Kalki Avatar Prediction: কল্কি অবতারের আগমনই কি তৃতীয় বিশ্বযুদ্ধ? ওড়িশার 'ভবিষ্যমালিকা'য় অমোঘ রহস্য

হিন্দুধর্ম: তৃতীয় বিশ্বযুদ্ধ কি ভগবান কল্কির আগমনের বার্তা দেবে? এই ভবিষ্যদ্বাণীর রহস্য জানুন।

Advertisement
কল্কি অবতারের আগমনই কি তৃতীয় বিশ্বযুদ্ধ? ওড়িশার 'ভবিষ্যমালিকা'য় অমোঘ রহস্যতৃতীয় বিশ্বযুদ্ধ কি ভগবান কল্কির আগমনের বার্তা দেবে? এই ভবিষ্যদ্বাণীর রহস্য জানুন।

বিশ্বজুড়ে যখনই যুদ্ধবিগ্রহ, অশান্তি কিংবা রাজনৈতিক অস্থিরতা চরম আকার ধারণ করে, তখনই অবধারিতভাবে প্রাচীন ভবিষ্যদ্বাণীগুলি প্রাসঙ্গিক হয়ে ওঠে। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে বহু মানুষই আশঙ্কা করছেন, পৃথিবীর বুক থেকে কি তবে পরমাণু যুদ্ধের ছায়ায় মুছে যাবে মানব সভ্যতা? এই আবহে সনাতন ধর্মের একাধিক প্রাচীন গ্রন্থে লুকিয়ে থাকা কিছু রহস্যময় ইঙ্গিত নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে জনমানসে। বিশেষ করে ওড়িশার পঞ্চসখা সন্তদের অন্যতম, মহাপুরুষ অচ্যুতা‌নন্দ দাসের লেখা ‘ভবিষ্যমালিকা’ (Bhavishya Malika) এবং তেলুগু সন্ত পোতুলুরি বীরব্রহ্মেন্দ্র স্বামীর ‘কালজ্ঞানম’ গ্রন্থে যা বলা হয়েছে, তা ভাবিয়ে তুলেছে আধুনিক গবেষকদেরও।

এই সমস্ত গ্রন্থে দাবি করা হয়েছে, মানব সভ্যতার সবচেয়ে বড় এবং অন্তিম বিনাশকারী যুদ্ধ— যা বহুলাংশে তৃতীয় বিশ্বযুদ্ধ (Third World War)-র সমতুল্য, তা আসলে কোনও সাধারণ ক্ষমতার লড়াই নয়। বরং তা হবে ধর্ম ও অধর্মের এক চূড়ান্ত মহাযুদ্ধ। আর এই মহাবিনাশের গর্ভ থেকেই আত্মপ্রকাশ করবেন ভগবান বিষ্ণুর দশম অবতার ‘কল্কি’ (Kalki Avatar)।

তৃতীয় বিশ্বযুদ্ধ ও ‘ভবিষ্যমালিকা’র হাড়হিম করা ইঙ্গিত
প্রাচীন এই পুথিগুলিতে আগামী দিনে ঘটতে চলা যুদ্ধ পরিস্থিতি নিয়ে যে সমস্ত বর্ণনা দেওয়া হয়েছে, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। ‘ভবিষ্যমালিকা’ অনুযায়ী, এই অন্তিম যুদ্ধ চলাকালীন পৃথিবীর বাতাস বিষাক্ত হয়ে উঠবে। তীব্র খাদ্য ও পানীয় জলের সংকটে হাহাকার পড়বে বিশ্বজুড়ে। প্রলয়ের এমন এক পরিস্থিতি তৈরি হবে যে, আকাশে একসঙ্গে ‘দুটি সূর্য’-এর মতো তীব্র আলোর ছটা দেখা যাবে। আধুনিক গবেষকদের একাংশের মতে, এই অলৌকিক আলো আসলে কোনও শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণ বা মহাজাগতিক উল্কাপাতের ইঙ্গিত হতে পারে।

