখা যাবে এবং ২১ মার্চ ইদ উল ফিতর পালিত হবে। অর্থাৎ এ রাজ্যে সরকারি ছুটি শনিবার।