কালীপুজো ২০২৬জোরকদমে চলছে শ্যামাপুজোর প্রস্তুতি। পাড়ায় পাড়ায় প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। কোথাও বাঁশ বাঁধার কাজ চলছে, কোথাও আবার শেষ মুহূর্তের সাজসজ্জায় ব্যস্ত উদ্যোক্তারা। কুমোরটুলিতেও ব্যস্ততা তুঙ্গে। আলোর উৎসবে মেতে ওঠার আগে পুজোর তিথি ও নির্ঘণ্ট জেনে নিতে আগ্রহী মা কালীর ভক্তরা। অনেকেই পুজোর দিন উপোস করে সারারাত জেগে থাকেন। তাই আসুন জেনে নেওয়া যাক কবে কালীপুজো ও কখন থেকে অমাবস্যা তিথি শুরু।
ধনতেরস ও দীপাবলি
পঞ্জিকা মতে, চলতি বছরের ৬ নভেম্বর, শুক্রবার অর্থাৎ ২০ কার্তিকে পালিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ধনতেরাস। সোনা-রুপো বা নতুন বাসনপত্র কেনার জন্য বিকেল ৫টা ২৮ মিনিট থেকে সন্ধে ৭টা ২৬ মিনিট পর্যন্ত বিশেষ শুভ সময় রয়েছে। বিশ্বাস করা হয়, এই লগ্নটিতে কেনাকাটা করলে সারা বছর ধরে সংসারের সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। শনিবার পালিত হবে ভূত চতুর্দশী। এই দিন দুপুরে বাঙালির পাতে ১৪ শাক খাওয়ার রীতি রয়েছে। পাশাপাশি, সন্ধ্যা নামলে অশুভ শক্তির বিনাশ এবং পূর্বপুরুষদের স্মরণে ১৪টি প্রদীপ জ্বালানোর প্রথাও প্রচলিত।
কালীপুজোর নির্ঘণ্ট
আগামী ৮ নভেম্বর, রবিবার দেশজুড়ে পালিত হবে আলোর উৎসব দীপাবলি ও শ্যামাপুজো। কার্তিক অমাবস্যার তিথি শুরু হবে সকাল ১১টা ২৭ মিনিটে। তবে কালীপুজোর মূল নিশীথ প্রহর বা পুজোর শুভ সময় শুরু হবে রাত ১১টা ৩৯ মিনিটে। পুজো চলবে রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারকে চিরতরে মুছে ফেলে আলোয় আলোয় সেজে উঠবে চারপাশ। কোথাও মায়ের আরাধনা, কোথাও আবার দীপান্বিতা লক্ষ্মীপুজো সব মিলিয়ে ভক্তি আর উল্লাসের এক অপূর্ব মেলবন্ধন ঘটে এই রাতে।
ভাইফোঁটা ও অন্নকূট উৎসব
এরপর ১০ নভেম্বর ধুমধাম করে পালিত হবে অন্নকূট উৎসব। আর ভাইদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় ১১ নভেম্বর উদযাপিত হবে ভাইফোঁটা। নতেরাস থেকে শুরু করে ভাইফোঁটা—টানা কয়েক দিনের উৎসবকে ঘিরে এখন থেকেই সাজ সাজ রব। আলোর রোশনাই, পুজোর আনন্দ, কেনাকাটা আর পারিবারিক মিলনমেলায় উৎসবের দিনগুলি কাটাতে প্রস্তুত সকলে।