গঙ্গা নদীতে কয়েন ছুঁড়ে ফেললে সত্যিই পুণ্য লাভ হয়?ভারত-সহ সারা দেশে জলে কয়েন ছুড়ে মানত করার বা পুণ্য সঞ্চয় করার প্রবণতা রয়েছে। এদেশে গঙ্গা, যমুনার মতো নদীতে প্রায় সব ঘাটেই জলে কয়েন ছোড়ার চল রয়েছে। সকলেই চায় কিছুটা পুণ্য অর্জন করতে। আসলে ধর্মগ্রন্থে নদীতে কয়েন ফেলা সম্পর্কে কোনও বারণ করা হয়নি। ফলে এটিকে প্রায়ই ব্যক্তিগত বিশ্বাস হিসেবে দেখা হয়, কোনও ধর্মীয় নিয়ম হিসেবে নয়।
এই প্রসঙ্গে এক ভক্ত মথুরা-বৃন্দাবনের বিখ্যাত প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করেছেন, তিনি মহারাজের কাছে জানতে চান পবিত্র নদীতে মুদ্রা ছোড়া কি উচিত? এরমধ্যে কি কোনও ভুল আছে?
এর উত্তরে প্রেমানন্দ মহারাজ বললেন, “ গঙ্গা হোক বা যমুনা, এখানে এক টাকার আটা কিনে তা দিয়ে ছোট ছোট বল বানিয়ে নদীতে ফেলে দিন। নদীর প্রাণীরা, যেমন মাছ ও কচ্ছপ ওই আটা খেয়ে নেবে। গঙ্গায় টাকা ফেললে কিছুই হবে না; এমন করার কোনও শাস্ত্রীয় নির্দেশও নেই। এ সবই খেয়ালখুশির আচরণ।”
খাবার দান করুন, কয়েন না
প্রেমানন্দজি জানান, আজকাল লোকজন যা খুশি তাই করতে শুরু করেছে। নদীতে পয়সা ফেললে কোনও লাভ হয় না। এতে শুধু আমাদের নদীগুলো দূষিত হয়। আমরা ঘাটে দেখেছি, ছোট ছোট ছেলেরা নদীতে চুম্বক ছুড়ে সব পয়সা তুলে নেয়। এতে কারও কোনো উপকার হচ্ছে না। এই ছেলেরা বেশি যাত্রী চলাচল করে এমন জায়গাগুলোতে ভিড় করে।
তিনি বলেন, যদি আপনি ১০০ টাকা দান করতে চান তবে সেই টাকা না দিয়ে গরুর জন্য খড় কিনুন। অথবা কোনও অসুস্থ ব্যক্তিকে ১০০ টাকা দান করুন, কিংবা কাউকে ১০০ টাকার খাবার খাওয়ান। শুধু টাকা ছুড়ে ফেলে অপচয় করলে কোনও লাভ হবে না। তাই বিশ্বাসের পাশাপাশি বিচক্ষণতা ব্যবহার করা জরুরি, যাতে আমাদের ভক্তি সঠিকভাবে ও অর্থপূর্ণভাবে ব্যবহার হয়।