পুরীর জগন্নাথ মন্দির Jagannath Puri Rath Yatra 2026: সনাতন হিন্দু ধর্মে পুরীর জগন্নাথ ধামকে মর্ত্যের 'বৈকুণ্ঠ ধাম' বলে গণ্য করা হয়। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে মহাপ্রভু জগন্নাথ, অগ্রজ বলভদ্র এবং ভগিনী সুভদ্রার এই বিশ্বখ্যাত রথযাত্রা মহাসমারোহে উদযাপিত হয়। চলতি বছরে আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার বহুপ্রতীক্ষিত জগন্নাথ রথযাত্রা ২০২৬। আধুনিক বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দাঁড়িয়েও পুরীর এই প্রধান মন্দির এবং রথযাত্রাকে কেন্দ্র করে এমন কিছু অলৌকিক রহস্য জড়িয়ে রয়েছে, যার কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আজও দিতে পারেননি তামাম দুনিয়ার তাবড় বিজ্ঞানীরা। আধুনিক প্রযুক্তিও যেখানে এসে নিঃশর্তে আত্মসমর্পণ করে, শ্রীক্ষেত্রের সেই ৫টি পরম বিস্ময়কর রহস্যের সন্ধান রইল এই প্রতিবেদনে।
১. কেন অসমাপ্ত মহাপ্রভুর বিগ্রহ?
জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত মূর্তিগুলি অন্য পাঁচটা সনাতন মন্দিরের মতো পাথর, কষ্টিপাথর বা ধাতু দিয়ে তৈরি নয়। এগুলি নির্মিত হয়েছে নিম কাঠ (দারু) দিয়ে। শুধু তাই নয়, এই মূর্তিগুলির হাত কিংবা পা নেই, অবয়ব সম্পূর্ণ অসমাপ্ত। এর পেছনে রয়েছে এক অত্যন্ত আবেগঘন পৌরাণিক ইতিহাস।
উপাখ্যান অনুযায়ী, মালবের রাজা ইন্দ্রদ্যুম্ন যখন ভগবান বিষ্ণুর মন্দির নির্মাণ করতে চান, তখন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা এক বৃদ্ধ মূর্তিকরের ছদ্মবেশে রাজদরবারে হাজির হন। তিনি একটি শর্ত রাখেন; বন্ধ ঘরের ভেতরে তিনি একান্তে মূর্তি তৈরি করবেন, এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন সেই ঘরের দরজা না খোলেন। কিন্তু দীর্ঘ দিন ধরে ঘরের ভেতর থেকে কোনও আওয়াজ না আসায় রানী গুণ্ডিচা উৎকণ্ঠিত হয়ে পড়েন। মূর্তিকর না খেয়ে মারা গেলেন কি না, এই আশঙ্কায় তিনি রাজাকে দরজা খোলার অনুরোধ করেন। শর্ত ভেঙে রাজা দরজা খোলানো মাত্রই দেবশিল্পী বিশ্বকর্মা অন্তর্ধিত হয়ে যান। ফলে মূর্তিগুলি অসমাপ্তই থেকে যায়। এর পরই এক অলৌকিক আকাশবাণী জানিয়ে দেয়, ঈশ্বর এই রূপেই ধরাধামে পূজিত হতে চান। সেই থেকে আজও এই মায়াময় রূপেই পূজিত হচ্ছেন জগন্নাথ দেব।
২. হাওয়ার বিপরীতে ওড়ে ধ্বজা
পদার্থবিজ্ঞানের অতি সাধারণ নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে পুরীর মন্দিরের চূড়ায় থাকা লাল রঙের ধ্বজাটি সবসময় বাতাসের গতির উল্টো দিকে ওড়ে। অর্থাত্, বাতাস যে দিকে প্রবাহিত হয়, পতাকা ওড়ে তার ঠিক বিপরীত মুখে। কেন এমন বায়ুগতিবিদ্যার (Aerodynamics) উল্টো নিয়ম এখানে কাজ করে, তা আজও বিজ্ঞানীদের কাছে এক পরম রহস্য।