মহাপুরুষ অচ্যূতানন্দ দাসের গণনা অনুসারে, এই ভয়ানক যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। তিনি এর সময়সীমা উল্লেখ করেছেন প্রায় ৬ বছর ৬ মাস। এই দীর্ঘ সময়ে অত্যাধুনিক ও মারাত্মক মারণাস্ত্রের ব্যবহারে বিশ্বের বহু শক্তিশালী এবং উন্নত দেশ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু এই ধ্বংসলীলার মাঝেও এক পরম আশার বাণী শুনিয়েছে ‘ভবিষ্যমালিকা’। বলা হয়েছে, যখন গোটা পৃথিবী ধ্বংসের মুখে দাঁড়াবে, তখন ভারত এক নিরাপদ আশ্রয়স্থল বা বিশ্বগুরু হিসেবে আত্মপ্রকাশ করবে। সেই সময়ে ভারতের নেতৃত্ব থাকবে অত্যন্ত শক্তিশালী এক ব্যক্তিত্বের হাতে, যাঁর হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে দেশের মান-সম্মান বহুগুণ বৃদ্ধি পাবে।

Advertisement

মর্ত্যলোকেই কি তবে ‘গুপ্ত’ রূপে রয়েছেন ভগবান কল্কি?
আমজনতার চিরাচরিত ধারণা অনুযায়ী, কলিযুগের একেবারে শেষ লগ্নে চার লক্ষ বছর পর কল্কি অবতারের আগমন ঘটবে। কিন্তু ‘ভবিষ্যমালিকা’ ও ‘কালজ্ঞানম’-এর তত্ত্ব এই ধারণার চেয়ে কিছুটা আলাদা এবং অত্যন্ত রহস্যময়। এই গ্রন্থগুলির দাবি, পাপ ও অন্যায়ের ঘড়া যখন পূর্ণ হয়ে উঠবে এবং সজ্জন ব্যক্তিদের বেঁচে থাকা দুর্বিষহ হয়ে দাঁড়াবে, তখনই প্রকাশ্যে আসবেন কল্কি।

সবচেয়ে চাঞ্চল্যকর দাবিটি হলো, ভগবান কল্কি নাকি ইতিমধ্যেই এই ধরাধামে মানব শরীরে ‘গুপ্ত’ রূপে অবস্থান করছেন! তিনি এক সাধারণ মানুষের মতোই জীবনযাপন করছেন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। সময় এলেই তিনি নিজের অলৌকিক ও দিব্য শক্তি প্রকাশ করবেন। শাস্ত্রে তাঁর যে রূপের বর্ণনা মেলে— শ্বেতশুভ্র ঘোড়ায় সওয়ার এবং হাতে বিদ্যুতের মতো উজ্জ্বল ও ধারালো তলোয়ার, সেই রূপেই তিনি অধার্মিক ও দুষ্কৃতীদের সংহার করবেন। এই ধর্মযুদ্ধে তিনি একা থাকবেন না; অদৃশ্য রূপে তাঁর সঙ্গে থাকবে পঞ্চসখা ও চৌষট্টি যোগিনীর মতো আধ্যাত্মিক শক্তি।

মহাপ্রলয়ের পর কি তবে নতুন যুগের সূচনা?
এই ধ্বংসাত্মক যুদ্ধের পর পৃথিবী এক অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী থাকবে বলে দাবি করা হয়েছে। কল্কি অবতারের হাতে কলিযুগের অন্ধকারের অবসান ঘটবে এবং সূচনা হবে এক নতুন স্বর্ণযুগ বা সত্যযুগের (Satya Yuga)। তবে এই মহাবিনাশের পর কেবল সেই সমস্ত মানুষই বেঁচে থাকবেন যাঁরা সত্য, অহিংসা, সদাচার এবং ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস বজায় রেখেছেন।

যুদ্ধোত্তর পৃথিবীতে প্রকৃতির ভারসাম্য আবার ফিরে আসবে। বায়ুমণ্ডল হবে সম্পূর্ণ দূষণমুক্ত ও ব্যাকটিরিয়ামুক্ত, ফলে অসুখ-বিসুখ কমে মানুষের গড় আয়ু বহুগুণ বেড়ে যাবে। সমাজ থেকে জাতিভেদ, হিংসা, দ্বেষ এবং ধর্মীয় সংকীর্ণতা চিরতরে মুছে যাবে। সমগ্র পৃথিবীজুড়ে কেবল একটিই শাশ্বত সত্যের জয়গান হবে, যা হলো সনাতন ধর্ম। মানুষ আবার পারস্পরিক প্রেম ও পরম শান্তির আবহে জীবন অতিবাহিত করবে। যদিও বিজ্ঞানসম্মতভাবে এই সমস্ত ভবিষ্যদ্বাণীর কোনও অকাট্য প্রমাণ মেলে না, তবুও কঠিন সময়ে সততার পথে টিকে থাকার এক আধ্যাত্মিক বার্তা দেয় এই প্রাচীন পুথিগুলি। 

POST A COMMENT
Advertisement