এখানেই শেষ নয়, ৪৫ তলা উঁচু এই মন্দিরের চূড়ায় প্রতিদিন এক জন পূজারি কোনও রকম আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই সম্পূর্ণ উল্টো দিকে চড়ে এই পতাকা পরিবর্তন করেন। লোকবিশ্বাস অনুযায়ী, যদি কোনও এক দিনও এই পতাকা পরিবর্তন করা না হয়, তবে আগামী ১৮ বছরের জন্য বন্ধ হয়ে যাবে মন্দিরের দরজা।
৩. নো-ফ্লাই জোন: ওড়ে না পাখিও
আজকের দিনে দাঁড়িয়ে আকাশচুম্বী বহুতল বা স্থাপত্যের ওপর দিয়ে পাখির ওড়া বা বিমানের যাতায়াত অত্যন্ত স্বাভাবিক ঘটনা। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে আজ পর্যন্ত কোনও পাখিকে উড়ে যেতে দেখা যায়নি। এমনকি কোনও উড়োজাহাজ বা হেলিকপ্টারও এই মন্দিরের ওপর দিয়ে উড্ডয়ন করে না। কোনও সরকারি নির্দেশিকা ছাড়াই এই মন্দির চত্বর যেন এক চিরন্তন এবং প্রাকৃতিক ‘নো-ফ্লাই জোন’।
৪. সমুদ্রের গর্জন হারিয়ে যাওয়ার ম্যাজিক
মন্দিরের চূড়ায় অষ্ঠধাতু দিয়ে তৈরি একটি বিশাল সুদর্শন চক্র রয়েছে, যাকে ‘নীলচক্র’ বলা হয়। এই চক্রটির স্থাপত্যশৈলী এমনই অলৌকিক যে, আপনি পুরী শহরের যে কোনও প্রান্ত, গলি বা কোণ থেকেই এর দিকে তাকান না কেন, মনে হবে চক্রটির সম্মুখভাগ আপনার দিকেই মুখ করে রয়েছে।
এর পাশাপাশি আরও একটি বড় রহস্য হলো সমুদ্রের গর্জন। পুরীর মন্দিরটি বঙ্গোপসাগরের একেবারে উপকূলবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় বাইরে সমুদ্রের ঢেউয়ের প্রবল গর্জন শোনা যায়। কিন্তু আশ্চর্য বিষয়, মন্দিরের প্রধান প্রবেশদ্বার বা ‘সিংহদুয়ার’-এ পা রাখার সঙ্গে সঙ্গেই সেই গর্জন আর কানে আসে না। ভেতরে এক অদ্ভুত স্বর্গীয় নীরবতা গ্রাস করে। আবার সিংহদুয়ার থেকে এক পা বাইরে আসতেই সমুদ্রের গর্জন পুনরায় স্বমহিমায় ফিরে আসে।
৫. মহাপ্রসাদ তৈরির দৈব কৌশল
জগন্নাথ দেবের রান্নাঘরকে বিশ্বের বৃহত্তম হেসেল বলা হয়। এখানে মহাপ্রসাদ তৈরির জন্য মাটির উনুন ব্যবহার করা হয় এবং একটি উনুনের ওপর পর পর ৭টি মাটির পাত্র সাজিয়ে রাখা হয়। আশ্চর্যের বিষয় হলো, আগুনের সরাসরি সংস্পর্শে থাকা নিচের পাত্রের খাবার আগে সেদ্ধ হয় না; বরং সবার ওপরে থাকা সপ্তম পাত্রের খাদ্য সামগ্রী প্রথম রান্না হয়। তার পর পর্যায়ক্রমে ওপর থেকে নিচে নামতে থাকে রান্নার প্রক্রিয়া। এছাড়া মন্দিরে প্রতিদিন লক্ষাধিক ভক্ত এলেও প্রসাদের কোনও অভাব হয় না, আবার মন্দির বন্ধের সময় এক কণা অন্নও অবশিষ্ট থাকে না বা নষ্ট হয় না।
দ্রষ্টব্য: ধর্ম সংক্রান্ত প্রতিবেদন লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।